ব়্যাপিডের পর ব্লিৎজেও ব্রোঞ্জ জিতলেন অর্জুন, বছর শেষে জোড়া খেতাব কার্লসেনের
নবমবারের জন্য ব্লিৎজে খেতাব জিতে কেরিয়ারের 20তম চ্যাম্পিয়নশিপ ঝোলায় পুরলেন নরওয়ে কিংবদন্তি ৷

Published : December 31, 2025 at 9:20 AM IST
দোহা, 31 ডিসেম্বর: শেষবার 2017 সালে ভিশি (বিশ্বনাথন আনন্দ) ব়্যাপিড এবং ব্লিৎজ জোড়া চ্যাম্পিয়নশিপেই খেতাব জিতেছিলেন (ব়্যাপিডে খেতাবজয়ের পাশাপাশি ব্লিৎজে ব্রোঞ্জ) ৷ খেতাব না-এলেও আনন্দের নজির ছুঁয়ে আট বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক আনলেন অর্জুন এরিগাইসি ৷ ওপেন সুইস রাউন্ডে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছলেও নদিরবেক আব্দুসাত্তারভের কাছে হেরে হৃদয়ভঙ্গ হয় তেলেঙ্গানার গ্র্যান্ডমাস্টারের ৷ তবে দোহা থেকে শেষমেশ তাঁর প্রাপ্তি নেহাত কম নয় ৷ দিনকয়েক আগে ব়্যাপিড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ের পর ব্লিৎজেও ব্রোঞ্জ প্রাপ্তি হল তাঁর ৷
ব্লিৎজে এরিগাইসির ব্রোঞ্জ প্রাপ্তির অর্থ বর্ষশেষে মরু শহরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ থেকে তিন-তিনটি পদক নিয়ে ফিরছে ভারত ৷ পুরুষ বিভাগের পাশাপাশি বিশ্ব ব়্যাপিড চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে পোডিয়াম ফিনিশ করেছেন অভিজ্ঞ কোনেরু হাম্পি ৷ এরিগাইসির মতো ব্রোঞ্জ জিতে নিয়েছেন তিনিও ৷
The Champions of World Rapid & Blitz 2025 ❤️🤗#chess #chessbaseindia pic.twitter.com/B5VIaoo5Nl
— ChessBase India (@ChessbaseIndia) December 30, 2025
তবে স্মরণীয় প্রত্যাবর্তনে ব়্যাপিডের পর ব্লিৎজেও খেতাব জিতে নিলেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন ৷ সোমবার ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির কাছে হেরে টেবিল চাপড়ে নিন্দুকদের সমালোচনার মুখে পড়েছিলেন ৷ কিন্তু পরদিনই খেতাব জিতে নরওয়ের গ্র্যান্ডমাস্টার বোঝালেন চ্যাম্পিয়নদের কখনও সন্দেহ করতে নেই ৷ গতবছর ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ খেতাব ইয়ান নেপোমনিয়াচির শেয়ার করে নিলেও এবার রেকর্ড বাড়িয়ে সংখ্যাটা নয় করে নিলেন বিশ্বের পয়লা নম্বর ৷
The definition of insanity is doing the same thing over and over and expecting different results.
— Magnus Carlsen (@MagnusCarlsen) December 30, 2025
🏆🏆🏆🏆🏆
🏆🏆🏆🏆🏆
🏆🏆🏆🏆🏆
🏆🏆🏆🏆🏆 pic.twitter.com/AvmmRJ0xSs
একইসঙ্গে কেরিয়ারের 20তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিলেন নরওয়ে কিংবদন্তি ৷ যার মধ্যে ক্লাসিক্যালে রয়েছে পাঁচটি খেতাব ৷ ব়্যাপিডে স্বর্ণপদক রয়েছে ছ'টি, বাকি ন'টি খেতাব ব্লিৎজে ৷ সেমিফাইনালে অর্জুন এরিগাইসিকে হারানো উজবেক গ্র্যান্ডমাস্টার আব্দুসাত্তারভকে হারিয়ে খেতাব জিতলেন কার্লসেন ৷ ফাইনালে 2.5-1.5 পয়েন্টে বাজিমাত করে গেলেন তিনি ৷ মহিলা বিভাগে তৃতীয়বারের জন্য ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুললেন কাজাখস্তানের বিবিসারা আসাউবায়েভা ৷ ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী ঝু জিনের'কে 3-0 ব্যবধানে হারালেন তিনি ৷
এরিগাইসির পর আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার হালিক এম মার্টিরোসিয়ানের কাছেও হেরে ব্লিৎজে নকআউটে পৌঁছনোর রাস্তা দুর্গম করে তুলেছিলেন কার্লসেন ৷ শেষমেশ কোনওক্রমে নকআউটে পৌঁছে খেতাব জিতে বাজিমাত পয়লা নম্বরের ৷ ফিডে'কে দেওয়া সাক্ষাৎকারে জোড়া খেতাবজয়ী বলেন,"কাজটা খুব একটা সহজ ছিল না ৷ তবে নকআউটে যখন পৌঁছই তখন কাঁধ থেকে সব বোঝা নেমে যায় । আমার মনে হয়েছিল আমি পারব ৷"

