ETV Bharat / sports

স্টেট চ্যাম্পিয়নশিপে সাফল্যের উদযাপন উত্তর 24 পরগনা জেলা টেবল টেনিস সংস্থার

রাজ্য টিটি চ্যাম্পিয়নশিপে দক্ষিণবঙ্গের প্যাডলাররা সিঙ্গলসে দাপট দেখিয়েছে ৷ যার নেতৃত্বে বেলঘরিয়া অ্যাথলেটিক্স ক্লাব এবং নৈহাটির মিহির ঘোষ টেবল টেনিস অ্যাকাডেমি ৷

N 24 PARGANAS TT TEAM
সংবর্ধিত উত্তর 24 পরগনা টিটি দল (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : November 30, 2025 at 9:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 নভেম্বর: সদ্যসমাপ্ত রাজ্য চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্য উত্তর 24 পরগনা দলকে সংবর্ধিত করল সেই জেলার টেবল টেনিস সংস্থা। জেলা টেবিল টেনিস সংস্থার সচিব শান্তনু সাহা, ক্রীড়াগুরু মিহির ঘোষ, আর্ন্তজাতিক টেবল টেনিস কোচ প্রসেনজিৎ সরকার, জাতীয় কোচ মৌসুমী পাল, সংস্থার ভাইস-প্রেসিডেন্ট সুব্রত নন্দীর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷

শিলিগুড়িতে রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে নানা অব্যবস্থা সত্ত্বেও দক্ষিণবঙ্গের প্যাডলাররা সিঙ্গলসে দাপট দেখিয়েছে ৷ আর সেই দাপটের নেতৃত্বে বেলঘরিয়া অ্যাথলেটিক্স ক্লাব এবং নৈহাটির মিহির ঘোষ টেবল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থীরা ৷ পুরুষদের সিঙ্গলসে খেতাব হুগলির আকাশ পালের ৷ তিনি 4-1 গেমে উত্তর 24 পরগনারই অনিকেত সেন চৌধুরীকে হারিয়ে শিরোপা জেতেন ৷ রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পরেই আকাশ পাল চিনে বিশ্ব মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উড়ে গিয়েছেন ৷ সেখানে ভারতীয় দলের কোচের দায়িত্বে সৌরভ চক্রবর্তী।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে রয়েছেন মণিকা বাত্রা, দিয়া চাতালে, মানব ঠক্কর, জি সাথিয়ানের মত চেনা মুখ ৷ এছাড়াও রয়েছেন স্বস্তিকা ঘোষ, যশস্বীনি ঘোড়পাড়ে, প্রয়াস জৈনের মত তরুণ প্যাডলাররা ৷ সেখানে বাংলার মুখ বলতে আকাশ পাল এবং কোচ সৌরভ চক্রবর্তী।

রাজ্য চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে খেতাব উত্তর 24 পরগনার মুনমুন কুণ্ডুর ঝুলিতে ৷ তিনি 4-3 গেমে হুগলির পয়মন্তী বৈশ্যকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন ৷ অনূর্ধ্ব-19 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হুগলির রূপম সর্দার ৷ সে 4-2 ব্যবধানে উত্তর কলকাতার সোহম মুখোপাধ্য়ায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ৷ এই বিভাগে মেয়েদের চ্যাম্পিয়ন উত্তর কলকাতার আবিশা কর্মকার ৷ সে 4-0 গেমে সৌম্যা দাসকে হারিয়ে সহজেই খেতাব জিতে নেয়।

অনূর্ধ্ব-17 বিভাগে অবশ্য চ্যাম্পিয়ন উত্তর কলকাতার সোহম মুখোপাধ্য়ায় ৷ সে 4-3 গেমে দক্ষিণ কলকাতার সৌনভ বর্মনকে হারিয়ে খেতাব জেতে। এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে জোড়া খেতাব আবিশা কর্মকারেরও ৷ অনূর্ধ্ব-17 মেয়েদের বিভাগেও খেতাব আবিশার ৷ সে 4-1 গেমে উত্তর 24 পরগনার আরোহি রায়কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ৷

অনূর্ধ্ব-15 বালক বিভাগে উত্তর কলকাতার ঋশান চট্টোপাধ্যায় 3-1 গেমে উত্তর কলকাতারই রুদ্রনীল জানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৷ এই বিভাগে চ্যাম্পিয়ন উত্তর 24 পরগনার অহনা রায় ৷ রানার্স বেঙ্গল টেবল টেনিস অ্যাকাডেমির শ্রেয়সী চক্রবর্তী।

আরও পড়ুন: