নাবালিকা শুটারকে যৌন হেনস্তার অভিযোগ, সাসপেন্ড জাতীয় কোচ
মোহালি-নিবাসী অভিযুক্ত কোচিং স্টাফ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে ফরিদাবাদের থানায় দায়ের হয়েছে অভিযোগ ৷

Published : January 8, 2026 at 1:58 PM IST
হরিয়ানা, 8 জানুয়ারি: রাজধানীর যে শুটিং রেঞ্জে অনুশীলনে পরিশীলিত হন দেশের তাবড় শুটাররা, সেই কর্ণি সিং রেঞ্জেই ঘটল ন্যক্কারজনক ঘটনা ৷ গত মাসে জাতীয় চ্য়াম্পিয়নশিপ চলাকালীন নাবালিকা শুটারকে যৌন হেনস্তার অভিযোগ উঠল জাতীয় দলের এক কোচিং স্টাফের বিরুদ্ধে ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাঁকে নিলম্বিত করেছে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশেন (NRAI) ৷ মোহালি-নিবাসী অভিযুক্ত কোচিং স্টাফ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে ফরিদাবাদের থানায় দায়ের হয়েছে অভিযোগ ৷
অভিযুক্তের নামে অভিযোগ দায়েরের খবরটি নিশ্চিত করে NRAI সেক্রেটারি রাজীব ভাটিয়া বলেন, "জাতীয় রাইফেল অ্য়াসোসিয়েশন ইতিমধ্যেই তাঁকে নিলম্বিত করেছে একইসঙ্গে শো-কজও করা হয়েছে তাঁকে ৷ নৈতিক কারণে নিলম্বিত হয়েছেন তিনি ৷" আপাতত নিজেকে নির্দোষ প্রমাণ করাই কাজ অঙ্কুশ ভরদ্বাজের ৷ যতদিন না এই ঘটনার তদন্তের কাজ শেষ হচ্ছে, ততদিন কোনওরকম কোচিংয়ের কাজে অভিযুক্ত জড়িত হতে পারবেন না বলে জানানো হয়েছে NRAI-এর তরফে ৷ পকসো আইনের (ধারা-6) পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 351(2) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা ৷
গতবছর অগস্টে অঙ্কুশ ভরদ্বাজের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করে যৌন হেনস্তার শিকার নাবালিকা ৷ গত মাসে ওই ঘটনার পর থেকে মানসিকভাবে অসুস্থ পড়েছিল সে ৷ শেষমেশ গত 1 জানুয়ারি মায়ের কাছে বিস্তারিত ঘটনা জানায় সে ৷ অভিযোগে 17 বছরের নাবালিকা শুটার জানিয়েছে, অভিযুক্ত অঙ্কুশ ভরদ্বাজ ট্রেনিংয়ের নামে তাঁকে পাতিয়ালা, দেরাদুন, বিভিন্ন জায়গায় ডেকে পাঠাতেন ৷
অভিযোগকারিনী আরও জানিয়েছে, ঘটনার দিন জাতীয় চ্য়াম্পিয়নশিপে অংশগ্রহণের পর তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন কোচ ৷ ফরিদাবাদের সূর্যকুণ্ড এলাকায় একটি হোটেলের লবিতে তাঁকে ডেকে পাঠানো হয় ৷ পরবর্তীতে সেখান থেকে নাবালিকা শুটারকে একপ্রকার জোর করে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ৷ এরপর ফিজিয়োথেরাপির অছিলায় প্রথমে শুটারের গায়ে দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ সেখানে বাধা পেলে জোরপূর্বক নাবালিকা শুটারকে যৌন হেনস্তা করেন অঙ্কুশ ভরদ্বাজ ৷
STORY | NRAI suspends national coach after minor accuses him of sexual harassment
— Press Trust of India (@PTI_News) January 8, 2026
A prominent member of India's shooting coaching staff, Ankush Bhardwaj, has been accused of sexual harassment by a minor shooter, prompting the national federation to suspend him.
READ |… pic.twitter.com/5icYKwtnTX
এখানেই শেষ নয় ৷ ঘটনাটি জানাজানি হলে নাবালিকা শুটারের কেরিয়ার শেষ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন অভিযুক্ত কোচ ৷ অভিযোগে এই সমস্ত কথাই জানিয়েছে হেনস্তার শিকার নাবালিকা ৷ NRAI সেক্রেটারি জানিয়েছেন, 2024 প্য়ারিস অলিম্পিক্সে আশানরূপ পারফরম্যান্স না-হওয়ায় পরবর্তীতে অঙ্কুশ ভরদ্বাজকে জাতীয় দলের 37 সদস্যের কোচিং স্টাফে নিযুক্ত করা হয় ৷ পেশাদার কেরিয়ারে প্রাক্তন এই পিস্তল শুটার ডোপিংয়ের জেরে ব্য়ানও হয়েছিলেন ৷ 2010 সালে নিষিদ্ধ বেটা-ব্লকার সেবন করেছিলেন তিনি ৷

