বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার কয়েকঘণ্টার মধ্যে চোটের কবলে নেইমার
আগামী 27মে বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু করছে 'সেলেকাও' শিবির ৷ সঠিক সময়ে নেইমার কি ফিট হয়ে উঠবেন ? উঠছে প্রশ্ন ৷

Published : May 21, 2026 at 3:49 PM IST
রিও ডি জেনেইরো, 21 মে: ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া ঘিরে ফুটবলমহলে জল্পনার অন্ত ছিল না ৷ শেষপর্যন্ত নিজেকে ফিট প্রমাণ করে গত সোমবার সাম্বার দেশের বিশ্বকাপকামী 26 জনের দলে জায়গা হয়েছে তাঁর ৷ নেইমার দ্য় স্যান্তোস সিলভা জুনিয়র'কে রেখেই 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ কিন্তু বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার কয়েকঘণ্টার মধ্যে নতুন করে চোট পেলেন স্যান্তোস ফরোয়ার্ড ৷ যা উদ্বেগ বাড়িয়েছে অনুরাগীমহলে ৷
বিশ্বকাপের বাকি আর সপ্তাহতিনেকের মতো ৷ তার আগে বৃহস্পতিবার কোপা সুদামেরিকানার প্রথম ম্য়াচে সান লরেঞ্জো'র মুখোমুখি হয়েছিল স্য়ান্তোস ৷ কিন্তু চোটের কারণে সেই ম্য়াচে খেলতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা ৷ স্যান্তোস মেডিক্যাল টিমের হেড রড্রিগো জোগেইব জানিয়েছেন, ডান-পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন নেইমার ৷ তবে চোট খুব একটা গুরুতর নয় বলেই দাবি করেছেন ৷ আগামী 27 মে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শিবির শুরু হচ্ছে 'সেলেকাও'দের ৷ সেই শিবিরে নেইমার শুরু থেকেই যোগ দিতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন জোগেইব ৷
ব্রাজিলের এক স্পোর্টস নেটওয়ার্ককে তিনি বলেন, "কাফ মাসলে হাল্কা চোট রয়েছে নেইমারের ৷ তবে যেভাবে সে উন্নতি করছে আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠবেন তিনি এবং জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷" জানা গিয়েছে স্য়ান্তোস রেই পেলে ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে চিকিৎসা চলছে ব্রাজিলের জার্সিতে 79টি গোল করা ফরোয়ার্ডের ৷ জাতীয় দলের চিকিৎসকদের শ্যেন দৃষ্টি রয়েছে সেখানে ৷
🚨🚨| BREAKING: Neymar suffers a calf injury during training with Santos FC, ruling him out of upcoming matches just weeks before the World Cup.
— Goals Side (@goalsside) May 21, 2026
• Injury occurred during a Santos training session, raising fresh concerns about his recent fitness struggles.
• Reports indicate… pic.twitter.com/iMrWWlQ9gf
উল্লেখ্য, 2023 সালের অক্টোবরের পর আর ইয়েলো জার্সি গায়ে চাপাননি নেইমার ৷ অর্থাৎ, আড়াই বছর বাদে সরাসরি স্যান্তোস ফরোয়ার্ডকে বিশ্বকাপের দলে নিয়েছেন কোচ কার্লো আন্সেলোত্তি ৷ কিন্তু দলঘোষণার 48 ঘণ্টার মধ্যে নতুন করে নেইমারের চোট দুশ্চিন্তায় ফেলেছে ব্রাজিলের কোচিং স্টাফেদের ৷ বিশেষ করে চূড়ান্ত দল বাছাইয়ের আগে ৷ আগামী 31 মে পানামার বিরুদ্ধে প্রীতি ম্য়াচে অংশ নেবে ব্রাজিল ৷ স্য়ান্তোস মেডিক্যাল টিমের নিশ্চয়তা সত্ত্বেও নেইমার সঠিক সময়ে শিবিরে যোগ দিয়ে সেই ম্য়াচে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে ধন্দে তারা ৷
ইএসপিএন-এর রিপোর্টে প্রকাশ, গত 17 মে রবিবার সিরি-এ'তে কর্টিবিয়া'র বিরুদ্ধে ম্যাচের পরবর্তীতে চোট পান নেইমার ৷ সম্ভবত ট্রেনিং চলাকালীনই ৷ যা কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জো'র বিরুদ্ধে ছিটকে দিল তাঁকে ৷ নেইমারহীন স্যান্তোস এদিনের ম্য়াচ 2-2 গোলে ড্র করে ৷

