সানান'কে নিয়ে জল্পনার মাঝে জামশেদপুরের আরেক প্রাক্তনীকে সই করাল ইস্টবেঙ্গল
সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে একটি ম্য়াচে হ্যাটট্রিক-সহ চার গোল করেছেন রেনিয়ার ফার্নান্ডেজ ৷

Published : August 30, 2026 at 12:36 PM IST
কলকাতা, 30 অগস্ট: তরুণ প্রতিভাবান উইঙ্গার মহম্মদ সানান কি ইস্টবেঙ্গলে যোগ দেবেন ? বিষয়টি এখনও জল্পনার স্তরে থাকলেও জামশেদপুর এফসি'তে সানানের এক সতীর্থকে চুপিসারে সই করিয়ে নিল গত মরশুমে আইএসএল এবং চলতি মরশুমে ডুরান্ড চ্যাম্পিয়নরা ৷ মাঝমাঠ শক্তিশালী করতে ভারতীয় ফুটবল সার্কিটের অভিজ্ঞ মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ'কে দলে নিল ইস্টবেঙ্গল ৷
রবিবার সকালে ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণাও করে দেওয়া হয়েছে ৷ একবছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি, এফসি গোয়ায় খেলা এই সেন্ট্রাল মিডফিল্ডারকে তুলে নিল লাল-হলুদ ৷ কেরিয়ারের মধ্যগগন পেরিয়ে এসেছেন অবশ্যই ৷ কিন্তু অভিজ্ঞতার নিরিখে বছর তিরিশের রেনিয়ারের সংযুক্তি আন্তোনিও লোপেজ হাবাসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে নিঃসন্দেহে ৷ দানিশ ফারুখ, রোহিত কুমারের পর চলতি মরশুমে আরও একটি মাঝমাঠের ভারতীয় ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল ৷
গত মরশুমে এফসি গোয়া'র হয়ে আইএসএলে 11টি ম্য়াচ খেলেছিলেন রেনিয়ার ৷ এরপর চলতি মরশুমের শুরুতে জামশেদপুর এফসি'তে যোগ দিয়েছিলেন জাতীয় দলের হয়ে পাঁচ ম্য়াচ খেলা মিডফিল্ডার ৷ ডুরান্ড কাপে একটি হ্যাটট্রিক-সহ চারটি গোল করেছেন তিনি ৷ এরপর টাটা গোষ্ঠীর মালিকানাধীন ক্লাবটি চার্চিল ব্রাদার্সের কাছে তাদের ইকুইটি শেয়ার 'বিক্রি' করলেও সানানের মতো অন্য়ান্য কয়েকজন ফুটবলারের সঙ্গে রেনিয়ারও গোয়ার ক্লাবে যেতে রাজি হননি ৷ বরং জামশেদপুরের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে দলবদলের বাজারে অংশ নিয়েছিলেন ৷ শেষমেশ আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দলে নিল তাঁকে ৷
কেরিয়ারের শুরুতে মোহনবাগানের জার্সিতেও খেলেছেন রেনিয়ার ৷ এরপর মুম্বই সিটি এফসি'তে কেরিয়ারের অধিকাংশ সময় অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই মিডফিল্ডার ৷ 2020-2021 মরশুমে আইল্য়ান্ডার্সের হয়ে আইএসএল কাপ ও শিল্ড জিতেছেন রেনিয়ার ৷ মুম্বইয়ের পর তাঁর গন্তব্য ছিল ওড়িশা এফসি ৷ 2022-23 মরশুমে ওড়িশা এফসি'র হয়ে সুপার কাপও জিতেছেন তিনি ৷ এরপর 2023-24 মরশুমে রেনিয়ার'কে দলে নেয় এফসি গোয়া ৷ 2024-25 মরশুমে ফের ওড়িশায় প্রত্যাবর্তন হয় তাঁর ৷ পরবর্তীতে ফের এফসি গোয়া এবং জামশেদপুর ঘুরে ফের কলকাতায় রেনিয়ার ৷
এখন দেখার রেনিয়ারের পর সানান'কেও চুক্তিবদ্ধ করতে পারে কি না লাল-হলুদ ৷ পাশাপাশি ষষ্ঠ বিদেশি হিসেবে ইকের গুয়ারেক্সেনা'র নাম ভেসে উঠলেও স্প্যানিশ ফরোয়ার্ড স্পেনের চতুর্থ ডিভিশন ক্লাবে যোগ দিয়েছেন শনিবার ৷ তাই ষষ্ঠ বিদেশির খোঁজও জারি ইস্টবেঙ্গলে ৷

