ETV Bharat / sports

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না ইরান ? সামনে এল বড় আপডেট

আগামী জুনে ফিফা বিশ্বকাপ থেকে ইরানের নাম প্রত্যাহারের সম্ভাবনা জোরালো হয়েছে ৷

IRAN WC PARTICIPATION uncertain
ইরান সমর্থকদের হয়তো দেখা মিলবে না এবারের বিশ্বকাপে (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 7:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তেহরান, 2 মার্চ: মধ্যপ্রাচ্যে সংঘাতের জের ৷ আগামী জুনে শুরু হতে চলা ফিফা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের চিন্তাভাবনা শুরু করল ইরান ৷ শনিবার থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মূলে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হানা ৷ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের ৷ এরপর পাল্টা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ৷ এমতাবস্থায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন সেদেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ৷

ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ জানিয়েছেন, এহেন পরিস্থিতিতে খেলাধুলোর উপর মনোসংযোগ করার উপায় নেই ৷ খামেনেইয়ের মৃত্যুর পর রবিবার দেশের এক টেলিভিশন চ্য়ানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় আজ যেটা ঘটল মনে হয় না এরপর বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমরা ভাবব ৷ তবে ক্রীড়াক্ষেত্রের প্রধান রয়েছেন এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণের বিষয়ে ৷"

এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো দেশে সামরিক উত্তেজনার কারণে আপাতত বন্ধ রয়েছে ইরানের ঘরোয়া ফুটবল লিগ ৷ সবমিলিয়ে ফেডারেশন প্রেসিডেন্টের ইঙ্গিত আঁচ করে বলাই যায় মেহদি তারেমিদের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ বাঁও জলে ৷ আগামী 12 জুন বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগে হাতে মাস তিনেকের মতো সময় ৷ এরমধ্যে সবকিছু সমাধান সম্ভব কি না, তা অজানা ৷ সাময়িক সমাধানসূত্র মিললেও নিরাপত্তার কারণে ইরানের মার্কিন মুলুকে যাওয়ার বিষয়টি ব্যাপকভাবে অনিশ্চিত ৷

তাছাড়া ইরান সমর্থকরা মার্কিন মুলুকে প্রিয় দলের খেলা দেখতে যেতে চাইলে তাদের ভিসা সমস্য়ায় পড়তে হবে ৷ কারণ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে যে 19টি দেশকে ভিসা ইস্যু করা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করেছেন, তার মধ্যে ইরান একটি ৷ যদিও ইরানের ফুটবল প্রেসিডেন্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিফা তাদের এখনও অবস্থান স্পষ্ট করেনি ৷

আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিরুদ্ধে গ্রুপ পর্বের সবক'টি ম্য়াচ মার্কিন যুক্তরাষ্ট্রেই খেলার কথা ইরানের ৷ সূচি অনুযায়ী 16 জুন লস অ্য়াঞ্জেলসে কিউয়িদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন তারেমিরা ৷

আরও পড়ুন: