শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী পালন সিএবি'তে, যুগ্ম-সচিব নির্বাচন ঘিরে জলমাপা চলছে সংস্থায়
সোমবার বিকেলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করল রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ প্রথমবার এই আয়োজন হল সিএবি'তে ৷

Published : July 6, 2026 at 8:45 PM IST
কলকাতা, 6 জুলাই: রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া এখন কলকাতা ময়দানেও ৷ তাই রাজ্য ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনের হিড়িক ৷ শ্যামাপ্রসাদের 125তম জন্মদিবস ঘটা করে পালন করছে রাজ্যের শাসক দল বিজেপি ৷ সেই রেশ ধরে ময়দানের আশুতোষ কলেজ টেন্টে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল ৷ এই টেন্টে বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে নিয়মিত বসছেন ৷
ভারতীয় ফুটবল ফেডারেশনের কলকাতা অফিস হিসেবে কাজ করছে ময়দানের এই টেন্ট । সেখানে রক্তদান উৎসবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ, ইস্টবেঙ্গল কর্তা দীপঙ্কর চক্রবর্তী, মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত, মহামেডান স্পোর্টিং কর্তা বেলাল আহমেদ, আশুতোষ কলেজের প্রিন্সিপাল মানস কবি ৷ উপস্থিত রক্তদাতাদের উৎসাহ দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ৷ বিকেলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করল রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থাও ৷ প্রথমবার এই আয়োজন হল সিএবি'তে ৷ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন শ্যামাপ্রসাদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ৷ এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার সকল পদাধিকারীরা ৷
সচিব বাবলু কোলে দেশের বাইরে থাকায় হাজির থাকতে পারেননি ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে। ছিলেন বর্তমান প্রশাসনের সদ্য প্রাক্তন যুগ্ম-সচিব মদন ঘোষও ৷ এই অনুষ্ঠানেও মৃদু লয়ে বইল আসন্ন যুগ্ম-সচিব নির্বাচনের হাওয়া ৷ শাসক সৌরভ গোষ্ঠী এই ব্যাপারে অদ্ভুত নীরবতা বজায় রেখেছে ৷ তাদের তরফে প্রার্থী নির্বাচনের ব্যাপারে বল সৌরভ গোষ্ঠীর কোর্টেই ৷ বেশ কিছু নাম ঘোরাফেরা করছে ৷ তবে তাঁদের মধ্যে কার ভাগ্যে শিকে ছিঁড়বে কেউ বলতে পারছেন না ৷
জুলাইয়ে যুগ্ম-সচিব ফের বেছে নেওয়ার পরে সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় ফের সচিব বাছতে হবে ৷ কারণ বর্তমান সচিব বাবলু কোলেও তখন সত্তরে পা দেবেন ৷ বিরোধী অভিষেক ডালমিয়া শিবিরও নির্বাচনে প্রার্থী দেবে বলে খবর ৷ তবে সেই গোষ্ঠীর প্রার্থী কে, সে সম্পর্কেও কোনও আঁচ পাওয়া যায়নি ৷ অনেকদিন পরে সিএবি'তে পুরনো বহু মুখের ভিড় ৷ সকলের সঙ্গে আলোচনা সারলেন প্রেসিডেন্ট সৌরভ ৷ সবমিলিয়ে ময়দানজুড়ে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী পালনে পালাবদলের ছবি ৷ একইভাবে সিএবি'তেও চলল যুগ্ম-সচিব নির্বাচনের অঙ্ক কষা ৷

