ETV Bharat / sports

কোহলির নজির ভেঙেও দলকে সেমিতে তুলতে ব্যর্থ ফারহান, বিশ্বকাপে পাক-বিদায়

পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে প্রথম সেমিফাইনাল আয়োজনের বিষয়টিও নিশ্চিত করে ফেলল ইডেন ৷

PAKISTAN KOCKED OUT OF WC
জিতেও বিদায় নিল পাকিস্তান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 9:32 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ক্যান্ডি, 1 মার্চ: একদল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আগেই ৷ আরেক দলকে শেষ চারে জায়গা করে নিতে হলে মেলাতে হত বেশ কিছু সমীকরণ ৷ এই আবহে শনিবীসরীয় পাল্লেকেলে সাক্ষী রইল চলতি বিশ্বকাপের অন্যতম উপভোগ্য ম্যাচের ৷ যেখানে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়া সহ-আয়োজক শ্রীলঙ্কা হারল বটে, কিন্তু পাকিস্তানকেও যেতে দিল না শেষ চারে ৷

প্রথম ব্যাট করে এদিন স্কোরবোর্ডে 212 রান তুলেছিল পাকিস্তান ৷ সৌজন্য শাহিবজাদা ফারহানের বিস্ফোরক সেঞ্চুরি ৷ জবাবে শ্রীলঙ্কাকে 146 রানের মধ্যে আটকে রাখলে তবেই মিলত সেমিফাইনালের টিকিট ৷ কিন্তু সেটা করতে ব্যর্থ সলমন আলি আঘার দল ৷ অধিনায়ক দাসুন শানাকার দুর্ধর্ষ ব্যাটিংয়ে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল আয়োজক শ্রীলঙ্কা ৷ শেষপর্যন্ত 207 রানে আটকে যায় দ্বীপরাষ্ট্রের ইনিংস ৷ পাঁচ রানে জিতে সুপার-এইটে একমাত্র জয় পেলেও নেট রান-রেট বিশ্বকাপ থেকে ছিটকে দিল পাকিস্তানকে (-0.123) ৷ সমসংখ্যক পয়েন্টে (3) নিয়েই সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড (+1,390) ৷ এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পাকিস্তান ছিটকে যাওয়ায় কলকাতায় প্রথম সেমিফাইনালের বিষয়টি নিশ্চিত হয়ে গেল ৷

পাল্লেকেলেতে টস জিতে এদিন পাকিস্তানকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ করে শ্রীলঙ্কা ৷ শুরু থেকেই এদিন পাকিস্তানের তাগিদ ছিল স্পষ্ট ৷ শ্রীলঙ্কা বোলারদের আক্রমণের রাস্তায় হাঁটেন দুই পাক ওপেনার ৷ 15.5 ওভারে ওপেনিং জুটিতে ওঠে 176 রান ৷ যা পাকিস্তানের শেষ চারের সম্ভাবনা জোরালো করে তোলে ৷ ফরহর জামান 42 বলে 84 রান করে আউট হলেও সেঞ্চুরি আটকায়নি শাহিবজাদা ফারহানের ৷ কেবল সেঞ্চুরি নয়, পাক ওপেনার এদিন ভেঙে দেন টি-20 বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডও ৷ এই নজিরে তিনি পিছনে ফেলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ৷

2014 বিশ্বকাপে কোহলির 319 রান এতদিন একটি সংস্করণে ছিল কোন ব্যাটারের সর্বাধিক ৷ এদিন সেই নজির ছাপিয়ে গেলেন ফারহান ৷ শনিবারের ইনিংসের পর তাঁর নামের পাশে 383 রান ৷ এছাড়া চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিস গেইলের নজির ছুঁলেন তিনি ৷ 'ইউনিভার্স বস'-এর পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে দু'টি সেঞ্চুরি হাঁকালেন তিনি ৷ ফারহানের 60 বলে 100 রানের ইনিংসে এদিন ছিল ন'টি চার ও পাঁচটি ছয় ৷

মূলত দুই ওপেনারের ব্যাটে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 212 রান তোলে পাকিস্তান ৷ যা শেষ চারের সম্ভাবনা উসকে দিয়েছিল ৷ একসময় শ্রীলঙ্কার 101 রানে পাঁচ উইকেটও পড়ে গিয়েছিল ৷ এরপর ষষ্ঠ উইকেটে পবন রত্নায়েক ও দাসুন শানাকার প্রতিরোধ পাকিস্তানের শেষ চারের আশায় জল ঢেলে দেয় ৷ দু'জনের জুটিতে ওঠে 61 রান ৷ চারটি চার ও তিনটি ছ'য়ে 37 বলে 58 রান করেন রত্নায়েক ৷ আটটি ছ'য়ে 31 বলে 76 রানে অপরাজিত থেকে যান শানাকা ৷

শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল 28 রান ৷ শাহিন আফ্রিদির প্রথম চার বলে 22 রান তুলে নেন শানাকা ৷ কিন্তু শেষ দু'বলে কোনও রান না-আসায় পাঁচ রানে ম্যাচ হারে শ্রীলঙ্কা ৷ প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জিতে শুরু করা শ্রীলঙ্কা বিদায় নিল টানা চার ম্যাচ হেরে ৷ পাশাপাশি জিতেও মাথা নীচু করে মাঠ ছাড়লেন ফারহানরা ৷

আরও পড়ুন: