আক্রমণাত্মক ফুটবলে চেন্নাইয়িন কাঁটা তুলতে চান লোবেরা
আইএসএলে কয়েকটি দল ছাড়া বাকিরা পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ভুগছে, এহেন তত্ত্ব মানতে নারাজ বাগান কোচ ৷

Published : February 22, 2026 at 5:53 PM IST
কলকাতা, 22 ফেব্রুয়ারি: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরুর ম্যাচে জয় এলেও মন ভরেনি মোহনবাগানের ফুটবলে ৷ সোমবার সন্ধেয় চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় ম্য়াচে জয়ের সঙ্গে সঙ্গে গুণগত মানেও যাতে ফাঁক না-থাকে, সেদিকে নজর বাগানের নয়া কোচ সার্জিয়ো লোবেরার ৷ আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে তাই চেন্নাইয়িন এফসি কাঁটা তুলতে চাইছেন স্প্য়ানিয়ার্ড ৷
13 ম্যাচের লিগে প্রত্যেকটি খেলাই গুরুত্বপূর্ণ ৷ চেন্নাইয়িন ম্য়াচের আগেরদিন নবাগত অময় রানাওয়াডেকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ এবারের আইএসএলে কয়েকটি দল ছাড়া বাকিরা পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ভুগছে ৷ মোহনবাগান হেডস্যর অবশ্য সেকথা মানতে নারাজ ৷ তাঁর কথায়, "এবারের লিগ ছোট ৷ প্রতিদ্বন্দ্বিতাও যথেষ্ট ৷ সুতরাং, অন্য দলগুলো প্রস্তুত নয় একথা ভাবা সঠিক নয় ৷ প্রতিটি দলই যথেষ্ট তৈরি হয়েই নামছে ৷ ফলে সতর্ক না-হলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে ৷ আমরা আমাদের দলকে নিয়েই চিন্তা করছি ৷"
প্রথম ম্যাচে মোহনবাগান দু'গোলে জিতলেও টম আলড্রেড ইনস্যুরেন্স গোল পেয়েছিলেন ম্যাচের সংযুক্তি সময়ে । লোবেরা জানালেন, সংযুক্তি সময় নয় ৷ ম্যাচটা দখলে নিতে চাইলে দ্বিতীয় গোল নব্বই মিনিটের মধ্যেই করতে হবে ৷ প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি দলে বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছে ৷ যাঁদের মধ্যে অঙ্কিত মুখোপাধ্য়ায়, প্রীতম কোটালের মত কলকাতায় একসময় দাপিয়ে খেলে যাওয়া ফুটবলাররাও রয়েছেন ৷ এরমধ্য়ে দ্বিতীয়জন তো মোহনবাগানকে আইএসএল জয়ে নেতৃত্ব দিয়েছেন কয়েক বছর আগে ৷ পাশাপাশি নয়া কয়েকজন বিদেশি ফুটবলারের মধ্যে চেন্নাইয়িন দলে আলবার্তো নগুয়েরা আইএসএলের পরিচিত মুখ ৷
CFC encounter on our minds 🔜🧠⚽#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/0PYEOJFvRO
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 21, 2026
সুতরাং, লোবেরা সব প্রতিপক্ষের মত চেন্নাইয়িনকেও সমীহ করছেন ৷ প্রথম ম্যাচের পারফরম্যান্সের বিচারে কোনও ফুটবলারকে নিয়ে সিদ্ধান্তে না-পৌঁছনোর কথাও বলছেন ম্যাকলারেনদের হেডস্যর ৷ রবসন রবিনহো প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে আহামরি ফুটবল খেলতে পারেননি ৷ জয় এলেও আরও কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে ৷ আপাতত প্রথম ম্যাচের নিরিখে সিদ্ধান্ত না-নিলেও দলের প্রায় প্রতিটি বিভাগে যে উন্নতি দরকার, তা মেনে নিয়েছেন লোবেরা ৷ চেন্নাইয়িন ম্য়াচের আগেরদিন অনুশীলনে সেটপিসে জোর দিলেন স্প্যানিশ ভদ্রলোক ৷ এছাড়াও ফিটনেসে বাড়তি নজর দিলেন তিনি ৷ কারণ, গত ম্য়াচে 60 মিনিটের পর বাগান ফুটবলারদের স্লথ দেখিয়েছিল ৷ সেই সমস্যা দূর করতেই ফিটনেসে জোর দেওয়ার কথা বলছেন লোবেরা ৷
গত ম্য়াচের মতোই রবসন, পেত্রাতোস, ম্যাকলারেনের ত্রিফলায় প্রতিপক্ষকে ভাঙার নীল-নকশা সবুজ-মেরুনে ৷ রক্ষণে আলবার্তো এবং আলড্রেড পালা করে খেলেছেন ৷ চার বিদেশিতে একাদশ সাজাতে গিয়ে মাঝমাঠে বিদেশি মিডফিল্ডার নেই ৷ ফলে বল সরবরাহের জন্য ভারতীয়দের উপর নির্ভর করতেই হচ্ছে লোবেরাকে ৷ দলে সদ্য যোগ দিয়েছেন অময় রানাওয়াডে ৷ দীর্ঘদিন পরে প্রতিযোগিতামূলক ম্য়াচে নামতে চলায় কঠিন চ্যালেঞ্জের কথা তাঁর মুখে ৷ সবমিলিয়ে কেরালা ম্যাচের ভুল শুধরে চেন্নাইয়িনের বিরুদ্ধেও জয়ের ছক বাগান কোচের ৷

