কলকাতা লিগের চ্যালেঞ্জ নিচ্ছে ব্যারেটোর খেলাঘর জর্জ টেলিগ্রাফ, নয়া জার্সির আত্মপ্রকাশ
প্রথমবার কলকাতা লিগে পূর্ণসময়ের জন্য কোনও দলের দায়িত্বে 'সবুজ-তোতা' ৷

Published : July 2, 2026 at 3:02 PM IST
কলকাতা, 2 জুলাই: শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা, একসময় কলকাতা লিগে মোহনবাগানের ভরসার আরেক নাম ছিলেন হোসে রামিরেজ ব্য়ারেটো ৷ একার কাঁধে দায়িত্ব নিয়ে সবুজ-মেরুনকে যে কতো ম্য়াচ জিতিয়েছেন তিনি, তার ইয়ত্তা নেই ৷ সেই কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরছেন আসন্ন কলকাতা লিগে ৷ না, এই বয়সে আর ফুটবলার হয়ে নয় বরং জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে কলকাতা লিগে এবার আত্মপ্রকাশ হচ্ছে ব্যারোটোর ৷
মাঝে বেশ কয়েকবার রিলায়েন্স অ্যাকাডেমি, আইএসএলে সহকারি কোচ এবং বেঙ্গল সকার লিগে কোচের দায়িত্ব পালন করেছেন। এবার অ্যাকাডেমির কোচ বা সহকারি হিসেবে দায়িত্ব পালন নয় ৷ হোসে রামিরেজ ব্যারেটো এবার কলকাতা লিগে পূর্ণ সময়ের কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ৷ তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের হেড কোচের দায়িত্ব এবার সামলাবেন 'সবুজ-তোতা' ৷ প্রথম ম্যাচে যাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ৷ লিগ অভিযান শুরুর আগে বুধবার জার্সি উন্মোচন হয়ে গেল ব্য়ারেটোর দলের জার্সি ৷ সেই অনুষ্ঠানে ব্যারেটো বলেন, "যেভাবে সমস্ত কিছু আয়োজন করেছে খেলাঘর জর্জ টেলিগ্রাফ, তাতে পুরো দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ৷"
সম্ভবত 10 জুলাই থেকে কলকাতা লিগে বল গড়ানো শুরু হবে ৷ ব্যারেটো বলছেন, "কলকাতা লিগে গ্রুপ-এ বেশ শক্ত ৷ এখানে বড় বড় দল আছে ৷ ফুটবলারদের অনেকে নিজেদের প্রতিভাত করার সুযোগ পাবে ৷ ইস্টবেঙ্গল-মোহনবাগান রয়েছে ৷ আমার দল বি-গ্রুপে থাকলে খানিকটা হতাশ হতাম ৷ এ গ্রুপে লড়াই হবে ৷ আমার দল লড়াই করার জন্য তৈরি ৷"
রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের ৷ নতুন নাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ হিসেবেই এবার প্রিমিয়র ডিভিশন লিগে আত্মপ্রকাশ ঘটবে এই ক্লাবের ৷ রূপনারায়ণ নদীর পাড়ে সূর্যাস্ত এবং জোনাকির আলোর সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফ ক্লাবের সভাধিপতি তথা বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার চেয়ারম্যান সুব্রত দত্ত ৷ সঙ্গে ছিলেন কোচ, প্রাক্তন ফুটবলার হোসে ব্যারেটো ৷ দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যেমন ঘোষণা করলেন এদিন, তেমনই লিগে দলের পরিকল্পনা নিয়েও বেশ খোলামেলা কথা বললেন ব্যারেটো ৷
অনুষ্ঠানে উপস্থিত বাকি সকলের মতো প্রত্যাশার পারদ তুঙ্গে সুব্রত দত্ত'র ৷ তারই মধ্যে অবশ্য সর্বভারতীয় ফুটবল সংস্থাকে কটাক্ষ করতে ভুললেন না তিনি ৷ ভারতীয় ফুটবলের বর্তমান দৈন্যদশার পিছনে এআইএফএফের সদিচ্ছার অভাব রয়েছে বলেই মনে করেন সুব্রত দত্ত ৷ সিএফএলে ক্লাবের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে যতটা আত্মবিশ্বাসী ব্যারেটো, ঠিক ততোটাই উত্তেজিত দলের ফুটবলাররা ৷ প্রতিপক্ষের প্রতি অধিনায়কের হুঙ্কার ম্যাচ এগারো জনের বিরুদ্ধে হবে ৷ মাঠেই দেখা যাবে ৷

