বর্ষশেষে বাইশ গজকে বিদায় কিউয়ি তারকার
গতবছর শেষদিকে কোকেন সেবন করে এক মাস নির্বাসিতও হয়েছিলেন নিউজিল্যান্ডের এই পেস-বোলিং অলরাউন্ডার ৷

Published : December 29, 2025 at 9:08 PM IST
হায়দরাবাদ, 29 ডিসেম্বর: পাঁজরের চোটে সময়ের আগেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ডগ ব্রেসওয়েল ৷ দু'বছরেরও বেশি সময় আগে ঘরের মাঠে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচদিনের ক্রিকেট খেলেছিলেন কিউয়ি পেস বোলিং-অলরাউন্ডার ৷ এরপর চোটপ্রবণতার জেরে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন ডগ ৷ গতবছর শেষদিকে নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে নির্বাসিতও হতে হয়েছিল তাঁকে ৷ শেষমেশ সোমবার সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের হয়ে 69টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা ক্রিকেটার ৷
আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় ফেরার অভিপ্রায় নিয়ে সম্প্রতি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমেছিলেন এই পেস-বোলিং অলরাউন্ডার ৷ কিন্তু পাঁজরে চোট পেয়ে ঘরোয়া ক্রিকেট মরশুম শেষ হতেই তড়িঘড়ি বাইশ গজকে বিদায় জানিয়ে দিলেন ব্রেসওয়েল ৷ টেস্ট ক্রিকেটে 28, ওয়ান-ডে ক্রিকেটে 21 ম্য়াচের পাশাপাশি 'ব্ল্য়াক ক্য়াপস'-এর হয়ে 20টি কুড়ি-বিশের ম্য়াচও খেলেছেন তিনি ৷ যার মধ্যে রয়েছে 2012 টি-20 বিশ্বকাপের ম্য়াচও ৷
2011 থেকে 2023, এক যুগের ক্রিকেট কেরিয়ারে 74টি টেস্ট উইকেটের মালিক ব্রেসওয়েল ৷ সাদা-বলের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্য়া 46 ৷ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি 2012 আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস স্কোয়াডে ছিলেন এই কিউয়ি পেস-বোলিং অলরাউন্ডার ৷ এছাড়া গত মরশুমে জো'বার্গ সুপার কিংসের হয়ে এসএ20'তেও (SA20) দেখা গিয়েছিল তাঁকে ৷ ব্রেসওয়েলের কেরিয়ার স্মরণীয় হয়ে থাকবে 2011 সালে হোবার্ট টেস্টের কারণে ৷ ম্য়াচে নয় উইকেট নিয়ে 26 বছর বাদে অজিভূমে দেশকে প্রথম টেস্ট জয়ের স্বাদ দিয়েছিলেন এই স্পিডস্টার ৷ সেই ম্য়াচে 60 রানে নয় উইকেট এসেছিল তাঁর ঝুলিতে ৷ উল্লেখ্য, সেই ম্য়াচের পর অজিভূমে আর টেস্ট জয়ের স্বাদ পায়নি কিউয়িরা ৷
News | Allrounder Doug Bracewell has announced his retirement from all cricket. Bracewell played 28 Tests, 21 ODIs and 20 T20Is for New Zealand taking 120 wickets and scoring 915 runs. He played a key role in New Zealand’s last Test victory over Australia, in Hobart in 2011,… pic.twitter.com/rdLjGeBQzL
— BLACKCAPS (@BLACKCAPS) December 28, 2025
বাইশ গজে ইতি টানার ঘোষণায় ব্রেসওয়েল এক বিবৃতিতে বলেন, "আমার জীবনের একটা গর্বের অধ্যায় ছিল এটা, যা আমি তরুণ ক্রিকেটার হিসেবে সবসময় স্বপ্ন দেখে এসেছি ৷ ক্রিকেট আমাকে দেশের হয়ে কিংবা সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলার যেটুকু সুযোগ করে দিয়েছে তার জন্য আমি চির কৃতজ্ঞ ৷ একইসঙ্গে আমি কৃতজ্ঞ এতটা লম্বা সময় প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকতে পেরে ৷"
নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 4000 প্রথম শ্রেণির রান এবং 400 উইকেটের বিরল কীর্তি রয়েছে ব্রেসওয়েলের নামে ৷ প্রথমজন হিসেবে যা রয়েছে জিতেন প্য়াটেলের ঝুলিতে ৷ 137টি প্রথম শ্রেণির ম্য়াচে 437টি উইকেটের পাশাপাশি ব্রেসওয়েল ব্য়াট হাতে করেছেন 4,505 রান ৷

