ETV Bharat / sports

ডাফির পাঁচ উইকেটে সিরিজে এগোল নিউজিল্যান্ড, WTC-তে ছ'য়ে নামল ভারত

চলতি ডব্লিউটিসি চক্রে প্রথম জয় পেল নিউজিল্যান্ড ৷ ছয় উইকেট নিয়ে ম্য়াচের সেরা জ্যাকব ডাফি ৷

NEW ZEALAND WIN
পাঁচ উইকেট নিলেন জ্যাকব ডাফি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : December 12, 2025 at 9:42 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ওয়েলিংটন, 12 ডিসেম্বর: প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ব্য়াটারদের স্মরণীয় লড়াইয়ে ম্য়াচ ড্র রাখলেও ওয়েলিংটনে অসহায় আত্মসমর্পণ ক্য়ারিবিয়ানদের ৷ দ্বিতীয় টেস্ট তিনদিনেরও কম সময়ে জিতে নিয়ে তিনম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড ৷ ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট নয় উইকেট জিতে নিল টম ল্যাথাম অ্যান্ড কোং ৷ কাঁধের হাড় সরে ব্লেয়ার টিকনার ছিটকে গেলেও সেই প্রভাব পড়তে দিলেন জ্যাকব ডাফি ৷ দ্বিতীয় ইনিংস পাঁচ উইকেট নিয়ে কিউয়িদের জয় সহজ করলেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার ৷ যা চলতি ডব্লিউটিসিতে (World Test Championship) তাঁদের প্রথম জয়ও বটে ৷

জয়ের জন্য এদিন নিউজিল্যান্ডের সামনে মাত্র 56 রানের লক্ষ্য়মাত্রা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ টম ল্য়াথামের উইকেট হারিয়ে যা সহজেই তুলে দিল আয়োজকরা ৷ এই জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিনে উঠে এল প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ আর নিউজিল্যান্ডের উত্থানের সঙ্গে সঙ্গে আরও অধঃপতন হল ভারতের ৷ 48.15 পয়েন্টস পার্সেন্টেজ নিয়ে নামতে নামতে ছ'য়ে টিম ইন্ডিয়া ৷ উল্লেখ্য, সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'ম্য়াচের সিরিজে চুনকাম হয়েছে ভারত ৷

সে যাইহোক ৷ দুই উইকেটে 32 রান নিয়ে তৃতীয়দিন খেলা শুরু করে অতিথি দল ৷ কিন্তু এদিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ক্য়ারিবিয়ান ব্যাটাররা ৷ অন্যদিকে জ্য়াকব ডাফি ও মাইকেল রেই'য়ের জোড়া ফলায় বিপক্ষ ব্য়াটিং-অর্ডারকে ভাঙার কাজটা সারে নিউজিল্যান্ড ৷ গতকাল অ্যান্ডারসন ফিলিপের উইকেটের পর শুক্রবার আরও চার ক্য়ারিবিয়ান ব্যাটারকে সাজঘরে ফেরান ডাফি ৷ এদিন তাঁর শিকারের তালিকায় রস্টন চেজ, জাস্টিন গ্রিয়াভেস, তেভিন ইমলাচ ও ওজাই শিল্ডস ৷ দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি ৷

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট এল অভিষেককারী মাইকেল রেই'য়ের ঝুলিতে ৷ 46.2 ওভারে মাত্র 128 রানে গুটিয়ে যায় ক্য়ারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ৷ সর্বোচ্চ 35 রান করেন কাভেম হজ ৷ রান তাড়া করতে নেমে অধিনায়ক ল্যাথাম ন'রানে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামস ৷ কনওয়ে অপরাজিত থাকেন 28 রানে ৷ উইলিয়ামস করেন 12 বলে 16* রান ৷ 10 ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য 57 রান তুলে নেয় কিউয়িরা ৷ হারের ফলে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় আরও শোচনীয় হল ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৷ সাত ম্যাচের ছ'টিতে হেরে 4.76 পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে একেবারে শেষে তাঁরা ৷

আরও পড়ুন: