চিনের দাপট সরিয়ে এশিয়াডে পদকে চোখ পয়লা নম্বর পায়াসের
বর্তমানে রাজারহাটে পৌলমী ঘটক-সৌম্যজিত রায়ের অ্যাকাডেমিতে অনুশীলনরত পায়াস জৈন ৷ সেখানেই ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন কিছুক্ষণ ৷

Published : January 4, 2026 at 8:45 PM IST
কলকাতা, 4 জানুয়ারি: চিনের আধিপত্য সরিয়ে টিটি বোর্ডে ভারতীয় প্য়াডলারদের শীর্ষস্থান দখল করা অসম্ভব কিছু নয় ৷ নতুন বছরে নিজের লক্ষ্য জানাতে গিয়ে ভারতীয় টেবল টেনিস নিয়ে আশার কথা পায়াস জৈনের গলায় ৷ যিনি এই মুহূর্তে দেশের পয়লা নম্বর প্যাডলার ৷ জন্মসূত্রে হরিয়ানার হলেও আদতে থাকেন দিল্লিতে ৷ পরিবারের সকলেই টেবল টেনিস খেলোয়াড় ৷ মা একসময় টেবল টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ বর্তমানে পায়াস এবং তাঁর ভাই দু'জনেই টেবিল টেনিস খেলছেন ৷ এককথায় টিটি'র বোর্ডে পারিবারিক ঐতিহ্য বহনের দায়িত্ব দুই ভাইয়ের কাঁধে ৷
সুদর্শন পায়াস অবশ্য বর্তমানে পৌলমী ঘটক-সৌম্যজিত রায়ের রাজারহাটের অ্যাকাডেমিতে অনুশীলনরত ৷ এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পায়াসের বাবা তথা প্রাক্তন জাতীয়স্তরের টেবল টেনিস খেলোয়াড় জীনেন্দ্র জৈনের নিজস্ব অ্যাকাডেমি থাকলেও তা বন্ধ হয়ে গিয়েছে ৷ তাই পরিকাঠামোগত সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাকাডেমির খোঁজে ছিলেন বছর একুশের পায়াস ৷ তা খুঁজে পেতেই দিল্লি ছেড়ে কলকাতায় চলে এসেছেন ৷ বর্তমানে দেশের একনম্বর হলেও যাত্রাটা মোটেই সহজ ছিল না ৷ বিশেষ করে মানসিকভাবে পিছিয়ে পড়েছিলেন তিনি ৷ আত্মবিশ্বাসের অভাবে বেশ কিছু প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছিলেন ৷ সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং মানসিক শক্তি সম্বল করে পায়াস এখন দেশের সেরা ৷
অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 বিভাগে বিশ্বের এক নম্বর ছিলেন, আর এখন সিনিয়র বিভাগে ৷ আর্ন্তজাতিক পদক জয়ের নজিরও রয়েছে পায়াসের ঝুলিতে ৷ ফলত দেশীয় সার্কিট ছাড়িয়ে তিনি আর্ন্তজাতিক মঞ্চে চোখ রাখবেন, সেটাই স্বাভাবিক ৷ ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় দেশের পয়লা নম্বর বলছেন, "সামনে বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে ৷ আর্ন্তজাতিক টুর্নামেন্টও রয়েছে ৷ তবে আমি ধাপে-ধাপে এগোতে চাই ৷ আপাতত এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন এবং সেখানে ভালো কিছু করা একমাত্র লক্ষ্য ৷"
শরথ কমল অবসর নেওয়ার পরে ভারতীয় টেবল টেনিসে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে ৷ এক ঝাঁক নতুন মুখ উঠে এসেছে ৷ তাঁরা জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে সাফল্যও পাচ্ছেন ৷ তবে শরথ কমলের জায়গা সহজে যে পূরণ হওয়ার নয়, সেকথা মানছেন পায়াসও ৷ অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসেও পদকের স্বপ্ন তাঁর দু'চোখে ৷ তবে সবার আগে ধারাবাহিক হতে চান পায়াস ৷ কারণ দিল্লির ছেলে মনে করেন, ধারাবাহিক হতে পারলে সাফল্য সহজেই আসবে ৷ কোনও সন্দেহ নেই বিশ্ব টেবল টেনিসে চিনের খেলোয়াড়দের দাপট রয়েছে ৷ এশিয়ান গেমস হোক বা অন্য কোনও আর্ন্তজাতিক প্রতিযোগিতা, চিনা প্যাডলাররা শক্ত চ্যালেঞ্জ ভারতীয়দের কাছে ৷ বিষয়টি মানলেও তা টপকানো কঠিন বলে মনে করেন না পায়াস ৷ তাঁর কথায়, "আমার আর্ন্তজাতিক প্রতিযোগিতা খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ সেখানে সেরাদের সামলে এসেছি ৷ চিন, চিনা তাইপেই, জাপান, দক্ষিণ কোরিয়ার প্যাডলাররা শক্তিশালী ৷ তবে ভারতীয়রা পিছিয়ে নেই ৷ এখন বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে মাত্র দু'জন চিনের খেলোয়াড় ৷ বাকিরা অন্যান্য দেশের ৷ তাই চিনের খেলোয়াড়দের দাপট বেশি এই কথাটা বোধহয় সম্পূর্ণ সত্যি নয় ৷"
এরপরেই পায়াস জানান, দেশের একনম্বর হওয়ার পর এশীয় ক্রমপর্যায়ে প্রথম দশে এবং বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম একশোর মধ্যে দ্রুত ঢুকে পড়া লক্ষ্য তাঁর ৷ তিনি বলেন, "এখন ভারতীয় প্যাডলাররা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ৷ আমরা টক্কর দিচ্ছি ৷ খুব দ্রুত আমরা দাপট দেখাব ৷ এশিয়ান গেমস এমনকী অলিম্পিক্সে পদক জয় বেশি দূরে রয়েছে বলে মনে করি না ৷ আমাদের মধ্যে থেকেই বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় উঠে এসেছে ৷ তাই লক্ষ্যে পৌঁছনো অসম্ভব বা কঠিন নয় ৷"
দেশীয় সার্কিটে খেললেও বিদেশের লিগে অংশগ্রহণেরও ভাবনা রয়েছে পায়াসের ৷ সেখানেও অকপট তরুণ তুর্কি বলছেন, "এবছর নয় ৷ আগামী বছর আমি অবশ্যই বিদেশের লিগে খেলতে চাই ৷"

