ETV Bharat / sports

আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরাই, এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে হার ইস্টবেঙ্গলের

এডমুন্ড লালরিনডিকার গোলে এদিন প্রথমার্ধে এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড ৷

ISL
গোল করছেন স্টিফেন এজে (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 8:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: এর আগে একাধিকবার হাতছানি ছিল ৷ কিন্তু আইএসএলে এখনও পর্যন্ত জয়ের হ্যাটট্রিক করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল ৷ এই মরশুমে প্রথম দু'টো ম্য়াচ জিতে যেভাবে তেড়েফুঁড়ে শুরু করেছে, তাতে মনে হচ্ছিল আইএসএলে লাল-হলুদের প্রথম জয়ের হ্যাটট্রিকটা এবার বুঝি চলে আসবে ৷ কিন্তু ফের নিরাশ করল অস্কার ব্রুজোঁ অ্য়ান্ড কোম্পানি ৷ জামশেদপুরের কাছে হেরে জয়ের হ্য়াটট্রিক এবং সঙ্গে শীর্ষস্থানটাও হাতছাড়া হল ইস্টবেঙ্গলের ৷ ম্য়াচে এগিয়ে গিয়েও 1-2 গোলে কলকাতা জায়ান্টরা ৷

ট্যাকটিক্যাল দ্বৈরথে মন ভালো করা ফুটবল যুবভারতীতে ৷ যেখানে এডমুন্ড লালরিনডিকার অনবদ্য গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল ৷ দ্বিতীয়ার্ধে ব্রুজোঁকে মগজাস্ত্রের লড়াইয়ে হারালেন লিগের পোড় খাওয়া কোচ ওয়েন কয়েল ৷ ইস্পাতনগরীর দলটির হয়ে দু'টি গোল স্টিফেন এজে এবং রেই তাচিকাওয়ার ৷

সাউল ক্রেসপো ফিটনেসের কারণে শেষপর্যন্ত দলে না-থাকায় এদিন অভিষেক হয় অ্যান্টন সোবার্গের ৷ আর সাউলের অনুপস্থিতিতে মাঝমাঠ দখলে নিতে পারেনি ইস্টবেঙ্গল ৷ প্রথম দু'ম্যাচের বিশ্লেষণে লাল-হলুদ মাঝমাঠের প্রাণভোমরা মিগুয়েল ফিগেরা ৷ তাঁকে আটকাতে এদিন ওয়েন কয়েল জুড়ে দেন প্রণয় হালদারকে ৷ প্রণয় যে পুরোপুরি সফল তা বলা যাবে না ৷ তবে ব্রাজিলিয়ানকে অন্য়ান্যদিনের তুলনায় নিষ্ক্রিয় রাখলেন ৷ আক্রমণ সামলে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলের ছক সাজিয়েছিল জামশেদপুর ৷ প্রথমার্ধে একবার মেসি বাউলি গোলের মুখ খুলে ফেলেছিলেন ৷ কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয় ৷

এদিকে ইউসেফ এজ্জেজারিও এদিন ফর্মে না-থাকায় ইস্টবেঙ্গলের এগোতে 41 মিনিট সময় লেগে যায় ৷ বিপিন সিংয়ের মাপা সেন্টার থেকে বক্সের মধ্যে বল রিসিভ করে ঠান্ডা মাথায় জালে পাঠান এডমুন্ড ৷ ঠিক দু'মিনিট বাদে মিগুয়েলের কর্নার থেকে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন ইউসেফ ৷ দু'ম্যাচে চার গোল করার পর স্প্যানিয়ার্ডের থেকে এই ধরনের গোল নষ্ট অভাবনীয় ৷ এই সুযোগ নষ্টই ম্যাচের টার্নিং পয়েন্ট ৷

বিরতির পর 61 মিনিটে সমতায় ফেরে জামশেদপুর ৷ স্টিফেন এজে কর্নার থেকে গোল করে যান কার্যত বিনা বাধায় ৷ এরপর একাধিক পরিবর্তন করে পুনরায় লিড নেওয়ার চেষ্টায় ছিল ইস্টবেঙ্গল ৷ কিন্তু দ্বিতীয়বার আর ভুল করেনি জামশেদপুর রক্ষণ ৷ উলটে পরিবর্ত হিসেবে নেমে 86 মিনিটে গোল করে যান রেই তাচিকাওয়া ৷ যা কয়েলের মাস্টারস্ট্রোক বলা যেতে পারে ৷ মাদিহ তালালের ব্যাক-হিল থেকে তৈরি করে দেওয়া বল বক্সের বাইরে থেকে সোয়ার্ভিং শটে জালে রাখেন জাপানের ফুটবলার ৷ তৃতীয় ম্যাচে হারের ধাক্কা ইস্টবেঙ্গল সমর্থকদের আশাহত করবে ৷ প্রথম ম্য়াচে অ্যান্টন সোবার্গও নজর টানতে ব্যর্থ ৷ আগামী 5 মার্চ লাল-হলুদের পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়া ৷

আরও পড়ুন: