চাকরি ছাড়লেন নাগেলসমান, জার্মান কোচের দৌড়ে এগিয়ে ক্লপ
প্য়ারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে রাউন্ড অব-32 থেকে বিদায় নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ৷

Published : July 3, 2026 at 8:14 PM IST
মিউনিখ, 3 জুলাই: তিনবছর পূর্ণ হতে বাকি ছিল মাসদু'য়েকের মতো সময় ৷ কিন্তু আর অপেক্ষা নয় ৷ বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের পর জার্মানির কোচের পদে ইস্তফা দিলেন জুলিয়ান নাগেলসমান ৷ প্য়ারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি ৷ গত দু'টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবার রাউন্ড অব-32 থেকে ছিটকে গিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা ৷ আর প্রত্যাশাপূরণে ব্যর্থ হওয়ায় দিনকয়েকের মধ্যেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বছর আটত্রিশের কোচ ৷
উল্লেখযোগ্যভাবে, নাগেলসমানের জুতোয় পা গলানোর দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে যে নামটি সেটি হল জুর্গেন ক্লপ ৷ 2023 সালের সেপ্টেম্বরে জার্মানির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বায়ার্নের প্রশিক্ষক হিসেবে একসময় খ্যাতির চূড়ায় থাকা নাগেলসমান ৷ 2028 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ) পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন তিনি ৷ কিন্তু বিশ্বকাপে খারাপ ফলাফলের কারণে সময়ের আগেই জার্মান ফুটবল অ্য়াসোসিয়েশনের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হল তাঁর ৷
বিভিন্ন রিপোর্টে প্রকাশ, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফেই তরুণ কোচকে পদত্যাগের বিষয়টি বিবেচনা করার কথা বলা হয় ৷ নচেৎ তাঁরা নাগেলমান'কে চাকরি থেকে ছেঁটে ফেলার পথে হাঁটত বলে সংশ্লিষ্ট রিপোর্টে প্রকাশ ৷ শেষ পর্যন্ত সময়ের আগে নাগেলসমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় চুক্তি মোতাবেক জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও পাচ্ছেন নাগেলসমান ৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা 63 কোটি টাকার মতো ৷
2014 চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মেজর ইভেন্টে ব্যর্থতাই সঙ্গী জার্মানির ৷ 2018 এবং 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বার্লিন ওয়ালের দেশ ৷ পাশাপাশি 2021 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল জার্মানরা ৷ হৃত গৌরব পুনরুদ্ধারে বছরতিনেক আগে কোচ করা হয়েছিল নাগেলসমান'কে ৷ কিন্তু 2024 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার (কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়) পর বিশ্বকাপে অকাল বিদায়ে নাগেলসমানের চাকরি না-থাকাটাই প্রত্যাশিত ছিল ৷
Jurgen Klopp back in management 🔜?
— BBC Sport (@BBCSport) July 3, 2026
The German football association is seeking talks with Jurgen Klopp about becoming their men's national team coach after Julian Nagelsmann resigned 🇩🇪 pic.twitter.com/t0GBvSU7Z0
বিশ্বকাপের রাউন্ড অব-32 থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর হতাশা গোপন রাখেননি নাগেলসমান নিজেও ৷ প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হারের পর তিনি বলেন, "প্যারাগুয়ের কাছে হেরে যদি বিদায় নিতে হয় তাহলে সেই দলকে কখনোই প্রথম সারির দল বলা চলে না ৷ আমি ভীষণ হতাশ ৷" তবে দেশের ফুটবলের গভর্নিং বডি তাঁকে সহযোগিতা করলে তিনি দায়িত্ব পালনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত ছিলেন ৷ কিন্তু শেষমেশ তা হল না ৷
এদিকে 2024 সালে লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর থেকেই জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য যে তিনি প্রস্তুত, সেটা একাধিকবার জানিয়েছেন ক্লপ ৷ সুযোগ পেলে জার্মান দলকে যে কোনও সময় প্রশিক্ষণ দিতে রাজি বলেও দাবি করেছেন তিনি ৷ তাই নাগেলসমান বিদায়ের পর জোরালো হয়েছে তাঁর নাম ৷ যা পরিস্থিতি তাতে লিভারপুলকে সাম্প্রতিক অতীতে ব্য়াপক সাফল্য এনে দেওয়া এই জার্মান কোচ নিজের দেশের ফুটবল দলের হটসিটে বসলে অবাক হওয়ার থাকবে না ৷ যদিও এই মুহূর্তে ক্লপ এই ব্যাপারে মন্তব্য থেকে বিরত থেকেছেন ৷

