ETV Bharat / sports

সঞ্জুর ফের ব্যর্থতার দিনে ছন্দে ফিরলেন অভিষেক, মরণবাঁচন ম্যাচে রানের রেকর্ডে ভারত

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ব্য়াট করে চলতি বিশ্বকাপের সর্বাধিক রান স্কোর করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

IND vs ZIM TOSS
চিপকে টস হারলেন সূর্যকুমার (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 6:48 PM IST

|

Updated : February 26, 2026 at 8:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 26 ফেব্রুয়ারি: টপ-অর্ডার ব্য়াটিং নিয়ে চিন্তিত ভারতীয় থিঙ্কট্য়াঙ্ক জিম্বাবোয়ে ম্য়াচে পরিবর্তনের আভাস দিয়ে রেখেছিল ৷ জল্পনায় সিলমোহর দিয়ে মরণবাঁচন ম্য়াচের একাদশে ফেরানো হল সঞ্জু স্যামসনকে ৷ কিন্তু ছন্দ ফিরে পেলেন না কেরল ব্য়াটার ৷ চেন্নাইয়ে মরণবাঁচন ম্য়াচে ইনিংসের গোড়াপত্তনে নেমে 15 বলে 24 রানে ফিরলেন সঞ্জু ৷ তবে সুপার-এইটের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরলেন আরেক ওপেনার অভিষেক শর্মা ৷ ব্য়াটারদের সম্মিলিত দাপটে প্রথম ব্য়াট করে টি-20 বিশ্বকাপে নিজেদের সর্বাধিক রানের ইনিংস গড়ল টিম ইন্ডিয়া ৷

বিশ্বকাপে এতদিন ভারতের সর্বাধিক রান ছিল 218 ৷ চিপকে এদিন প্রথম ব্য়াট করে চার উইকেটে ভারত তুলল 256 রান ৷ যা চলতি বিশ্বকাপেরও সর্বাধিক রানের ইনিংস ৷ সুপার-এইটের প্রথম ম্য়াচে এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই 254 রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ যা এদিন ভেঙে দিল ভারত ৷ এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আন্তর্জাতিক টি-20'তে এটি ভারতের চতুর্থ সর্বাধিক রান ৷

রিঙ্কু সিং'য়ের পরিবর্তে সঞ্জুর প্রত্যাবর্তনের পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে এদিন একাদশে ফেরেন অক্ষর প্য়াটেল ৷ সুপার-এইটের দ্বিতীয় ম্য়াচে চিপকে টসভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ৷ টস জিতে ভারতীয় দলকে প্রথম ব্য়াটিংয়ে পাঠায় জিম্বাবোয়ে ৷ সঞ্জুর ব্যর্থতা সত্ত্বেও ওপেনিং জুটিতে এদিন চলতি বিশ্বকাপের সর্বাধিক 48 রান আসে ভারতের ৷ দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মার সঙ্গে জুটিতে 72 রান যোগ করেন ঈশান কিষাণ ৷ সঞ্জুর কারণে এদিন তিনে নামতে হয় তাঁকে ৷ চারটি চার একটি ছ'য়ে 24 বলে 38 করে ফেরেন তিনি ৷

তবে বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি পূর্ণ করে মোক্ষম সময়ে ফর্মে ফিরলেন বিশ্বের পয়লা নম্বর ব্য়াটার ৷ যদিও এরপর লম্বা হয়নি তাঁর ইনিংস ৷ 30 বলে 55 রান করে ফেরেন তিনি ৷ আশ্বস্ত করেন ভারতীয় ম্য়ানেজমেন্টকে ৷ একইসঙ্গে দলের বড় রানের ভিত গড়ে দিয়ে যান বাঁ-হাতি ওপেনার ৷ এরপর 13 বলে 33 রানে ঝোড়ো ক্য়ামিয়ো আসে অধিনায়ক সূর্যর ব্য়াটে ৷ তবে শেষটা করে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা জুটি ৷

একাধিক ক্য়াচ নষ্ট করে ভারতের এদিন সুবিধা করে দেন জিম্বাবোয়ে ফিল্ডাররা ৷ দু'জনের অবিভক্ত 84 রানের জুটি বিশ্বকাপের সর্বাধিক রানে পৌঁছে দেয় দলকে ৷ তিলক বর্মার মন্থর স্ট্রাইক-রেট নিয়ে কথা চললেও নিন্দুকদের জবাব দিলেন বাঁ-হাতি ৷ ছ'য়ে ব্য়াট করতে নেমে এদিন ঝোড়ো ব্য়াটিং করলেন এশিয়া কাপ ফাইনালের নায়ক ৷ তিনটি চার ও চারটি ছক্কায় মাত্র 16 বলে 44 রান করলেন তিলক ৷

অন্য়দিকে হার্দিক পান্ডিয়া শেষ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন ৷ 23 বলে 50 রানে অপরাজিত থাকেন তিনি ৷ শেষপর্যন্ত 20 ওভারে 256 রান তোলে টিম ইন্ডিয়া ৷ একটি উইকেট নিলেও চার ওভারে 62 রান দিলেন জিম্বাবোয়ে পেসার রিচার্ড এনগারাভা ৷ ব্লেসিং মুজারবানিও এক উইকেট নিয়ে খরচ করলেন 43 রান ৷ এখন দেখার বিরাট রানের পুঁজি নিয়ে কত সহজে জিততে পারে ভারত ৷ দিনের প্রথম ম্য়াচ জিতে এমনিতেই ভারতের শেষ চারে যাওয়ার সমীকরণ সরল করেছে দঃ আফ্রিকা ৷

  • একনজরে টি-20 বিশ্বকাপে প্রথম তিন সর্বাধিক রানের ইনিংস:
  1. শ্রীলঙ্কা- 260/6 বনাম কেনিয়া (2007)
  2. ভারত- 256/4 বনাম জিম্বাবোয়ে (2026)
  3. ওয়েস্ট ইন্ডিজ- 254/6 বনাম জিম্বাবোয়ে (2026)

আরও পড়ুন:

Last Updated : February 26, 2026 at 8:51 PM IST