ETV Bharat / sports

রেকর্ড ভেঙেই চলেছেন মেসি, আর্জেন্তাইনের বুটে ম্লান পেলের সাড়ে পাঁচ দশকের নজির

বিশ্বকাপের নকআউট পর্যায়ে এই নিয়ে দ্বাদশ গোলের পিছনে অবদান রাখলেন লিয়ো ৷ ছাপিয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি'কে ৷

MESSI SURPASSES PELE
লিয়োনেল মেসি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 4, 2026 at 3:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মিয়ামি, 4 জুলাই: চলতি বিশ্বকাপের সূচনা লগ্ন থেকেই রেকর্ড গড়ে চলেছেন লিয়োনেল মেসি ৷ একটি করে ম্যাচ এগিয়েছে আর নজির এবং মেসি যেন সমার্থক হয়ে গিয়েছেন ৷ রাউন্ড অব-32'র ম্য়াচেও তার অন্যথা হল না ৷ শনিবার বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছলেও কেপ ভের্দের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷ 3-2 গোলে আর্জেন্তিনার সেই জয়ে অবশ্য মেসি স্কোরশিটে নাম তুলেছেন গ্রুপ পর্বের তিন ম্যাচের মতোই ৷ আর সেই গোলের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে পেলে'র 56 বছরের রেকর্ড ভেঙে দিলেন 'এলএম টেন' ৷

29 মিনিটে এদিন কেপ ভের্দের ডেডলক ভেঙে 'লা-আলবিসেলেস্তে'কে এগিয়ে দেন মেসি ৷ যা বিশ্বকাপে তাঁর 20তম গোল ৷ আর বিশ্বকাপের নকআউট ধরলে ষষ্ঠ ৷ সবমিলিয়ে এদিন স্কোরশিটে নাম তুলে বিশ্বকাপের নকআউট পর্বে দ্বাদশ গোলে অবদান রাখলেন মেসি ৷ আর এখানেই তিনি ছাপিয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তিকে ৷ বিশ্বকাপের নকআউট-পর্বে সর্বাধিক 11টি গোলে অবদানের রেকর্ড এতদিন ছিল পেলে'র নামে ৷ এদিন সেই নজির ছাপিয়ে গেলেন মেসি ৷

পেলের পাশাপাশি এদিন কিলিয়ান এমবাপে'কেও পিছনে ফেললেন মেসি ৷ ফরাসি তারকার নামের পাশেও বিশ্বকাপের নকআউট পর্বে 11 গোলের অবদান রয়েছে ৷ তবে এমবাপে সক্রিয় ফুটবলার হওয়ায় মেসি'কে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে ৷ এদিনের পর বিশ্বকাপের নকআউটে ছ'টি গোলের পাশাপাশি ছ'টি অ্যাসিস্ট আর্জেন্তাইন মহাতারকার নামের পাশে ৷

বিশ্বকাপ নকআউটে 11টি গোলে অবদানের মধ্যে পেলে'র নামের পাশে রয়েছে আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট ৷ আর এমবাপের ক্ষেত্রে গোলের সংখ্যাটা নয়, পাশাপাশি জোড়া অ্য়াসিস্ট রয়েছে রিয়াল তারকার নামে ৷ তালিকার তৃতীয় নামটি ব্রাজিলের প্রাক্তনী রোনাল্ডো নাজারিয়ো'র ৷ বিশ্বকাপ নকআউটে 10টি গোলে অবদান রেখেছিলেন তিনি ৷

যাইহোক, পেলে-এমবাপে'কে নকআউটে গোল অবদানের নিরিখে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি এদিন বিশ্বকাপে তাঁর 20তম গোলটি করলেন মেসি ৷ আর এই ম্য়াচে নামার আগে ছ'টি গোল করে চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়েও এমবাপের সঙ্গে একাসনে ছিলেন 'এলএম টেন' ৷ কিন্তু কেপ ভের্দের বিরুদ্ধে গোল একধাপ এগিয়ে দিল আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ককে ৷ পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন আর্লিং হ্যালান্ড ও হ্য়ারি কেনও ৷ এখন দেখার শেষ পর্যন্ত বাজিমাত করেন কে ৷

  • চলতি বিশ্বকাপের প্রথম চার সর্বাধিক গোলদাতা:
  1. লিয়োনেল মেসি- 7 গোল
  2. কিলিয়ান এমবাপে- 6 গোল
  3. আর্লিং হ্য়ালান্ড- 5 গোল
  4. হ্য়ারি কেন- 5 গোল

আরও পড়ুন: