ETV Bharat / sports

আইএসএলে মিনি ডার্বি, গোলসংখ্যাকে আমল দিতে নারাজ লোবেরার লক্ষ্য শুধুই জয়

ছোট লিগে রোটেশন পদ্ধতিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন না লোবেরা ৷

ISL MINI DERBY
অনুশীলনে মোহনবাগান ফুটবলাররা (MBSG MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 3:39 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নিজেদের ফেভারিট মেনে নিলেও নব্বই মিনিটের লড়াই সহজ হবে না ৷ জানিয়ে দিলেন সার্জিয়ো লোবেরা ৷ শনিবার যুবভারতীতে চলতি আইএসএলের প্রথম মিনি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান বনাম মহামেডান ৷ খাতায়-কলমে যেখানে হট ফেভারিট সবুজ-মেরুন ৷ সাম্প্রতিক অতীতে লিগের পারফরম্য়ান্স সঙ্গে চলতি মরশুমেও প্রথম দু'ম্যাচে দাপুটে জয় সেই সাক্ষ্য বহন করে ৷ গোলের ব্যবধান বড় না-হলেও দলের জয়ের ধারাবাহিকতায় খুশি বাগানের নবাগত কোচ লোবেরা ৷ তবে আত্মতুষ্ট নন তিনি। আত্মসন্তুষ্টির ভাইরাস তিনি সাজঘরে ঢুকতে দিতেও নারাজ ৷ সতর্কতা এবং সমীহকে আশ্রয় করে প্রতিপক্ষ মহামেডানকে গুরুত্ব দেওয়ার কথা বারবার বলছেন তিনি ৷

চলতি আইএসএলের অন্যতম ধূর্ত স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে পাশে নিয়ে সবুজ-মেরুন হেডস্যর জানালেন প্রত্যেকটি দল, প্রত্যেকটি ম্যাচ কঠিন ৷ একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ ৷ তাই মহামেডান স্পোর্টিং এখনও পয়েন্টের দেখা না-পেলেও সতর্ক 'মেরিনার্স'। লোবেরার কথায়, "জামশেদপুরের বিরুদ্ধে ওরা মাত্র এক গোলে হেরেছে ৷ ওরা যে যথেষ্ট লড়াই করেছে, সেটা সবাই দেখেছে ৷ ভুলে যাবেন না ওরাও খেলতে এসেছে ৷ এই আইএসএলে প্রত্যেকটি দল শক্তিশালী ৷ প্রতিটি ম্যাচ কঠিন এবং চ্যালেঞ্জিং ৷ তাই সতর্ক থাকতে হবে ৷"

সাংবাদিক সম্মেলনে সার্জিয়ো লোবেরা (ETV Bharat)

বাগান কোচের সংযোজন, "শেষ দু'টো ম্যাচে আমরা বড় ব্যবধানে জিততে পারিনি ৷ তবে গোলের সুযোগ তৈরি হওয়ার উপর জোর দিয়েছি ৷ গোলের সুযোগ তৈরিও হয়েছে ৷ ফুটবলাররা ছন্দে ৷ আমি প্রথম দু'ম্যাচের পারফরম্যান্সে খুশি।" এবারের আইএসএলে তিন বিদেশিকে আক্রমণে রেখে রণকৌশল সাজাচ্ছেন লোবেরো ৷ ম্যাকলারেন তাঁর স্কোরিং-বুট খুঁজে পেয়েছেন ৷ দিমিত্রি পেত্রাতোসও ভালো খেলার পাশাপাশি গোলের দরজা খুঁজে পেয়েছেন ৷ ছন্দে ফিরছেন রবসন রবিনহো ৷ মাঝমাঠে আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদদের পারফরম্যান্স দেখে ইতিমধ্যে লোবেরার উপলব্ধি, তাঁর দলের মিডফিল্ডাররা বিদেশি মিডফিল্ডারদের সমান ৷ ফলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেড গোলের উৎসবে মাতবেন বলে সকলে ধরে নিচ্ছেন ৷ কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী লাল-হলুদ ইতিমধ্যেই দু'ম্যাচে সাত গোল করেছে ৷ লোবেরা অবশ্য গোলসংখ্যার পিছনে ছুটতে নারাজ ৷ তাঁর কাছে তিন পয়েন্টই শেষ কথা ৷ এমনকী ছোট লিগে রোটেশনের পিছনেও ছুটতে নারাজ তিনি ৷

লোবেরা বলছেন, "এই ধরনের ছোট লিগে প্রথম এগারো বেছে ফেলা সবচেয়ে আগে দরকার ৷ দ্রুত সেই কাজটাই আমরা করে ফেলার চেষ্টা করছি ৷ তাই রোটেশন পদ্ধতির ভাবনা আমাদের নেই ৷" সবমিলিয়ে নিঃশব্দ আগ্রাসনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ভাবনায় লোবেরা এবং তাঁর সবুজ-মেরুন ব্রিগেড ৷ অন্যদিকে মহামেডান স্পোর্টিং এবং কোচ মেহরাজউদ্দিন ওয়াডু যেন চলতি আইএসএলে তালপাতার সেপাই ৷ বিদেশিহীন মধ্যমানের ভারতীয় ব্রিগেড নিয়ে লড়াইটাই একমাত্র সম্বল তাদের ৷

আরও পড়ুন: