ETV Bharat / sports

ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন 999; সর্বোচ্চ 15 হাজার

বুধবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে । প্রথম থেকেই টিকিটের চাহিদা বিপুল বলে জানা গিয়েছে ।

INDIA BRAZIL FRIENDLY
ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : September 2, 2026 at 9:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মালদা 2 সেপ্টেম্বর : আর মাত্র একমাস। তারপর ব্রাজিল খেলবে কলকাতায়। প্রথমবার টিম ব্রাজিলের খেলা কলকাতার মানুষ গ্যালারিতে বসে দেখবে। ফলে টিকিট কীভাবে পাওয়া যাবে তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। এবার তা শেষ হল । বুধবার বিকেল চারটে থেকে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিট বুকিং প্ল্যাটফর্ম ডিস্ট্রিক্ট অ্যাপ-এর মাধ্যমে চলছে এই বিক্রি। সর্বনিম্ন 999 টাকা থেকে সর্বোচ্চ 15 হাজার টাকার টিকিট রয়েছে।

ইতিমধ্যে ব্রাজিল ফুটবলের প্রতিনিধিরা কলকাতায় এসে যুবভারতীর পরিকাঠামো দেখে গিয়েছেন। প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সংস্কারের জন্য। সেই মতো কাজ শুরু হয়েছে। ভারতীয় দল ঘোষণাও করে দিয়েছেন কোচ খালিদ জামিল। এই অবস্থায় টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে উঠতে শুরু করেছিল। কবে থেকে টিকিট পাওয়া যাবে। দাম কত তা নিয়েও আগ্রহ রয়েছে। অবশেষে সামনে এল টিকিট পাওয়ার সুলুক সন্ধান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন টিকিট বাজারে ছাড়ল।

টিকিটের দাম

দামের ক্ষেত্রে একাধিক পর্যায় রয়েছে। সবচেয়ে কম দামের টিকিট 999 টাকা। বি ওয়ান ও ডি ওয়ান ব্লকের একটি অংশ থেকে খেলা দেখা যাবে । এই টিকিটকে বলা হচ্ছে সিলভার । এই পর্যায়ের সর্বোচ্চ টিকিটের দাম 1500 টাকা। 2 হাজার টাকা দামের টিকিট কাটলে খেলা দেখতে হবে সি ওয়ান ব্লক থেকে । 2500 টাকা দিলে বি ওয়ান এবং ডি ওয়ান ব্লকের অন্য অংশ থেকে খেলা দেখা যাবে ।

3500 টাকায় এ ওয়ান লেফ্ট অথবা রাইট সিলভার ও সি ওয়ান লেফ্ট বা রাইট গোল্ড টিকিট রয়েছে। এ ওয়ান লেফ্ট বা রাইট ওয়ান গোল্ড-এর টিকিটের দাম 4500 টাকা। এ ছাড়া বি টু ও ডি টু-র টিকিট 6000 টাকা । সি থ্রি বিভাগের দামও একই । এ থ্রি লেফ্ট বা রাইট টিকিটের দাম 7000 টাকা এবং সি টু লেফ্ট বা রাইট টিকিটের দামও একই। এ টু লেফ্ট বা রাইটের এর টিকিটের দাম 9000 টাকা। সবচেয়ে দামি ভিআইপি টিকিটের দাম 15000 টাকা।

টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হচ্ছে। দর্শকদের টিকিটের জন্য আলাদা করে অফলাইনে রিডিম করার প্রয়োজন নেই। অ্যাপের টিকিট দেখিয়ে স্ক্যান করেই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। প্রতি ক্রেতা সর্বোচ্চ 10টি টিকিট কিনতে পারবেন এবং কেনাকাটা সম্পূর্ণ করার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হচ্ছে।