কাটল জট, ভ্যালেন্টাইন্স ডে'তে গোয়ায় শুরু ISL; আই লিগ কলকাতায়
আইএসএল-এর সব ক'টি ম্যাচই হবে গোয়ায় ৷ অংশ নেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল-সহ 14টি ক্লাব । আইএসএলের পাশাপাশি আই-লিগ নিয়েও কাটল জট ।

Published : January 6, 2026 at 8:08 PM IST
নয়াদিল্লি, 6 জানুয়ারি: ভারতীয় ফুটবলের আকাশ থেকে সরল কালো মেঘ ! আইএসএল নিয়ে অবশেষে কাটল জট । প্রেমদিবসে শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট । আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ ৷ অংশ নেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল-সহ 14টি ক্লাব । আইএসএলের পাশাপাশি আই-লিগ নিয়েও কাটল জট । যা ফুটবলমহলে নিসন্দেহে বড় স্বস্তির খবর।
মঙ্গলবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশন ও সরকারের বৈঠকের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য আইএসএল শুরু কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে বৈঠকের পর এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে বলেন, "আইএসএল আয়োজনে 25 কোটি টাকার কেন্দ্রীয় পুল তৈরি করা হয়েছে ৷ এর 10 শতাংশ দেবে এআইএফএফ ৷ বাকি 30 শতাংশ আসবে কমার্শিয়াল পার্টনারদের থেকে ৷ ফেডারেশন আইএসএল-এর জন্য খরচ করবে 14 কোটি টাকা ৷ আর আই লিগের জন্য 3.2 কোটি টাকা ৷ যদিও এই মুহূর্তে আমাদের কোনও স্পনসর নেই ৷ তবে আমরা স্পনসরের খোঁজ করছি ৷"
আইএসএল 2025-26 মরশুম শুরু হওয়ার সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে 14 ফেব্রুয়ারি। এবারের আইএসএলে মোট 14টি দল অংশ নিতে চলেছে । তবে এফসি গোয়া, ওড়িশা এফসি চুড়ান্ত সম্মতি জানাতে 24 ঘণ্টা সময় চেয়ে নিয়েছে । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বৈঠকের শুরুতে জানিয়ে দেয় যে কোনও মূল্যে আইএসএল হবে । পাঁচটা ক্লাব খেললেও আইএসএল হবে।
এই মরশুমে আইএসএল সম্পূর্ণভাবে সেন্ট্রালাইজড ফরম্যাটে অনুষ্ঠিত হবে গোয়ায় । সেখানে তিনটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে । এই স্টেডিয়ামগুলি হল—ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, ভাড্ডেমের তিলক ময়দান এবং বাম্বোলিমের জিএমসি স্টেডিয়াম। সংগঠকদের মতে, কেন্দ্রীভূত ফরম্যাটে লিগ আয়োজন করলে খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং নিরাপত্তা ও পরিকাঠামো গত ব্যবস্থাপনাও তুলনামূলক সহজ হবে।
অন্যদিকে, আই লিগ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আই লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতায়। ভারতীয় ফুটবলের শহর কলকাতা ফের জাতীয় লিগ ফুটবলের কেন্দ্রবিন্দু হতে চলেছে । যুবভারতী ক্রীড়াঙ্গন এবং শহরের অন্যান্য স্টেডিয়ামে আই লিগের ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, আইএসএল ও আই লিগ—দু’টি প্রতিযোগিতার ক্ষেত্রেই এই সিদ্ধান্ত মরশুম বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ । দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে সূচি ও ভেন্যু নিয়ে স্পষ্টতা আসায় ক্লাব, ফুটবলার এবং সমর্থক সব পক্ষই আশাবাদী। এখন নজর 14 ফেব্রুয়ারির দিকে। তার আাগে ক্রীড়াসূচি প্রকাশ হবে। সব কিছু ঠিক থাকলে 14 ফেব্রুয়ারি থেকেই ভারতের শীর্ষস্তরের ফুটবল লিগে বল গড়াবে।

