আইপিএলের পর ভারতে দু'টি ফরম্যাটে সিরিজ খেলবে আফগানরা, ঘোষিত সূচি
প্রথমবার ওয়ান-ডে'তে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-আফগানিস্তান ৷ কোথায়-কোথায় খেলবে ভারত ?

Published : March 2, 2026 at 5:12 PM IST
মুম্বই, 2 মার্চ: মধ্যগগনে টি-20 বিশ্বকাপ ৷ ছোট ফরম্য়াটে ক্রিকেটের মহাযুদ্ধের গনগনে আঁচে গা সেঁকছেন ক্রিকেট অনুরাগীরা ৷ বিশ্বকাপ মিটতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের বৃত্তে প্রবেশ করবেন ক্রিকেটাররা ৷ আর আইপিএল শেষ হতে না-হতেই ভারত সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল ৷ জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু করে দু'টি ফরম্য়াটে আফগানদের মোকাবিলা করবে ভারতীয় দল ৷ সোমবার বিসিসিআই'য়ের তরফে ঘোষিত হল আফগানদের ভারত সফরের সূচি ৷
সূচি অনুযায়ী ভারত সফরে এসে একটি টেস্ট ম্য়াচ খেলবে আফগানিস্তান ৷ পরবর্তীতে তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজে মুখোমুখি হবে দুই দল ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ভারতের বিরুদ্ধে আটবছর পর লাল-বলের ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ৷ তাই একে ঐতিহাসিক বললে কম বলা হয় না ৷
আর ভারত বনাম আফগানিস্তানের মধ্যে একটি মাত্র টেস্ট ম্যাচ আয়োজিত হবে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৷ প্রথমবার কোনও আন্তর্জাতিক টেস্ট ম্য়াচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে ৷ যা উল্লেখযোগ্য বটে ৷ 6-10 জুন একমাত্র টেস্টের পর 14 জুন তিন ম্য়াচের সিরিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচটি খেলবে দু'দল ৷ যা অনুষ্ঠিত হবে ধরমশালায় ৷
🚨 News 🚨
— BCCI (@BCCI) March 2, 2026
Here's a look at the schedule for Afghanistan Men’s Team’s tour of India in June 2026 🗓️
Details ▶️ https://t.co/OkJVip4AhJ#TeamIndia | #INDvAFG pic.twitter.com/CQhIliTf2E
এরপর 17 জুন এবং 20 জুন যথাক্রমে লখনউ ও চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান-ডে খেলবে ভারত-আফগানিস্তান ৷ অর্থাৎ, ঘরের মাটিতে ফের দেখা যাবে 'রো-কো' (রোহিত শর্মা ও বিরাট কোহলি) জুটিকে ৷ এর আগে দু'পক্ষ টেস্ট এবং টি-20 সিরিজ খেললেও ওয়ান-ডে'তে ভারত বনাম আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এই প্রথমবার ৷
ইতিপূর্বে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে চারবার কাবুলিওয়ালার দেশ ভারতের মুখোমুখি হয়েছে বটে, তবে একবারও জিততে ব্যর্থ রশিদ খানের দেশ ৷ 2017 সালে টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পাওয়ার পর এখনও পর্যন্ত 11টি আন্তর্জাতিক টেস্ট খেলেছে আফগানরা ৷ এর মধ্যে আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্য়াচে জয় পেয়েছে তারা ৷ 2018 সালে বেঙ্গালুরুতে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও 262 রানে হারিয়েছিল ভারতীয় দল ৷ যা শেষ হয়েছিল দু'দিনের মধ্যে ৷

