ETV Bharat / sports

অজিদের বিরুদ্ধে একমাত্র টেস্টে তারকা পেসারকে পাচ্ছে না টিম ইন্ডিয়া

আগামী 6-9 মার্চ অস্ট্রেলিয়া সফরে পারথে একমাত্র টেস্টটি খেলবে ভারতীয় দল ৷

RENUKA THAKUR RULED OUT
রেণুকা ঠাকুর (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 4, 2026 at 5:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

পারথ, 4 মার্চ: বছরদু'য়েক আগে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল-বলে শেষ টেস্ট ম্য়াচটি খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ অর্থাৎ, দীর্ঘসময় পর ক্রিকেটের কুলীন ফরম্য়াটে প্রত্যাবর্তন হচ্ছে দেশের প্রমিলা ব্রিগেডের ৷ আগামী 6-9 মার্চ অস্ট্রেলিয়া সফরে পারথে একমাত্র টেস্টটি খেলবে তারা ৷ তবে তার আগে ভারতীয় শিবিরে খারাপ খবর ৷ 'ব্যাগি গ্রিন' শিবিরের বিরুদ্ধে একমাত্র টেস্টে তারকা পেসার রেণুকা সিং ঠাকুরকে পাচ্ছে না হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি ৷

তবে চোটের কারণে নয় ৷ অতিরিক্ত ধকল কমাতে হিমাচল পেসারকে অজি সফরে একমাত্র টেস্ট ম্যাচে বিশ্রাম দিল ভারতীয় দলের থিঙ্কট্য়াঙ্ক ৷ মঙ্গলবার এক সোশাল মিডিয়া বিবৃতিতে রেণুকার ছিটকে যাওয়ার বিষয়ে অনুরাগীদের জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ বোর্ড জানিয়েছে, বিসিসিআই মেডিক্য়াল টিম রেণুকার ফিটনেসের বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করবে ৷ এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, 2021 সালের পর অর্থাৎ, পাঁচ বছর বাদে বিদেশের মাটিতে টেস্ট খেলতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল ৷ ওই বছরে ইংল্য়ান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল তারা ৷

রেণুকা ঠাকুরের পরিবর্তে অস্ট্রেলিয়া সফরে একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন কাশ্বী গৌতম ৷ দেশের হয়ে মাত্র ছ'টি ওয়ান-ডে খেলা এই মিডিয়াম পেসার প্রথমবার ডাক পেলেন টেস্ট স্কোয়াডে ৷ সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে মাল্টি-ডে টুর্নামেন্টে তিন ম্য়াচে চারটি উইকেট নিয়েছেন চণ্ডীগড়ের এই ক্রিকেটার ৷ ব্য়াট হাতেও একটি ম্য়াচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি ৷ সবমিলিয়ে রেণুকা ছিটকে যাওয়ায় আনকোরা পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে নামছে ভারত ৷ কারণ স্কোয়াডের বাকি তিন পেসার- ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘরে এবং আমনজোৎ কৌরও প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্য়াচে অংশ নিতে চলেছেন ৷

স্পিন বিভাগে ভারতীয় দলে রয়েছেন অভিজ্ঞ দীপ্তি শর্মা, স্নেহ রানা ও বৈষ্ণবী শর্মা ৷ এর আগে টি-20 ফরম্য়াটে তিন ম্য়াচের সিরিজ 2-1 ব্যবধানে জিতলেও তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজে ক্লিন-স্যুইপ হতে হয়েছে ভারতীয় দলকে ৷ অর্থাৎ, 8-4 পয়েন্টে এগিয়ে থেকে টেস্ট সিরিজে প্রবেশ করছে অস্ট্রেলিয়া ৷ তবে ভারতের কাছে সুযোগ রয়েছে টেস্ট জিতে পয়েন্টের নিরিখে সিরিজ ড্র করার ৷

  • একনজরে ভারতের টেস্ট স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়িকা), শেফালি বর্মা, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, কাশ্বী গৌতম, স্নেহ রানা, আমনজোৎ কৌর, ঊমা ছেত্রী, প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, ক্রান্তি গৌড়, বৈষ্ণবী শর্মা, সায়ালি সাতঘরে ৷

আরও পড়ুন: