ETV Bharat / sports

পণ্ড শেষ ম্যাচ, অভিষেকের বিশ্বরেকর্ডের দিনে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল ভারত

বৃষ্টি বাধ সাধল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-20 সিরিজে ৷ ম্যাচ পরিত্যক্ত হলেও সূর্য অ্যান্ড কোং সিরিজ জিতে নিল 2-1-এ।

IND VS AUS
ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-20 ম্যাচ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : November 8, 2025 at 7:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ব্রিসবেন, 8 নভেম্বর: বৃষ্টি তুমুল ৷ ব্রিসবেনে তাই ম্যাচ পণ্ড হল ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত ৷ ওপেনিংয়ে নেমে অভিষেক শর্মা ও শুভমন গিল 4.5 ওভারের বেশি খেলতেই পারলেন না ৷ বৃষ্টি ও বজ্রপাতের জেরে ম্যাচ পণ্ড হল ৷ চতুর্থ টি-20 জিতে ভারত সিরিজে এগিয়ে গিয়েছিল 2-1-এ। এদিনের ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় সিরিজ জিতে নিল ভারত (India)।

গত 29 অক্টোবর থেকে শুরু হয়েছিল এই সিরিজ। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতেও বৃষ্টি ঠিক একইভাবেই বাধ সেধেছিল । সেই ম্যাচও পরিত্যক্ত হয়েছিল । দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া 4 রানে সূর্য অ্যান্ড কোম্পানিকে বধ করে সিরিজে লিড নেয়৷ তৃতীয় ম্য়াচ 'মেন ইন ব্লু' 5 উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ৷ চতুর্থ ম্যাচে অজিদের বিরুদ্ধে ভারত 48 রানে জিতে যায় ৷ সেইসঙ্গে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ৷

এদিন পঞ্চম টি-20 জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারত। আবার ভারত জিতে আরও বড় ব্যবধানে সিরিজ মুঠোয় করতে পারত। কিন্তু বরুণ দেবতা বাইশ গজে ভর করায় তা আর হল না ৷ বৃষ্টির কারণে এদিন দ্বিতীয়বারের জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি ৷ মাঠের জায়গায় জায়গায় জল জমে যায় । মাঠকে ম্যাচ শুরু করার মতো উপযুক্ত করে তোলা সম্ভব নয় বুঝেই ম্যাচ বাতিল ঘোষণা করেন অফিসিয়ালরা ৷ 2022 থেকে এই নিয়ে চতুর্থ টি20 সিরিজ হারল অস্ট্রেলিয়া ৷

আজ অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ ব্রিসবেনের গাব্বায় প্রথমে ব্যাট করতে নেমে ভারত কিন্তু শুরুটা করে দুর্দান্ত ৷ কিন্তু পাঁচ ওভার খেলার আগেই ব্রিসবেনের আকাশ ঢেকে যায় কালো মেঘে ৷ বৃষ্টি ও প্রবল বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায় ৷ পরে আর শুরু করা সম্ভব হয়নি ৷ 16 বলে 29 রানে অপরাজিত থেকে যান সহঅধিনায়ক শুভমন ৷ অন্যদিকে, 13 বলে অভিষেক শর্মা নটআউট থাকেন 23 রানে ৷ তাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেন পঞ্জাবের 24 বছর বয়সি এই ক্রিকেটার ৷

শনিবার ব্রিসবেনে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-20 ম্যাচে খেলতে নামেন অভিষেক, তখন 1000 রানের মাইলস্টোন ছোঁয়ার জন্য তাঁর 11 রান দরকার ছিল। গাব্বায় সেই রান তুলে নিয়ে ইতিহাস গড়ে ফেলেন ভারতের এই তরুণ তুর্কি। টি-20'তে দ্রুততম 1000 রান পূর্ণ করার পথে পিছনে ফেলেন সূর্যকুমার যাদব ও ফিল সল্টকে ৷

বলের নিরিখে T20I-তে দ্রুততম 1000 রান

  • 528 বল- অভিষেক শর্মা (ভারত)
  • 573 বল- সূর্যকুমার যাদব (ভারত)
  • 599 বল- ফিল সল্ট (ইংল্যান্ড)