ETV Bharat / sports

ব্রাজিলের পর যুবভারতীতে ভারত বনাম উরুগুয়ে, আরও এক ফিফা ফ্রেন্ডলির দিনঘোষণা

দেবীপক্ষ সূচনার দিন চারেক আগে শহরে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন'দের মুখোমুখি 'বলু টাইগার্স' ৷

FILE PIC
ফাইল ছবি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : August 27, 2026 at 5:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 অগস্ট: পুজোর মাসে শহর কলকাতায় ভারত বনাম ব্রাজিল ফিফা ফ্রেন্ডলি ৷ যে ম্য়াচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই ৷ ব্রাজিল ম্য়াচের আগে ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় পানামার বিরুদ্ধে ম্যাচের দিনক্ষণও ঘোষিত হয়েছিল গত পরশু ৷ এবার একই উইন্ডোয় আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্য়াচের ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পর ভারত খেলবে লাতিন আমেরিকার আরেক শক্তিধর দেশ উরুগুয়ের সঙ্গে ৷ আগামী 6 অক্টোবর অর্থাৎ, মহালয়ার ঠিক চার দিন আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দু'বারের চ্য়াম্পিয়নদের মুখোমুখি হবে 'ব্লু-টাইগার্স' ৷ বৃহস্পতিবার এক ঘোষণায় জানাল এআইএফএফ ৷

ব্রাজিল ম্য়াচের কারণে প্রায় একই সময়ে ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে ভারতীয় দল ৷ যা নিয়ে ফেডারেশনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া ৷ ড্য়ামেজ কন্ট্রোলে বিশ্বকাপ খেলা আরও অন্যান্য দেশের সঙ্গেও ওই ফিফা উইন্ডোয় জাতীয় দলের ম্য়াচ আয়োজনে তৎপর হয় এআইএফএফ ৷ প্রস্তাব গিয়েছিল 2026 বিশ্বকাপে চমকে দেওয়া কেপ ভের্দের কাছে ৷ কিন্তু ভোজিনহা'র দেশের তরফে সম্মতি না-মেলায় ভারতে আসার সম্ভাবনা তৈরি হয় উরুগুয়ের ৷ শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল এদিন ৷

এই ঘোষণায় ভারতীয় ফুটবলপ্রেমীরা তো বটেই, সবচেয়ে খুশি বাংলার অনুরাগীরা ৷ কারণ পাঁচবারের চ্য়াম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ম্য়াচের ঠিক তিনদিনের মাথায় বিশ্বের আরও এক শক্তিশালী দলের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, লিস্টন কোলাসো'দের ম্যাচ দেখার সুযোগ চলে এল তাদের কাছে ৷ যদিও গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে লাতিন আমেরিকার দেশটি ৷ এরপর লা-সেলেস্তে'র নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দিয়েগো ফোরলান ৷ যিনি অতীতে ভারতের মাটিতে আইএসএল খেলে গিয়েছেন ৷

বৃহস্পতিবার বিকেলে সোশাল মিডিয়ায় এই ম্য়াচের ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে লেখা হয়েছে, "আগামী 6 অক্টোবর কলকাতায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে স্বাগত ৷" এদিকে 26 সেপ্টেম্বর ভারত বনাম পানামা ম্য়াচের ভেন্যু প্রাথমিকভাবে ঘোষণা করা না-হলেও পরবর্তীতে সেই ম্য়াচের ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: