ETV Bharat / sports

প্যারিসের দাবদাহে অসুস্থ সিনার ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ডেই, এগোলেন সাবালেঙ্কা

মহিলা সিঙ্গলসে প্রত্য়াশামতো এগোলেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা ৷ তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন গতবারের চ্যাম্পিয়ন গফ-ও ৷

CERUNDOLO STUNS SINNER
দ্বিতীয় রাউন্ডের ম্য়াচ চলাকালীন অসুস্থ সিনার (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 29, 2026 at 9:55 AM IST

3 Min Read
Choose ETV Bharat

প্য়ারিস, 29 মে: গত কয়েকমাসে টেনিসের সম্ভাব্য সমস্ত মণিমানিক্য কুড়িয়েছেন তিনি ৷ গ্রহের দ্বিতীয় এবং কনিষ্ঠ প্লেয়ার হিসেবে 'কেরিয়ার গোল্ডেন মাস্টার্স' ঝুলিতে পুরেছেন ৷ পাশাপাশি কিংবদন্তি রাফায়েল নাদালের পর দ্বিতীয় প্লেয়ার হিসেবে একই মরশুমে তিন-তিনটি ক্লে-কোর্ট মাস্টার্স খেতাবও জিতে নিয়েছেন ৷ স্বাভাবিকভাবে কার্লোস আলকারাজহীন ফরাসি ওপেনের লাল-সুরকির কোর্টে জ্যানিক সিনার ছিলেন পরিষ্কার ফেভারিট ৷ কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন বিশ্বের এক নম্বর ৷

সবমিলিয়ে এদিন সবচেয়ে বড় ইন্দ্রপতনের সাক্ষী থাকল রোলাঁ গারো 2026 ৷ প্যারিসের তীব্র দাবদাহের কাছে এদিন হার মানলেন ইতালিয়ান ৷ তাতে অবশ্য সিনারের আর্জেন্তাইন প্রতিদ্বন্দ্বী জুয়ান ম্য়ানুয়েল সেরুন্ডোলো'র কৃতিত্বকে খাটো করে দেখার জায়গা নেই ৷ পাঁচ সেটের লড়াইয়ে বিশ্বের এক নম্বর বৃহস্পতিবার হারলেন 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 সেটে ৷ প্রথম দু'সেট জয়ের পর তৃতীয় সেটে এদিন একসময় 5-1 ব্যবধানে এগিয়ে ছিলেন সিনার ৷ এমন সময় প্য়ারিসের গরমে কাহিল হয়ে পড়েন বছর চব্বিশের তারকা ৷

সেখান থেকেই পতনের শুরু ৷ মাত্র একটি গেম জিতে নিয়ে যেখানে স্ট্রেট সেট জয়ের হাতছানি ছিল, সেখান থেকে ম্য়াচটাই হেরে বসেন সিনার ৷ অবিস্মরণীয় প্রত্য়াবর্তনে প্য়ারিসে রূপকথা লেখেন বিশ্বের 56 নম্বর সেরুন্ডোলো ৷ জোড়া অস্ট্রেলিয়ান ওপেন, একটি উইম্বলডন এবং একটি যুক্তরাষ্ট্র ওপেন ৷ সিনারের ঝুলিতে ফরাসি ওপেন ছাড়া সবকিছুই রয়েছে ৷ ফরাসি ওপেনে খেতাব জিতলে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করে ফেলতেন ৷ কিন্তু সেই অপেক্ষা দীর্ঘায়িত হল ৷

হারের পর সিনার বলেন, "কোর্টে আমি মোটেই স্বস্তি বোধ করছিলাম না ৷ মাথা ঘোরাচ্ছিল ৷ একেবারেই এনার্জি পাচ্ছিলাম না ৷ পুরো শরীরটা যেন অসাড় মনে হচ্ছিল ৷ শেষ কবে এমনটা হয়েছে মনে করতে পারছি না ৷" তবে এর জন্য অবশ্য প্যারিসের গরমকে দায়ী করেননি ইতালিয়ান ৷ সিনার বলেন, "গরম ছিল কিন্তু ততোটাও নয় ৷ খেলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না ৷ সুতরাং এটা আবহাওয়ার বিষয় নয় ৷ সম্পূর্ণ আমার সমস্যা ৷"

সিনার ছাড়াও এদিন ফরাসি ওপেনে উল্লেখযোগ্যভাবে বিদায় নিলেন প্রাক্তন ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিপাস ৷ বিশ্বের 80 নম্বর ইতালির মাত্তেও আর্নাল্দি'র কাছে গ্রিক তারকা হারলেন 7-6, 5-7, 6-3, 6-2 সেটে ৷ পুরুষ সিঙ্গলসে রোলাঁ গারো এদিন সাক্ষী থাকল আরও একটি অঘটনের ৷ প্রতিযোগিতার পঞ্চম বাছাই মার্কিন তারকা বেন শেল্টন স্ট্রেট সেটে হেরে গেলেন বিশ্বের 60 নম্বর বেলজিয়ামের রাফায়েল কলিগননের কাছে ৷ ম্য়াচের ফল শেল্টনের বিপক্ষে 4-6, 5-7, 4-6 ৷

মহিলা সিঙ্গলসে অবশ্য প্রত্যাশামতোই তৃতীয় রাউন্ডে পৌঁছলেন বিশ্বের পয়লা নম্বর আরিনা সাবালেঙ্কা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ ৷ দু'জনেই জিতলেন স্ট্রেট সেটে ৷ ফরাসি প্রতিদ্বন্দ্বীকে সাবালেঙ্কা হারালেন 7-5, 6-2 সেটে ৷ অন্যদিকে বিশ্বের 129 নম্বর মিশরের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিশ্বের চার নম্বর গফ জিতলেন 6-3, 6-2 সেটে ৷

আরও পড়ুন: