দু'দিনে শেষ বক্সিং-ডে টেস্ট, মেলবোর্নের বাইশ গজকে ডিমেরিট পয়েন্ট দিল 'অসন্তুষ্ট' আইসিসি
মেলবোর্নে দু'দিনে শেষ হওয়া বক্সিং-ডে টেস্ট 36টি উইকেটের পতন দেখেছে ৷

Published : December 29, 2025 at 5:21 PM IST
হায়দরাবাদ, 29 ডিসেম্বর: বোলারদের জন্য অত্য়ন্ত সহায়ক পিচে ন্যূনতম সুবিধাটুকু পাননি ব্য়াটাররা ৷ এই মর্মে অ্যাশেজের বক্সিং-ডে টেস্টের জন্য ব্য়বহৃত মেলবোর্নের বাইশ গজকে 'অসন্তোষজনক' বলে অভিহিত করল আইসিসি ৷ দু'দিনে শেষ হওয়ায় একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হল এমসিজি'র নামের পাশে ৷
উল্লেখ্য, মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে চার উইকেটে জয় 15 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্য়ান্ডের প্রথম টেস্ট ম্যাচ জয় ৷ দিন হিসেব করলে সংখ্য়াটা 5,468 ৷ সিরিজ হারলেও বক্সিং-ডে টেস্ট জিতে হালে খানিকটা পানি পেয়েছে ইংরেজরা ৷ উল্টোদিকে মেলবোর্নের বাইশ গজ নিয়ে সমালোচনা শুরু হয় ক্রিকেটমহলে ৷ এমন সময় অভিজাত এমসিজি'র পিচ 'অসন্তোষজনক' আখ্য়া পাওয়ায় মাঠের বাইরেও নৈতিক হার হল অস্ট্রেলিয়ার ৷
মূলত চারটি ভাগে কোনও পিচের চরিত্র ভাগ করে আইসিসি ৷ খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট হিসেবে ভাগ করা হয়ে থাকে পিচের চরিত্র ৷ সেক্ষেত্রে মেলবোর্নের পিচকে দ্বিতীয় সর্বাধিক খারাপ রেটিং দিল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ আইসিসি জানিয়েছে, ম্য়াচ রেফারি জেফ ক্রো'র সিদ্ধান্তের ভিত্তিতেই 'অসন্তোষজনক' তকমা মিলিছে মেলবোর্নের বাইশ গজের ৷ পিচ নিয়ে ওই মূল্য়ায়নের পিছনে বিস্তারিত ব্যাখ্যাও ম্য়াচ রেফারি দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷
কিউয়ি ম্যাচ রেফারিকে উদ্ধৃত করে আইসিসি লিখেছে, "মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ অতিরিক্ত সুবিধা দিয়েছে বোলারদের ৷ প্রথমদিন 20 এবং দ্বিতীয়দিনে পতন হয়েছে 16 উইকেটের ৷ কিন্তু কোনও ব্য়াটার হাফসেঞ্চুরি পর্যন্ত করতে ব্যর্থ ৷ সবমিলিয়ে গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট পিচের চরিত্র অসন্তোষজনক এবং এই কারণে একটি ডিমেরিট পয়েন্টও জুড়ছে ভেন্যুর নামের সঙ্গে ৷"
Match referee Jeff Crowe hands down verdict on the MCG pitch used for the Boxing Day Test 👀#WTC27 | #AUSvENG
— ICC (@ICC) December 29, 2025
https://t.co/YdKIf8RBQu
মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে দু'দিনে 142 ওভার হাত ঘুরিয়ে 36 উইকেট তুলে নেন দু'দলের বোলাররা ৷ অথচ অর্ধশতরানের মুখ দেখেননি কোনও ব্য়াটার ৷ 1909 সালের পর কোনও টেস্টের প্রথমদিন 20 উইকেট পতনের সাক্ষী থাকে ঐতিহ্যের অ্যাশেজ ৷ প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে অনন্য নজির গড়ে ফেলেন ইংরেজ পেসার জোশ টাং ৷ 27 বছর পর প্রথম ইংরেজ বোলার হিসেবে মেলবোর্নে ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি ৷
অস্ট্রেলিয়ার 152 রানের জবাবে প্রথম ইনিংসে 110 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ 42 রানে এগিয়ে থাকা 'ব্য়াগি গ্রিন' শিবির দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় 132 রানে ৷ 175 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে ম্য়াচ জিতে নেয় সফরকারী দল ৷ সাত উইকেট নিয়ে ম্য়াচের সেরা হন টাং ৷ আগামী 4 জানুয়ারি থেকে সিডনিতে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট ৷

