ETV Bharat / sports

শীঘ্রই আইএসএল-এর সূচি ঘোষণা, অনুশীলনে নেমে পড়ল সবুজ-মেরুন

আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আইএসএল-এর লিগের সূচি ঘোষণা করবে ফেডারেশন ৷ 2025-26 আইএসএল-এর আয়োজন করবে এআইএফএফ ৷

Indian Super League
আগামী সপ্তাহেই আইএসএল এর সূচি ঘোষণা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Sports Team

Published : January 3, 2026 at 8:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি/কলকাতা, 3 জানুয়ারি: অবশেষে আশার আলো। কাটতে চলেছে আইএসএল জট ৷ আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আইএসএল-এর লিগের সূচি ঘোষণা করা হবে। অন্যান্য বিস্তারিত তথ্যও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে এ আইএফএ সূত্রে জানানো হয়েছে । শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পদাধকারীরা এক জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে এআইএফএফ-আইএসএল তিন সদস্যের কো-অর্ডিনেশন কমিটির জমা দেওয়া রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফেডারেশন-এর নির্দেশ অনুযায়ী কো-অর্ডিনেশন কমিটিকে 2 জানুয়ারি 2026-এর মধ্যে তাদের রিপোর্ট এআইএফএফ সচিবালয়ে জমা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়া হয়।

বৈঠকে রিপোর্টের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় । কো-অর্ডিনেশন কমিটির রিপোর্ট অনুযায়ী, আসন্ন লিগটি এআইএফএফ-এর তত্ত্বাবধান ও পরিচালনায় আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে । অফিস বেয়ারাররা এই সুপারিশে সম্মতি জানান এবং লিগ পরিচালনার দায়িত্ব এআইএফএফ-এর হাতেই থাকবে বলে সিদ্ধান্ত নেন । আইএসএল-এর ক্লাবগুলির অংশগ্রহণ, লিগ পরিচালনা এবং সময়সূচি নিয়ে যে প্রশ্ন উঠছিল, তা দ্রুত মেটানো সম্ভব হবে বলে আশাবাদী এআইএফএফ।

এদিকে নতুন বছরে প্রথম অনুশীলন শুরু মোহনবাগান সুপার জায়ান্ট । ফুটবলাররা প্র্যাকটিসে যোগ দিয়েই ম্যানেজমেন্টের ব্যক্তিদের কাছে আইএসএল কবে শুরু হবে তা জানতে চান। যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডের বাইরে নেই প্রথমদিনের অনুশীলনে ছিল না কোনও উৎসুক দর্শক। দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জেমি ম‌্যাকলারেনদের নাম ধরে ডাক নেই । নেই নিজস্বী নেওয়ার আবদারও । উপস্থিত সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে পড়লেন ম‌্যাকলারেন, কামিংসরা। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি বোঝার জন‌্য এই খণ্ডচিত্রই যথেষ্ট ।

MBSG
অনুশীলনে নেমে পড়ল সবুজ-মেরুন (ইটিভি ভারত)

আইএসএল হবে ধরে নিয়েই দীর্ঘ ছুটির পরে শনিবার থেকে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। কামিংস, দিমিত্রি-দের সামনাসামনি দেখে প্রাণোচ্ছ্বল মনে হলেও জানা গিয়েছে ভিতরে ভিতরে তাঁরাও দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছেন । এমনকি ম‌্যানেজমেন্টের কাউকে কাউকে ডেকে আইএসএল কবে শুরু হবে, তা জানতেও চেয়েছেন ।

তবে আশঙ্কার দোলাচলে থাকলেও প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখেননি বাগান কোচ সের্গেও লোবেরা। প্রায় একঘণ্টা মতো প্রস্তুতি হয়। শারীরিক সক্ষমতার পরে নিজেদের মধ‌্যে ছোট ছোট পাস খেলেন সাহাল আব্দুল সামাদরা। তার পরে মাঠের অর্ধেকটা জুড়ে চলে দু’দলে ভাগ করে অনুশীলন। প্রত‌্যেকের চোখেমুখেই ছিল মরিয়া মনোভাব। আইএসএলের দিনক্ষণ ঘোষণা হলেই যাতে প্রস্তুতির অভাব অন্তরায় না হয়ে দাঁড়ায়, তার ঝলক প্রথম দিন থেকেই শুভাশিস বসুরা দিয়ে রাখলেন।

শনিবার প্রস্তুতিতে ছিলেন না কিয়ান নাসিরি ও আশিস রাই। কিয়ান বিয়ের জন‌্য ছুটি নিয়েছেন। আশিস আসেননি কিছু পারিবারিক সমস‌্যার কারণে। বাকিরা প্রত‌্যেকেই ছিলেন, কিন্তু সকলের মনের মধ‌্যেই কী হয় কী হয় ভাব। সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ছে ইস্টবেঙ্গলও।