ফাইনালে জোড়া অ্যাসিস্ট, ভারত সফরের আগে ইন্টার মিয়ামিকে এমএলএস কাপ দিলেন মেসি
জাতীয় দলের সতীর্থ দি পল এবং তাদিও আলেন্দেকে দিয়ে গোল করালেন 'লা আলবিসেলেস্তে'র বিশ্বজয়ী অধিনায়ক ৷

Published : December 7, 2025 at 1:52 PM IST
হায়দরাবাদ, 7 ডিসেম্বর: ক্লাব ফুটবলে ইউরোপের মায়া ছেড়ে 2023 সালে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন তিনি ৷ 2023 সালে লিগস কাপ এবং 2024 সালে সাপোর্টার্স শিল্ড জিতলেও কাঙ্খিত এমএলএস কাপ ধরা দেয়নি এতদিন ৷ অবশেষে তৃতীয় মরশুমে এসে লক্ষ্যপূরণ লিয়োনেল মেসির ৷ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস'কে 3-1 গোলে উড়িয়ে ঐতিহাসিক এমএলএস কাপ জিতল মেসির ইন্টার মিয়ামি ৷ ঐতিহাসিক কারণ, আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে সঙ্গে তাঁর ক্লাবেরও এটি প্রথম এমএলএস কাপ খেতাব ৷
ভারত সফরে আসার আগে এমএলএস কাপ ফাইনালে জোড়া অ্যাসিস্ট করে দলকে খেতাব দিলেন 'এলএম টেন' ৷ জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল এবং তাদিও আলেন্দেকে দিয়ে গোল করালেন 'লা আলবিসেলেস্তে'র বিশ্বজয়ী অধিনায়ক ৷ সবমিলিয়ে এদেশে আসার আগে যুক্তরাষ্ট্রে তাঁর সবচেয়ে সফল মরশুম শেষ করলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷

বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে 2025-26 মরশুমের শুরুতে মেজর লিগ সকার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্য়াপসে যোগ দিয়েছেন থমাস মুলার ৷ জার্মান তারকা বনাম আর্জেন্তাইন তারকার মহাদ্বৈরথের সাক্ষী থাকতে শনিবার উত্তেজনার পারদ চড়েছিল দক্ষিণ ফ্লোরিডায় ৷ তবে এ যাত্রায় মুলার পিছিয়ে পড়লেন মেসির সঙ্গে লড়াইয়ে ৷ চেজ স্টেডিয়ামে এদিন আট মিনিটের মাথায় লিড নেয় ইন্টার মিয়ামি ৷ সৌজন্যে ভ্যাঙ্কুভারের রাইট-ব্যাক এদিয়ের ওকাম্পো ৷ তাঁর আত্মঘাতী গোলে 1-0 করে মেসির ক্লাব ৷
ES NUESTRA!! 2025 MLS CUP CHAMPIONSSSS 🏆#CAMPEONES pic.twitter.com/YM121V6ksO
— Inter Miami CF (@InterMiamiCF) December 6, 2025
সতীর্থের উদ্দেশে তাদিও আলেন্দের বাড়ানো পাস কলম্বিয়ান ডিফেন্ডারের পায়ে প্রতিহত হয়ে গোলে প্রবেশ করে ৷ দ্বিতীয়ার্ধে অবশ্য শুরুতে গোল করে ম্য়াচে সমতা ফেরায় ভ্যাঙ্কুভার হোয়াইটক্য়াপস ৷ আলি আহমেদের গোলে 1-1 করে মুলারের দল ৷ পরের মিনিটেই এগিয়ে যেতে পারত ভ্যাঙ্কুভার ৷ কিন্তু ইমানুয়েল সাব্বির শট পোস্টে লেগে ফিরে আসে ৷ এরপর চেজ স্টেডিয়ামে শুরু হয় মেসি ম্য়াজিক ৷
DALE CAMPEOOOOON DALE CAMPEOOOOON 🍾💗 pic.twitter.com/uqvCRuGLRJ
— Inter Miami CF (@InterMiamiCF) December 7, 2025
71 মিনিটে দি পলের উদ্দেশে ডিফেন্স চেরা থ্রু বাড়ান 'এলএম টেন' ৷ সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি 2022 আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ৷ সেখানেই খেতাব নিশ্চিত হয়ে যায় ইন্টার মিয়ামির ৷ তবে সংযুক্তি সময়ে ফের মেসির অ্যাসিস্ট তৃতীয় গোল এনে দেয় তাঁদের ৷ অধিনায়কের বাড়ানো বল ধরে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আর্জেন্তিনারই তাদিও আলেন্দে ৷

