ETV Bharat / sports

কাঁধের হাড় সরে দ্বিতীয় টেস্টের বাকি পর্বে নেই টিকনার, প্রথম ইনিংসে এগিয়ে কিউয়িরা

বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পাওয়ায় বুধবার টেস্ট প্রত্যাবর্তনে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল টিকনারকে ৷

BLAIR TICKNER
কাঁধের হাড় সরেছে টিকনারের (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 11, 2025 at 2:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: বোলিং, ফিল্ডিং করার তো প্রশ্নই নেই ৷ অবস্থা এতটাই গুরুতর যে চলতি টেস্টের বাকি পর্বে ব্যাটিং করতে নামাও অসম্ভব ব্লেয়ার টিকনারের পক্ষে ৷ দ্বিতীয় টেস্টের মাঝপথ থেকে জোরে বোলারের কার্যত ছিটকে যাওয়ার কথা ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট ৷ বাউন্ডারি বাঁচাতে গিয়ে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিন বাঁ-কাঁধের হাড় সরে যায় টিকনারের ৷ ফলত দ্বিতীয় টেস্টের মাঝপথে ছিটকে যেতে হল তাঁকে ৷

তারকা পেসার ম্য়াট হেনরির পরিবর্ত হিসেবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছিল টিকনারকে ৷ 2023 সালের মার্চের পর ওয়েলিংটনে বুধবার লাল-বলের ক্রিকেট প্রত্যাবর্তন হয় তাঁর ৷ কিন্তু প্রত্যাবর্তনেই বিপত্তি ৷ বৃহস্পতিবার নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, কাঁধের হাড় সরে যাওয়ায় চলতি ওয়েলিংটন টেস্টে বোলিং কিংবা ফিল্ডিং করতে পারবেন না ব্ল্যাকক্যাপস পেসার ব্লেয়ার টিকনার ৷ ব্য়াট হাতে নামাটাও কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে ৷

পরবর্তীতে তাঁর চোটের পুনর্মূল্যায়ন হবে তবে দ্বিতীয়দিন সকালে স্কোয়াডে তিনি যোগ দেবেন বলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে আপডেটে জানানো হয় ৷ সেইমতো কিউয়ি পেসার এদিন স্কোয়াডে যোগ দিলেও ব্যাট হাতে নামতে পারেননি ৷ গতকাল চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে অবশ্য কেরিয়ারের সেরা স্পেল উপহার দেন চতুর্থ টেস্ট খেলতে নামা টিকনার ৷ 32 রান দিয়ে চার উইকেট শিকারের পর স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি ৷ এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷

তবে ব্লেয়ার টিকনারকে ছাড়াই ওয়েলিংটন টেস্টের দ্বিতীয়দিন প্রথম ইনিংসে লিড নিল হোম টিম ৷ ওপেনার ডেভন কনওয়ে ও স্টাম্পার-ব্যাটার মিচেল হেই'য়ের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে 278 রান তোলে কিউয়িরা ৷ কনওয়ে করেন 60 রান ৷ হেইয়ের ব্যাট থেকে আসে 61 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ৷ প্রথম ইনিংস 73 রানে এগিয়ে থেকে ইনিংস শেষ হয় নিউজিল্যান্ডের ৷ 70 রানে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যান্ডারসন ফিলিপ ৷

দ্বিতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও জোড়া উইকেটের পতন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৷ ওপেনার জন ক্যাম্পবেল (14) ও নাইট-ওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপের (0) উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 32 রান তুলেছে অতিথি দল ৷ অর্থাৎ, এখনও 41 রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা ৷

আরও পড়ুন: