ETV Bharat / sports

কেমন কাটল ভারত সফর ? মেসির সুখস্মৃতিতে ঠাঁই হল না যুবভারতীর

সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো কোলাজ থেকে যুবভারতীর 20 মিনিটের অভিজ্ঞতাকে বাদ দিলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷

LIONEL MESSI
ভারত সফরে লিয়োনেল মেসি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 17, 2025 at 2:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: বিশেষ সময় নিলেন না ৷ দেশে ফিরেই ভারত ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন লিয়োনেল আন্দ্রেস মেসি ৷ সোমবার শেষ হয়েছে তাঁর ভারত সফর ৷ আর মঙ্গলবার ইনস্টাগ্রামে মিনিট দেড়েকের একটি ভিডিয়োয় ভারত সফরের টুকরো টুকরো স্মৃতি ভাগ করে নিলেন 'ফুটবলের যুবরাজ' ৷ আর সেই ভিডিয়ো থেকে যুবভারতীর 20 মিনিটের তিক্ত অভিজ্ঞতাকে বাদ দিলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷ তবে লেকটাউনে তাঁর 70 ফুটের মূর্তি উন্মোচনের ঝলক সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ৷

ভিডিয়োর ক্য়াপশনেও অবশ্য হায়দরাবাদ, মুম্বই, দিল্লির পাশাপাশি কলকাতার নাম উল্লেখ করেছেন মেসি ৷ ভারত সফরের অভিজ্ঞতা শেয়ারে লিয়ো লিখেছেন, "নমস্কার ভারত ৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং কলকাতায় এক অসাধারণ সফর শেষ করলাম ৷ সফরজুড়ে উষ্ণ অভ্যর্থনা, দারুণ ব্যবস্থাপনা এবং এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ৷ ফুটবলে ভারতের উজ্জ্বল ভবিষ্যত আশা করছি ৷"

মুকেশ আম্বানি-পুত্র অনন্ত আম্বানির বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র 'বনতারা' ঘুরে সোমবার রাতে শেষ হয়েছে লিয়ো মেসির ভারত সফর ৷ তার আগে গোট ইন্ডিয়া ট্যুরে অংশ হিসেবে হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে জমকালো অনুষ্ঠান এবং সংবর্ধনার সাক্ষী ছিলেন বিশ্বজয়ী 'লা-আলবিসেলেস্তে' অধিনায়ক ৷ সংশ্লিষ্ট তিন শহরে যাওয়ার আগে অবশ্য মেসির ভারত সফর শুরু হয়েছিল কলকাতা দিয়ে ৷ সেখানে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বেরিয়ে আসতে হয় আর্জেন্তিনার ফুটবল মায়েস্ত্রোকে ৷ ভিআইপি এবং সেলেবরা যুবভারতীতে মেসিকে ঘিরে রাখায় দামি টিকিট কেটে গ্য়ালারি ভরানো সাধারণ দর্শকরা তাঁদের প্রিয় ফুটবলারকে চাক্ষুষ করা থেকে বঞ্চিত হন ৷ মাত্র 20 মিনিট থেকে মেসি সময়ের আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ায় ম্য়ানেজমেন্টের উপর ক্ষোভ উগরে দেন তারা ৷ তাণ্ডব চালানো হয় যুবভারতীতে ৷ আয়োজকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য পুলিশের তরফে ৷

ঘটনার অনতিপরেই গ্রেফতার করা হয় গোট ইন্ডিয়া ট্যুরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ৷ আপাতত 14দিনের পুুলিশি হেফাজতে তিনি ৷ ঘটনার তদন্তের স্বার্থে এরপর একে একে গ্রেফতার হয়েছেন আরও কয়েকজন ৷ খুব স্বাভাবিকভাবেই মেসির ভিডিয়ো কোলাজে বাদ পড়েছে যুবভারতী ৷ তবে জায়গা করে নিয়েছে মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাত-পর্ব কিংবা নয়াদিল্লিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে আলাপ পর্ব ৷ উল্লেখযোগ্য যে, ভারত সফরে এসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি কিংবা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাত করলেও তা ভিডিয়ো কোলাজে রাখেননি মেসি ৷

কলকাতায় বিশৃঙ্খলা পর্বের পর শতদ্রু দত্ত লিয়োর বাকি ট্যুরে থাকতে পারেননি ৷ তবে ভারত সফরের বাকি পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় ট্যুরের প্রধান আয়োজকের নাম শেষে উল্লেখ করতে কার্পণ্য করেননি ইন্টার মিয়ামি তারকা ৷ উল্লেখ্য, যুবভারতী বিশৃঙ্খলা কাণ্ডে মঙ্গলবার পদত্য়াগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ শো-কজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ৷

আরও পড়ুন: