রবীন্দ্রনৃত্যে মিশছে আর্জেন্তাইন ট্যাঙ্গো, মেসি-বরণে প্রস্তুত তিলোত্তমা
আজ মধ্যরাতে তিলোত্তমায় পা রাখছেন মেসি ৷ ফুটবলের যুবরাজের আগমনে উন্মাদনায় ভাসছে শহরের আট থেকে আশি ৷

Published : December 12, 2025 at 6:38 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার পথে লিয়োনেল মেসি ৷ অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ৷ তবে এই প্রথম নয় ৷ প্রায় দেড় দশক বাদে 'সিটি অব জয়ে' পা রাখছেন লিয়োনেল মেসি ৷ যে কোনও দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না-কেন, 14 বছর আগের সফরের সঙ্গে ফুটবল যুবরাজের এবারের ভারত সফর সম্পূর্ণ আলাদা ৷ সেবার ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে 'লা আলবিসেলেস্তে'র অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল 'এলএম টেন'-এর ৷ এরপর গঙ্গা দিয়ে গড়িয়েছে প্রচুর জল ৷ গ্রহের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিয়ো ৷ গতবছর তাঁর সমৃদ্ধ কেরিয়ারে 'চেরি অন দ্য কেক' হয়ে ধরা দিয়েছে বিশ্বকাপ ট্রফি ৷
স্বাভাবিকভাবেই মেসির আগমনে উন্মাদনা গ্রাস করেছে শহরের আট থেকে আশির ৷ কিন্তু মেসির এবারের ভারত সফর ফুটবলার হিসেবে নয়, বরং অনেক বেশি কর্পোরেট ৷ ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত যে সফরকে 'গোট ট্যুর' নামে অভিহিত করছেন ৷ তবে উন্মাদনায় খামতি নেই ৷ 70 ফুট মূর্তি বানিয়ে ইন্টার মিয়ামি তারকাকে স্বাগত জানাবে কলকাতা ৷ শুক্রবার মধ্যরাতে মেসির বিমান ছোঁবে কলকাতার মাটি ৷ তারপর মাত্র অর্ধদিবসই ফুটবলের মক্কায় থাকবেন যুবরাজ ৷ তাঁকে প্রাথমিক অভ্যর্থনা জানানোর কথা শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷
মেসির GOAT India ট্যুরের কলকাতার অংশটি বা কনসার্টটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ যেখানে আর্জেন্তিনার ট্যাঙ্গো নাচের সঙ্গে মিশবে বাংলার রবীন্দ্রনৃত্য ৷ যা তৈরি করবে মায়াবী পরিবেশ ৷ রবীন্দ্রনাথের তিনটি গানের সঙ্গে রবীন্দ্রনৃত্য ও ট্যাঙ্গো নাচের সুর-তাল-ছন্দ মিশবে মেসি বরণে ৷ এছাড়াও থাকছে ঢাকের তালে মেসির বোল। সমগ্র অনুষ্ঠান ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার খতিয়ে দেখলেন নগরপাল মনোজ বর্মা ৷ সবমিলিয়ে মেসিকে বরণ করতে তৈরি কলকাতা।

এক নজরে দেখে নেওয়া যাক মেসির কলকাতা সফর সূচি:
- 13 ডিসেম্বর রাত 1টায় কলকাতায় পদার্পণ
- সকাল 9টা 30 থেকে হায়াত রিজেন্সিতে স্পনসরদের অনুষ্ঠান
- সকাল 10টায় যুবভারতীতে নাচে-গানে মেসিকে বরণ
- সকাল 10টা 50 'মোহনবাগান মেসি অলস্টার' বনাম 'ডায়মন্ড হারবার মেসি' অলস্টার ম্যাচ
- যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির আগমন
- বাংলার সন্তোষট্রফি জয়ী দলকে সংবর্ধনা
- খুদেদের সঙ্গে 'মাস্টার ক্লাস উইথ মেসি'
- থাকবেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল
- মেসিকে রাজকীয় সংবর্ধনায় থাকবেন শাহরুখ খান, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ
- মেসির স্টেডিয়াম পরিক্রমা
- লেকটাউনে নিজের 70 ফুট মূর্তি উন্মোচন
- দুপুর 2টো 05 মিনিটে বিমানে হায়দরাবাদের উদ্দেশে রওনা

