বিশ্বকাপ থেকে প্রস্থান আয়োজক শ্রীলঙ্কার, কিউয়িদের জয়ে বিদায়ের আরও কাছে পাকিস্তান
2014 সালে খেতাব জয়ের পর টানা পঞ্চমবারের জন্য বিশ্বকাপে শেষ চারে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা ৷


Published : February 26, 2026 at 9:36 AM IST
কলম্বো, 26 ফেব্রুয়ারি: গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের প্রতিযোগিতার 'ডার্ক-হর্স' বলে মনে হচ্ছিল ৷ কিন্তু হারের হ্যাটট্রিক সেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেই শ্রীলঙ্কা ৷ ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে 51 রানে হারের পর সুপার-এইটের দ্বিতীয় ম্যাচে রাজধানী কলম্বোয় দ্বীপরাষ্ট্র চূর্ণ হল 61 রানে ৷ একইসঙ্গে টানা পঞ্চমবারের জন্য শেষ চারের গণ্ডি ছুঁতে ব্যর্থ হল তারা ৷
ইংল্যান্ডের মতোই নিউজিল্যান্ড স্পিনারদের ঘূর্ণির সামনে প্রেমদাসার পিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং ৷ 169 রানের টার্গেট তাড়া করে শ্রীলঙ্কা তুলল মাত্র 107 রান ৷
অথচ নিউজিল্যান্ড ইনিংসের 15 ওভার পরে এই শ্রীলঙ্কাকেই এদিন ফেভারিট দেখাচ্ছিল ৷ মাহিশা থিকশানা, দুষ্মন্ত চামিরাদের দাপটে এদিন প্রথম ব্যাট করে 84 রানে ছয় উইকেট হারায় কিউয়িরা ৷ টপ-অর্ডারের ব্যর্থতা পুষিয়ে শেষ চার ওভারে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকি ৷ দু'জনে শেষ চার ওভারে যোগ করেন 70 রান ৷
স্যান্টনার করেন 26 বলে ঝোড়ো 47 রান ৷ মারেন দু'টি চার ও চারটি ছক্কা ৷ 23 বলে 31 রানে অপরাজিত থেকে যান ম্যাকনকি ৷ তার আগে 22 বলে মূল্যবান 32 রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাটে ৷ 20 ওভারে সাত উইকেটে 168 রান তোলে নিউজিল্যান্ড ৷ তিনটি করে উইকেট নেন থিকশানা ও চামিরা ৷ তবে ব্যাট হাতে কিউয়িদের পাল্টা আক্রমণেই ম্যাচ থেকে হারিয়ে যায় শ্রীলঙ্কা ৷
রান তাড়া করতে নেমে প্রথম বলেই পাথুম নিশাঙ্কা বোল্ড হয়ে ফেরেন ম্যাট হেনরির ডেলিভারিতে ৷ তৃতীয় ওভারে চারিথ আশালঙ্কাকে ফেরান সেই হেনরি ৷ এরপর প্রেমদাসায় রাচিন-ম্যাজিক ৷ জোড়া উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলঙ্কার আরও দু'টি উইকেট একই ওভারে তুলে নিয়ে কোমর ভেঙে দেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ নবম ওভারে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে স্টাম্প হয়ে ফেরেন কুশল মেন্ডিস ও পবন রত্নায়েক ৷
Victory in Colombo 💥
— BLACKCAPS (@BLACKCAPS) February 25, 2026
Matt Henry set the tone with 2-3 off his 2 overs as Rachin Ravindra picked up 4-27 off his 4 overs 🔥
📷 = ICC/Getty#SLvNZ #T20WorldCup pic.twitter.com/VlGbcNBdfu
একাদশ ও ত্রয়োদশ ওভারে রাচিনের শিকার যথাক্রমে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা ও দুশন হেমন্ত ৷ 59 রানে ছয় উইকেট হারানো শ্রীলঙ্কার ফের একশো পেরনো নিয়ে সংশয় তৈরি হয় ৷ শেষমেশ একশো পেরোলেও লক্ষ্যমাত্রার ধারেকাছে আর পৌঁছনো হয়নি সহ-আয়োজকদের ৷ সর্বাধিক 23 বলে 31 রান করে মিচেল স্যান্টনারের শিকার হন কামিন্দু মেন্ডিস ৷ দুনিথ ওয়েলালাগে করেন 23 বলে 29 রান ৷ 20 ওভারে আট উইকেটে 107 রানে শেষ হয় দ্বীপরাষ্ট্রের ইনিংস ৷
ব্যাট হাতে মূল্যবান ইনিংসের পর 27 রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র ৷ এই জয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা জোরালো করল নিউজিল্যান্ড ৷ অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের ৷ সেমিতে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সলমন আঘাদের শুধু জিতলেই হবে না ৷ মুখাপেক্ষী হয়ে থাকতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হারের দিকে ৷ সেখানেই শেষ নয় ৷ তারপর রান-রেটের বিচারে শেষ চারে পা রাখবে নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের মধ্যে কোনও এক দল ৷ 61 রানে বিরাট জয়ে যা (রান-রেট) এদিন মজবুত করে নিয়েছে নিউজিল্যান্ড ৷

