ETV Bharat / sports

জেমি-দিমির গোলে চেন্নাইয়িনকে হেলায় হারাল মোহনবাগান

বহুদিন বাদে গোল পেয়ে যুবভারতীতে স্টেইনগান সেলিব্রেশন ফেরালেন দিমিত্রি পেত্রাতোস ৷

MOHUN BAGAN WIN
গোলের পর সেলিব্রেশনে মোহনবাগান ফুটবলাররা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 9:41 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বহুদিন পর আইএসএল পয়েন্টস টেবলে প্রথম দু'টি স্থানে কলকাতার দুই প্রধান ৷ যা ভালো বিজ্ঞাপন বাংলার ফুটবলের জন্য ৷ এতদিন আইএসএল মোহনবাগানের দাপট দেখলেও ইস্টবেঙ্গল ছিল পিছিয়ে ৷ কিন্তু চলতি মরশুমে প্রথম দু'ম্যাচে দাপুটে জয়ে আপাতত শীর্ষে লাল-হলুদ ৷ সোমবার চেন্নাইয়িন এফসি'কে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের পর দ্বিতীয়স্থানে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ প্রথম ম্য়াচের মতো ঘরের মাঠে এদিনও 2-0 গোলে জিতল সবুজ-মেরুন ৷

প্রতিপক্ষ রক্ষণের চক্রব্যূহ ভেদ করে গোল তুলে নেওয়ার মধ্যেই মোহনবাগানের সাফল্য লুকিয়ে ৷ সোমবার সন্ধেয় যুবভারতীতে সেই কাজটাই করে গেলেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস ৷ জেমি প্রথম ম্য়াচে গোল করলেও বহুদিন পর বাগান জার্সিতে গোল পেলেন দিমি ৷ গোলের পর ফিরল তাঁর স্টেইনগান সেলিব্রেশনও ৷

হোসে মোলিনার আমলে বাগান ফুটবলারদের যে দাপট খোলা চোখে দেখা যেত, সার্জিয়ো লোবেরার আমলে সেই দাপট হয়তো দেখা যাচ্ছে না ৷ তবে আধিপত্যের ব্যাটন সবুজ-মেরুন ফুটবলাররা কার্যত শুরু থেকেই তুলে নিচ্ছেন ৷ আসলে আক্রমণ এবং রক্ষণের সামঞ্জস্যপূর্ণ তালমিলের ফসল লোবেরার ফুটবল কৌশলে ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ে এদিন অনিরুদ্ধ থাপার ফরোয়ার্ড-পাস ধরে জেমি ম্যাকলারেন দলের হয়ে প্রথম গোলটি করেন ৷ তার আগে লিস্টন কোলাসোর একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ আরেকটি চেন্নাইয়িন গোলরক্ষক দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচান ৷

বিরতির পরও একই ছবি ৷ ফলশ্রুতিতে 65 মিনিটে শুভাশিস বসুর মাপা সেন্টার থেকে পেত্রাতোস জোরালো শটে 2-0 করেন ৷ অজি স্ট্রাইকার বাগানে তাঁর পুরনো ছন্দের খোঁজে ৷ চেন্নাইয়িন রক্ষণের চক্রব্যূহে আটকে না-গিয়ে ফাটল ধরানোর চেষ্টা করে গেলেন বারংবার ৷ তবে জেমি-দিমির গোলের দিনে রবসন রবিনহো গত ম্য়াচের মতোই নিষ্প্রভ ৷ যা চিন্তায় রাখবে লোবেরাকে ৷ সারা ম্যাচে একবারই চেন্নাইয়িন রক্ষণকে সমস্যায় ফেলেছিলেন ব্রাজিলিয়ান ৷ বাকি সময় তাঁকে চিনতে হল জার্সি নম্বরে ৷ তবে দারুণ খেললেন থাপা ও কোলাসো ৷

অন্যদিকে টালমাটাল ভারতীয় ফুটবলের পরিস্থিতিতে ক্লিফোর্ড মিরান্ডা প্রশিক্ষণাধীন চেন্নাইয়িন দল তৈরিই নয় ৷ পুরনো কিছু নাম দলে থাকলেও দেশীয় ফুটবলের অস্থির পরিস্থিতিতে তাঁরাও ভিজে বারুদ ৷ নব্বই মিনিটে মোহনবাগান রক্ষণকে একবারের জন্য অস্বস্তিতে ফেলতে পারেনি তারা ৷ ফলে বিশাল কাইথ নির্বিঘ্নে কাটালেন সন্ধেটা ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে লোবেরা জানিয়েছিলেন, নব্বই মিনিটের মধ্যে একাধিক গোলই লক্ষ্য তাঁর ৷ সেই কাজে দল সফল ৷ প্রতিপক্ষের আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল এড়িয়ে পরপর দু'টো ম্যাচে অনায়াসে জয় সবুজ-মেরুন সমর্থকদেরও স্বস্তি দেবে ৷

আরও পড়ুন: