ETV Bharat / sports

ক্যাঙারুর দেশে দ্বিতীয় সেঞ্চুরিতে পন্টিংকে ছুঁলেন রুট, সামনে শুধুই সচিন-কালিস

বছর বারো প্রতীক্ষার পর চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অজিভূমে প্রথম শতরান এসেছিল রুটের ব্য়াটে ৷

JOE ROOT
সিডনিতে শতরানের পর জো রুট (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : January 5, 2026 at 10:15 AM IST

2 Min Read
Choose ETV Bharat

সিডনি, 5 জানুয়ারি: টেস্ট কেরিয়ারের 67তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন রবিবার ৷ সিডনি টেস্টের দ্বিতীয়দিন সেই হাফসেঞ্চুরিকে সেঞ্চুরির রূপ দিলেন জোসেফ এডওয়ার্ড রুট ৷ আর লাল-বলের ক্রিকেটে 41 নম্বর সেঞ্চুরিটি পূর্ণ করে সোমবার রিকি পন্টিংকে ছুঁয়ে ফেললেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক ৷ তাঁর সামনে এখন শুধুই জ্যাক কালিস (45) ও সচিন তেন্ডুলকর (51) ৷

প্রাথমিক ধাক্কা সামলে পঞ্চম টেস্টের প্রথমদিন জো রুটের ব্য়াটেই ঘুরে দাঁড়িয়েছিল ইংল্য়ান্ড ৷ হ্য়ারি ব্রুকের সঙ্গে তাঁর অবিভক্ত 154 রানের জুটিতে তিন উইকেটে 211 রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছিল সফরকারী দল ৷ 72 রানে অপরাজিত ছিলেন রুট ৷ 78 রানে ক্রিজে ছিলেন সাদা-বলের অধিনায়ক ব্রুক ৷ দ্বিতীয়দিন মর্নিং সেশনে খুব একটা লম্বা হয়নি দ্বিতীয়জনের ইনিংস ৷ 84 রানে ব্রুককে ফিরিয়ে চতুর্থ উইকেটে 169 রানের জুটি ভাঙেন স্কট বোল্যান্ড ৷ তবে থামানো যায়নি রুটকে ৷

এদিন প্রথম সেশনেই 146 বলে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দ্বিতীয় টেস্ট শতরানটি পূর্ণ করে ফেলেন ইংল্য়ান্ড কিংবদন্তি ৷ যার প্রথমটি এসেছিল চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্ট তথা ব্রিসবেনে পিঙ্ক বল টেস্টে ৷ 60 ওভারের প্রথম বলে মাইকেল নেসেরের ডেলিভারিতে দু'রান সংগ্রহ করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের সমকক্ষে বসে পড়েন রুট ৷ 297 ইনিংসে 41তম টেস্ট সেঞ্চুরিটি এল ইংরেজ ক্রিকেটারের ব্য়াটে ৷ পান্টারের ঝুলিতে অবশ্য সমসংখ্যক শতরান রয়েছে রুটের তুলনায় 10টি ইনিংস কম খেলে ৷

সে যাইহোক, সেঞ্চুরি করেই এদিন ক্ষান্ত দেননি রুট ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়কের ড্য়াডি হান্ড্রেড ইনিংস শেষমেশ থামে 160 রানে ৷ 242 বলে রুটের ইনিংস সাজানো ছিল মাত্র 15টি চারে ৷ সেঞ্চুরিয়নকে কট অ্য়ান্ড বোল্ড করেন নেসের ৷ মূলত রুটের ব্য়াটে ভর করেই প্রথম ইনিংসে চারশোর দোরগোড়ায় পৌঁছে যায় ইংল্য়ান্ড ৷ অধিনায়ক বেন স্টোকস শূন্য রানে ফিরলেও স্টাম্পার-ব্যাটার জেমি স্মিথের ব্য়াট থেকে আসে মূল্যবান 46 রান ৷ শেষদিকে উইল জ্যাকসের 27 রান 'থ্রি লায়ন্স'কে পৌঁছে দেয় 384 রানে ৷

97.3 ওভারে অতিথি দল অলআউট হয়ে যেতেই চা-পানের বিরতি নিয়ে নেওয়া হয় ৷ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বাধিক চার উইকেট গেল নেসেরের ঝুলিতে ৷ দু'টি করে উইকেট নিলেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ৷

  • টেস্টে সর্বাধিক শতরানকারী প্রথম পাঁচ:
  1. সচিন তেন্ডুলকর- 51
  2. জ্য়াক কালিস- 45
  3. রিকি পন্টিং- 41
  4. জো রুট- 41*
  5. কুমার সাঙ্গাকারা- 38
  6. স্টিভ স্মিথ- 36*
  7. রাহুল দ্রাবিড়- 36

আরও পড়ুন: