রাজ্য টিটিতে ধুন্ধুমারের আবহে আর্ন্তজাতিক স্তরে উজ্জ্বল বাংলার প্যাডলাররা
সোনা হাতছাড়া করলেও রোমানিয়ায় ইতিহাস গড়লেন অঙ্কুর-প্রিয়ানুজরা ৷

Published : November 26, 2025 at 5:20 PM IST
কলকাতা, 26 নভেম্বর: শিলিগুড়িতে রাজ্য টেবল টেনিস আয়োজনে অরাজকতা চূড়ান্ত ৷ চলছে দোষারোপের পালা ৷ বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্টর-টু দীর্ঘদিন পর রাজ্য চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থায় ৷ যুগ্মসচিব রজত দাস এ ব্যাপারে মৌনব্রত পালন করছেন বলে অভিযোগ তুলছেন প্রতিযোগী এবং কর্মকর্তারা ৷ তাঁদের অভিযোগ, রজত দাস ঠুঁটো জগন্নাথ ৷ পর্দার আড়ালে থেকে পুরো বিষয়টার নিয়ন্ত্রক মান্তু ঘোষ এবং সুব্রত রায় ৷ জেলা সংস্থাগুলো এই অচলাবস্থা নিয়ে সরব ৷ তারা সেক্টর ওয়ানের যুগ্মসচিব শর্মি সেনগুপ্তের কাছে অভিযোগ করছেন ৷
রাজ্য চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্ট শুরুর পর থেকেই একের পর এক সমস্যা সামনে আসছিল ৷ অভিভাবকরাও অভিযোগ করছিলেন ৷ অবস্থা খতিয়ে দেখতে নেমে শর্মী সেনগুপ্ত বলছেন, "রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমার কাছে পৌঁছেছে ৷ তাই অনুরোধ, প্রতিযোগিতা শেষ হওয়ার সাত দিনের মধ্যে আপনারা একটি সরকারি রিপোর্ট জমা দিন ৷ এরপর সম্মানীয় সভাপতির সুবিধামতো আমাদের কমিটি বৈঠক ডাকবে এবং সব সমস্যা সমাধানের চেষ্টা করবে ৷" বুধবার অবশ্য রাজ্য টেবল টেনিসের শেষ দিন ৷
তবে রাজ্য টিটি'র ঘোলা আবহে আশার আলো জ্বাললেন অঙ্কুর ভট্টাচার্যরা ৷ রোমানিয়ায় বিশ্ব যুব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-19 টিম ইভেন্টে (পুরুষ) রুপো জিতল ভারত ৷ মঙ্গলবার জাপানের কাছে 0-3 ব্যবধানে হেরে অল্পের জন্য পোডিয়াম শীর্ষে ফিনিশ করতে ব্যর্থ তরুণ প্যাডলাররা ৷ রানার্স দলে বাংলার অঙ্কুর ভট্টাচার্য ও পুনীত বিশ্বাসের সঙ্গে ছিলেন পিবি অভিনন্দ এবং প্রিয়ানুজ ভট্টাচার্য ৷ এর মধ্যে পুনীত অবশ্য কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। ফাইনালে হারলেও ভারতীয় টেবল টেনিসের নিরিখে ইতিহাস গড়েছেন অঙ্কুর-প্রিয়ানুজরা ৷ প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনও বিভাগে ফাইনাল খেললেন ভারতীয় প্যাডলাররা ৷
এর আগে 2010 সালে ছেলেদের ডাবলস সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পেয়েছিলেন বাংলারই সৌম্যজিৎ ঘোষ ৷ এতদিন সেটাই ছিল প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক ৷ ফাইনালে তিনটি রাবারে নামেন অঙ্কুর, অভিনব এবং প্রিয়ানুজ ৷ প্রথম ম্যাচে অঙ্কুর মুখোমুখি হয়েছিলেন জাপানের রিউসেই কাওয়াকামির ৷ প্রথম এবং তৃতীয় গেমে লড়াই করে জেতেন এই বঙ্গ প্যাডলার ৷ তবে দ্বিতীয় এবং চতুর্থ গেমে সেভাবে দাঁড়াতে পারেননি তিনি ৷ পঞ্চম গেমে একটা সময় 7-3 ব্যবধানে এগিয়ে থেকে হেরে যান অঙ্কুর ৷

জাপানি প্যাডলার ম্য়াচে জিতে নেন 15-17, 11-6, 10-12, 11-4, 13-11 গেমে ৷ এরপর দ্বিতীয় ম্যাচে অভিনন্দ 7-11, 8-11, 6-11 গেমে হার মানেন জাপানি প্রতিদ্বন্দ্বীর কাছে ৷ তৃতীয় ম্যাচে লড়াই ছুড়তে পারেননি প্রিয়ানুজও ৷ তিনি 9-11, 7-11, 3-11 ব্যবধানে হারেন ৷ এর আগে সোমবার অনূর্ধ্ব-15 মেয়েদের দলগত বিভাগে ব্রোঞ্জ পায় ভারত ৷ সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারে তাঁরা ৷ সেই দলে ছিলেন বাংলার দিব্যাংশী ভৌমিক, অঙ্কোলিকা চক্রবর্তীরা ৷

