পিছিয়ে পড়লেন ফেডেরার, উইম্বলডনে এখন সর্বাধিক জয় জকোভিচের ঝুলিতে
উইম্বলডনের পুরুষ সিঙ্গলসে সর্বাধিক 106টি জয় এখন 'জোকার'-এর ঝুলিতে ৷

Published : July 6, 2026 at 3:40 PM IST
লন্ডন, 6 জুলাই: তৃতীয় রাউন্ডের ম্য়াচে ফ্রান্সের আর্থার রিন্ডারনেখ'কে হারিয়ে ছুঁয়ে ফেলেছিলেন রজার ফেডেরার'কে ৷ আর রবিবার সেন্টার কোর্টে রোমান সাফিউলিন'কে হারানোর সঙ্গে সঙ্গে 'ফেডেক্স'কে ছাপিয়ে উইম্বলডনে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ ৷ অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যামের পুরুষ সিঙ্গলসে এখন সর্বাধিক জয় 'জোকার'-এর ঝুলিতেই ৷
ফেডেরারের সর্বাধিক আটবার উইম্বলডন জয়ের নজির স্পর্শের হাতছানি রয়েছে জকোভিচের সামনে ৷ সেই লক্ষ্যে উইম্বলডনের 21তম আবির্ভাবে রবিবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হল সার্বিয়ান মহাতারকার ৷ কেরিয়ারে 25তম মেজরের খোঁজে শেষ ষোলোর ম্য়াচে এদিন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী সাফিউলিন'কে চার সেটের লড়াইয়ে হারালেন বছর উনচল্লিশের জকোভিচ ৷ কেরিয়ারের 66তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার নিশ্চিত করার পথে উইম্বলডনে এদিন 106তম জয়টি পেলেন জকোভিচ ৷ তাঁর পক্ষে ফলাফল 7-6(8-6), 6-3, 3-6, 6-3 ৷
অর্থাৎ, একটি সেটে হোঁচট খেতে হলেও সর্বাধিক জয়ের নিরিখে ফেডেরার'কে টপকে যাওয়ার অপেক্ষা দীর্ঘায়িত করলেন না জকোভিচ ৷ 105টি জয় নিয়ে উইম্বলডনে এতদিন সর্বাধিক জয়ের নজির ছিল সুইশ কিংবদন্তির ঝুলিতে ৷ যদিও পুরুষ-মহিলা নির্বিশেষে অল ইংল্যান্ড ক্লাবে সর্বাধিক জয়ের নজিরটি রয়েছে মার্টিনা নাভ্রাতিলোভার ঝুলিতে ৷ মার্কিন কিংবদন্তির ঝুলিতে রয়েছে উইম্বলডনে 120টি জয়ের নজির ৷
No man has won more matches at Wimbledon, ever.
— Wimbledon (@Wimbledon) July 5, 2026
Novak Djokovic overtakes Roger Federer's record to secure a historic 106th gentlemen’s singles win at The Championships 👑 pic.twitter.com/sJ6Ee5nt7u
সে যাইহোক ৷ এই নিয়ে 17 বার উইম্বলডনের শেষ আটে পৌঁছলেন জকোভিচ ৷ এই তালিকায় অবশ্য ফেডেরারের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছেন সার্বিয়ান ৷ পরের রাউন্ডে প্রতিযোগিতার তৃতীয় বাছাই কানাডা'র ফেলিক্স অগার-আলিয়াসিমের মুখোমুখি হবেন তিনি ৷
এদিকে মহিলা সিঙ্গলসে ছিটকে গেলেন পয়লা নম্বর আরিনা সাবালেঙ্কা ৷ রাউন্ড অব-16'য় জাপানের নাওমি ওসাকা'র কাছে হেরে প্রথম উইম্বলডন খেতাবের অপেক্ষা বাড়ল বেলারুশ-কন্য়ার ৷ ওসাকার পক্ষে রবিবার ম্য়াচের ফল 6-2, 7-6(2) ৷

