ETV Bharat / sports

দর্শক অভব্যতায় ক্ষুব্ধ ফেডারেশন, মোহনবাগানের পরবর্তী ম্য়াচ ফাঁকা গ্যালারিতে !

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে বাগান সমর্থকদের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠেছিল ৷ সেই পরিপেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করেছে ফেডারেশন ৷

MOHUN BAGAN
মোহনবাগান গ্যালারি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 3:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 মার্চ: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে অখুশি মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বাগান সমর্থকদের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠেছিল ৷ সেই পরিপেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি । আর্থিক জরিমানা তো করা হয়েইছে ৷ পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টকে শুক্রবার ওড়িশা এফসি'র বিরুদ্ধে হোম ম্যাচ ফাঁকা স্টেডিয়াম আয়োজনের নির্দেশে দিয়েছে ফেডারেশন ৷

কিন্তু ফেডারেশনের সিদ্ধান্তে তীব্র বিরোধিতায় মোহনবাগান ৷ সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট আর্থিক জরিমানা দিতে রাজি হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে চরম অসন্তোষ প্রকাশ করেছে ৷ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আর্থিক জরিমানার শাস্তি মেনে নিয়েছে ৷ তবে স্টেডিয়ামের দরজা বন্ধ করে ম্যাচ আয়োজনের বিষয়টি কোনওভাবেই তারা সমর্থন করছে না ৷ মোহনবাগান ম্যানেজমেন্টের দাবি, স্টেডিয়াম বন্ধ রেখে ম্য়াচ আয়োজন করতে হলে সমর্থকরা অন্যায়ভাবে শাস্তির মুখে পড়বেন ৷ কারণ সমর্থকরাই ক্লাবের প্রাণ ৷ তাদের মাঠে ঢোকার অধিকার কেড়ে নেওয়া উচিত নয় বলে মনে করছে বাগান কর্তৃপক্ষ ৷

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফেডারেশনের কাছে তারা আবেদন করেছেন ৷ তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি বলে মোহনবাগানের তরফে জানানো হয়েছে ৷ ক্লাবের বক্তব্য, ফুটবল সমর্থকদের জন্যই ৷ তাদের স্বার্থ ও আবেগের কথা বিবেচনা না-করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ৷ এদিকে ফাঁকা স্টেডিয়ামে ম্য়াচ আয়োজনের খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে ৷ পয়েন্টস টেবলে সবার উপরে থাকা মোহনবাগান টানা চতুর্থ ম্যাচ জয়ের সামনে ৷ গুরুত্বপূর্ণ সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে হলে সেভাবে উন্মাদনা পাওয়া যাবে না ৷ কারণ, দর্শক উন্মাদনা ফুটবলারদের উদ্দীপ্ত করতে দ্বাদশ ব্যক্তির কাজ করে থাকে ৷ ফুটবলাররাও তা স্বীকার করে নেন ৷ সবমিলিয়ে ফেডারেশনের সিদ্ধান্তে বাগানে চরম অসন্তোষ ৷

এদিকে রবসন রবিনহোর চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে ৷ তার রিপোর্ট না-আসলেও প্রাথমিকভাবে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন দলের ফিজিয়ো ৷ তবুও মনে করা হচ্ছে শুক্রবার ওড়িশা এফসি'র বিরুদ্ধে গত ম্য়াচের জোড়া গোলদাতা রবসন অনিশ্চিত ৷ ওই ম্যাচেই 38 মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য উঠে যেতে বাধ্য হয়েছিলেন ব্রাজিলিয়ান ৷

আরও পড়ুন: