ETV Bharat / sports

ইয়ামালের বিরাট কীর্তির দিনে রায়ো ভ্যালেকানো'কে পাঁচ গোল বার্সার

5-2 গোলে রায়ো ভ্যালেকানো'কে হারিয়ে লা-লিগার শীর্ষে কাতালান ক্লাব ৷ জোড়া গোল ইয়ামাল ও রাফিনহা'র ৷

LAMINE YAMAL RECORD
ল্য়ামিন ইয়ামাল (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : September 1, 2026 at 12:31 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বার্সেলানো, 1 সেপ্টেম্বর: মরশুমের দু'ম্য়াচে গোল আসেনি তাঁর পা থেকে ৷ সোমবার রায়ো ভ্য়ালেকানোর বিরুদ্ধে শেষমেশ চলতি লা-লিগা মরশুমে গোলের খাতা খুললেন ল্য়ামিন ইয়ামাল ৷ অধিনায়ক রাফিনহা'র পাশাপাশি লিগের তৃতীয় ম্যাচে জোড়া গোল করলেন স্পেনের 'ওন্ডার কিড' ৷ আর একইসঙ্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক মহানজির গড়ে ফেললেন ইয়ামাল ৷

স্প্য়ানিশ ক্লাব ফুটবলে তো বটেই, ইউরোপের সেরা পাঁচ (ইংলিশ প্রিমিয়র লিগ, লা-লিগা, লিগ ওয়ান, বুন্দেসলিগা ও সিরি-এ) লিগের ইতিহাসে কনিষ্ঠ ফুটবলার হিসেবে 50 গোলের মাইলস্টোন ছুঁলেন ইয়ামাল ৷ এই নজিরে তিনি পিছনে ফেললেন আর্লিং হ্য়ালান্ড এবং কিলিয়ান এমবাপে'দের ৷ মুন্ডো ডিপোর্টিভো'র দেওয়া তথ্য অনুযায়ী 19 বছর 241 দিন বয়সে প্যারিস সাঁজাঁ'র হয়ে 50 গোলের নজির ছুঁয়েছিলেন এমবাপে ৷

অন্যদিকে 20 বছর 196 দিন বয়সে ইউরোপের শীর্ষ লিগে 50 গোলের নজির পূর্ণ করেছিলেন নরওয়ের আর্লিং হ্য়ালান্ড ৷ তখন তিনি ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে ৷ অর্থাৎ, ইউরোপের পাঁচ শীর্ষ লিগে সবচেয়ে কম বয়সে 50 গোলের নজির এতদিন ছিল এমবাপে'র নামে ৷ এদিন সেই নজির ভেঙে দিলেন ইয়ামাল ৷ স্প্যানিশ তারকা ইউরোপের ক্লাব ফুটবলে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন 19 বছর 49 দিন বয়সে ৷

এদিন 21 মিনিটে প্রথম গোলের সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেলেন ইয়ামাল ৷ 90 মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি লা-লিগায় তাঁর 51 তম গোল ৷ কেবলমাত্র স্প্যানিশ ক্লাব ফুটবলের কথা যদি ধরা যায়, তাহলে সোমবার রাউল গঞ্জালেসের নজির ছাপিয়ে গেলেন ইয়ামাল ৷ রিয়াল মাদ্রিদের হয়ে 19 বছর 249 দিন বয়সে 50 গোল করেছিলেন রাউল ৷ ফার্নান্দো তোরেস অ্য়াতলেতিকো মাদ্রিদের হয়ে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন 20 বছর 221 দিন বয়সে ৷

এদিন 12 মিনিটে অবশ্য ম্য়াচে প্রথম গোল করে এগিয়ে যায় রায়ো ভ্যালেকানো ৷ 19 মিনিটে কাতালান ক্লাবকে সমতায় ফেরান রাফিনহা ৷ লেফট-ব্যাক জাভি এসপার্টের সঙ্গে ওয়াল খেলে বক্সের মধ্যে বাঁ-পায়ের দুরন্ত ভলিতে গোল করে যান বার্সা অধিনায়ক ৷ এরপর ইয়ামালের গোলে 21 মিনিটে ম্য়াচে প্রথম লিড নেয় বার্সা ৷ সেই গোলের সঙ্গেই নজিরে নাম লেখান এই উইঙ্গার ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান লেজেউনে'র আত্মঘাতী গোলে 3-1 গোলে এগোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

এরপর সার্জিও ক্যামেলোর দ্বিতীয় গোলে ব্যবধান কমায় অতিথি দল ৷ তবে অ্যান্থনি গর্ডনের ব্যাক-হিল ধরে 71 মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে ফের লিড বাড়িয়ে নেন রাফিনহা ৷ 90 মিনিটে বক্সের সামান্য বাইরে করিম আদেইমি'র সাজিয়ে দেওয়া বল থকে মাটি ঘেঁষা শটে 5-2 করেন ইয়ামাল ৷ এই জয়ের ফলে তিন ম্য়াচে ন'পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা ৷ রিয়াল মাদ্রিদ পয়েন্টের নিরিখে সমমেরুতে থাকলেও গোলপার্থক্যে এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীরা ৷

আরও পড়ুন: