ETV Bharat / sports

চূড়ান্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16, প্লে-অফ খেলে পরবর্তী রাউন্ডে কোন আট দল ?

শুক্রবার বিকেল 4টে 30 মিনিটে অনুষ্ঠিত হবে রাউন্ড অব-16'র ড্র ৷

UEFA CHAMPIONS LEAGUE
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 5:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: ইন্টার মিলানকে ধরাশায়ী করে মঙ্গলবার রাতে নকআউট নিশ্চিত হয়েছিল বোডো/গ্লিমটের ৷ আবির্ভাবে গতবারের রানার্সদের হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে ফুটবল বিশ্বকে অবাক করেছে নরওয়ের ক্লাবটি ৷ এছাড়া মঙ্গলবার রাতে নকআউটে পৌঁছে গিয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ, নিউক্যাসল ইউনাইটেড ও বায়ার লেভারকুসেন ৷ বুধবার রাতে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল আরও চার ক্লাব- আটালান্টা, গ্যালাতাসারে, গতবারের চ্য়াম্পিয়ন পিএসজি ও রিয়াল মাদ্রিদ ৷ সেইসঙ্গে 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের 16টি দল চূড়ান্ত হয়ে গেল ৷

গ্রুপ পর্বে প্রথম আটে শেষ করে সরাসরি রাউন্ড অব-16'তে আগেই পৌঁছে গিয়েছিল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যাঞ্চেস্টার সিটি ৷ উল্লেখ্য গ্রুপ পর্বের পর পয়েন্ট তালিকার 9 থেকে 24 তম স্থানে থাকা দলগুলি দু'টি লেগের নকআউটে মুখোমুখি হয়েছিল পরের পর্বে যাওয়ার লক্ষ্যে ৷ একনজরে দেখে নেওয়া যাক কোন দল কাদের হারাল-

রিয়াল হারাল বেনফিকাকে: প্রথম লেগে লিসবনে ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলে লিড পেয়েছিল রিয়াল ৷ বুধবার ঘরের মাঠে 15 বারের চ্যাম্পিয়নরা জিতল 2-1 গোলে ৷ ফের গোল করলেন ভিনিসিয়াস এবং অরেলিয়েন চুয়ামেনি ৷ এগ্রিগেটে 3-1 ব্যবধানে জিতে পরের পর্বে 'লস ব্ল্যাঙ্কস' ৷

অবাক হার ইন্টার মিলানের: প্রথম লেগে ঘরের মাঠে 3-1 গোলে এগিয়ে যাওয়া বোডো/গ্লিমট মিলানকে তাদের ঘরের মাঠে এসেও হারাল দ্বিতীয় পর্বে ৷ খেলার ফল 2-1 ৷ অর্থাৎ, এগ্রিগেটে 5-2 ব্যবধানে জিতে আবির্ভাবে শেষ ষোলোয় পৌঁছল নরওয়ের ক্লাবটি ৷

পরের পর্বে অ্য়াতলেতিকো: বেলজিয়ামের ক্লাব ব্রুগকে এগ্রিগেটে 7-4 ব্যবধানে হারাল স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো ৷ প্রথম পর্ব 3-3 শেষ হওয়ার পর মঙ্গলবার ঘরের মাঠে 4-1 ব্যবধানে জিতল অ্যাতলেতিকো ৷

অলিম্পিয়াকোসকে হারাল লেভারকুসেন: প্রথম লেগে গ্রিসের অলিম্পিয়াকোসকে তাদের মাঠে 2-0 গোলে হারিয়েছিল জার্মান ক্লাব লেভারকুসেন ৷ মঙ্গলবার ঘরের মাঠে ম্য়াচ গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের জয় লেভারকুসেনকে শেষ ষোলোয় নিয়ে গেল ৷

কারাবাগকে চূর্ণ করল নিউক্যাসল: প্রথম লেগে কারাবাগকে তাদের ডেরায় গিয়ে 6-1 গোলে হারিয়ে রাউন্ড অব-16 কার্যত নিশ্চিত করে ফেলেছিল নিউক্য়াসল ৷ দ্বিতীয় লেগে ঘরের মাঠে আজারবাইজানের ক্লাবকে 3-2 গোলে হারাল প্রিমিয়র লিগের ক্লাবটি ৷ এগ্রিগেটে নিউক্যাসল জিতল 9-3 ব্যবধানে ৷

ছিটকে গেল জুভেন্তাস: তুরস্কের চ্যাম্পিয়ন ক্লাব গ্যালাতাসারের কাছে হেরে বিদায় নিল ইতালি জায়ান্ট জুভেন্তাস ৷ প্রথম লেগে গ্যালাতাসারের ঘরের মাঠে 5-2 গোলে বিধ্বস্ত জুভেন্তাস ঘরের মাঠে বুধবার 3-0 গোলে জেতে ৷ ম্য়াচ গড়ায় অতিরিক্ত সময়ে ৷ সেখানে জোড়া গোল করে জুভেন্তাসকে ছিটকে দেয় তুরস্কের ক্লাবটি ৷

জিতল আটালান্টা: প্রথম পর্বে ঘরের মাঠে 2-0 এগিয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড বুধবার ফিরতি লেগে হারল 4-1 গোলে ৷ এগ্রিগেটে ইতালির আটালান্টা জিতল 4-3 গোলে ৷ সংযুক্তি সময়ে গোল করে আটালান্টার জয়ের নায়ক ব়্যামি বেনসেবাইনি ৷

মোনাকোকে হারাল গতবারের চ্যাম্পিয়নরা: প্রথম লেগে মোনাকোর ঘরের মাঠে 3-2 গোলে জয় পেয়েছিল পিএসজি ৷ বুধবার প্যারিসে 2-2 ম্য়াচ ড্র করল তারা ৷ সেইসঙ্গে এগ্রিগেটে 5-4 ব্যবধানে এগিয়ে থেকে রাউন্ড অব 16-য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷

আগামিকাল অর্থাৎ শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে 4টেয় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ৷ তারপরই জানা যাবে কোন দল পরবর্তী পর্বে কাদের মুখোমুখি হবে ৷

আরও পড়ুন:

  • ক্রেসপোর ফিটনেসের উপর দাঁড়িয়ে সোবার্গের অভিষেক, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে সতর্ক ইস্টবেঙ্গল