কয়েক সপ্তাহ মাঠের বাইরে নেইমার, সম্ভবত নেই বিশ্বকাপের শুরুতে
প্রস্তুতি শিবিরে যোগ দিলেও সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছেন না নেইমার জুনিয়র ৷ কী ধরনের চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড ?

Published : May 29, 2026 at 12:03 PM IST
রিও ডি জেনেইরো, 29 মে: সাত-পাঁচ পর্যালোচনা করে, ফিটনেস চূড়ান্ত খতিয়ে দেখে তবেই তাঁকে বিশ্বকাপের 26 জনের দলে জায়গা দিয়েছিলেন কার্লো আন্সেলোত্তি ৷ কিন্তু দলের সঙ্গে প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে পারলেন না নেইমার জুনিয়র ৷ যা শুরু হয়েছে গত বুধবার ৷ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার পরপরই নেইমারের চোট পাওয়ার খবর সামনে আসে ৷ আর সেই কারণেই প্রাক-বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকে নেই স্য়ান্তোস ফরোয়ার্ড ৷
কাফ মাসলে চোট পাওয়ায় কমপক্ষে দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের সর্বাধিক গোলদাতাকে ৷ প্রয়োজনে তাঁর সেরে উঠতে তিন সপ্তাহও লাগতে পারে ৷ তাই প্রস্তুতি শিবিরে গরহাজির থাকাই কেবল নয় ৷ সেলেকাও জার্সিতে বিশ্বকাপের আগে জোড়া প্রস্তুতি ম্য়াচেও মাঠে নামতে পারবেন না নেইমার (31 মে ও 6 জুন যথাক্রমে পানামা ও মিশরের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্য়াচ খেলবে ব্রাজিল) ৷ এমনকী 13 জুন মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরুর ম্য়াচেও সম্ভবত পাওয়া যাবে না একদা সাম্বা ফুটবলের 'ওন্ডার কিড'কে ৷
তারকা ফরোয়ার্ডের চোটের ধরন বা প্রকৃতি সম্পর্কে অনুরাগীদের অবগত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার ৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা হয়েছে নেইমারের ৷ এমআরআই স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে কাফ মাসলে চোট পেয়েছে সে ৷ যেটা গ্রেড-টু পর্যায়ভুক্ত ৷ দু-তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা ৷"
🚨 Neymar Jr has suffered a new injury and is expected to be sidelined for 2-3 weeks after tests confirmed the setback.
— DAZN Football (@DAZNFootball) May 28, 2026
The Brazil star will miss the upcoming friendlies before the World Cup and could also be unavailable for the opening game against Morocco.#FIFAWC pic.twitter.com/b5WIuT0ePF
অনুশীলন শুরু করতে না-পারলেও তেরেসপোলিসে দলের সঙ্গে মঙ্গলবার প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র ৷ সেলেকাও জার্সিতে 128 ম্য়াচে 79 গোল করা নেইমার দেশের সর্বকালের সর্বাধিক গোলদাতা ৷ কিন্তু 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি ৷ শেষমেশ চোট-আঘাত পর্ব মিটিয়ে ফিট হয়ে আড়াই বছর পর বিশ্বকাপের স্কোয়াডে সরাসরি সুযোগ পেয়েছেন বার্সেলোনা, পিএসজি'র প্রাক্তনী ৷ কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতেই ফের চোটের আঁধারে তারকা ফরোয়ার্ড ৷
স্যান্তোসের হয়ে খেলার সময়েই এই চোট পেয়েছেন তিনি ৷ প্রাথমিকভাবে ক্লাব সূত্রে জানানো হয়েছিল নেইমারের চোট গুরুতর নয় ৷ প্রাক-বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকেই যোগ দিতে পারবেন তিনি ৷ কিন্তু বাস্তবে তা হল না ৷ ফলত 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' শুরুর আগে চওড়া হল আন্সেলোত্তির চিন্তার বলিরেখা ৷

