ETV Bharat / sports

ডি'ককের বিস্ফোরক ইনিংস, ভারতের পরীক্ষা-নিরীক্ষা ব্যর্থ করে সমতায় ফিরল প্রোটিয়ারা

প্রথম ম্যাচের লজ্জার হারের বদলা নিয়ে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷

IND vs SA 2ND T20I
বিস্ফোরক ব্যাটিং ডি'ককের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 11, 2025 at 9:00 PM IST

|

Updated : December 12, 2025 at 6:36 AM IST

3 Min Read
Choose ETV Bharat

নিউ চণ্ডীগড়, 12 ডিসেম্বর: বোলারদের ব্যর্থতার দিনে মনে হয়েছিল উতরে দেবেন ব্যাটাররা। কিন্তু হল না। ব্যাটিং-বোলিংয়ের সামগ্রিক ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বড় হার ভারতের। অন্যদিকে প্রথম ম্যাচে লজ্জার হার থেকে শিক্ষা নিয়ে সিরিজ ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি'ককের বিস্ফোরক ইনিংসে বিশ্বচ্যাম্পিয়নদের 51 রানে হারাল তাঁরা। 214 রান তাড়া করতে নেমে 162 রানে শেষ ভারত।

আসন্ন আইপিএল মিনি নিলামের জন্য প্রথমে তাঁর নাম নথিভুক্ত না-হলেও পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয় ডি'কককে ৷ সূত্রের খবর, কোনও এক ফ্র্যাঞ্চাইজির অনুরোধে তাঁকে চূড়ান্ত তালিকায় যোগ করে বিসিসিআই ৷ নিলামের দিনকয়েক আগে প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার বোঝালেন কেন নিলামে তাঁকে ঘিরে এত আগ্রহ ৷ নিউ চণ্ডীগড়ে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বিস্ফোরক ইনিংস খেললেন ডি'কক ৷ তাঁর ব্য়াটিংয়ে ভর করে 20 ওভারে চার উইকেট হারিয়ে 213 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷

শিশির বড় ফ্যাক্টর ৷ তাই টস জিতে দ্বিতীয় টি-20'তে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ ওপেনার রেজা হেন্ড্রিকসকে (8 রান) শুরুতে হারালেও দ্বিতীয় উইকেটে এইডেন মার্করামের সঙ্গে 83 রানের জুটি বাঁধেন কুইন্টন ডি'কক ৷ 26 বলে 29 রান করে মার্করাম ফিরলেও বিপক্ষ বোলারদের শাসন করে প্রথমে অর্ধশতরান পূর্ণ করেন ডি'কক ৷ এরপর মারকাটারি ব্য়াটিং জারি রেখেছিলেন বাঁ-হাতি ৷ কিন্তু শতরান থেকে স্বল্প দূরে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার তিনি ৷

তবে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে যান ডি'কক ৷ তাঁর 46 বলে 90 রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা ৷ সঙ্গে একটি রেকর্ডেও নাম তুলে ফেলেন প্রোটিয়া তারকা ৷ টি-20 ক্রিকেটে এদিন ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা ব্য়াটার বনে যান ডি'কক ৷ এই রেকর্ডে নিকোলাস পুরান, জস বাটলারকে ছুঁয়ে ফেলেন তিনি ৷

শেষদিকে ডোনোভান ফেরেইরার 16 বলে 30* ও ডেভিড মিলারের 12 বলে 20* রান দক্ষিণ আফ্রিকাকে 20 ওভারে 213 রানে পৌঁছে দেয় ৷ দু'জনের অবিভক্ত জুটিতে ওঠে 53 রান। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ 29 রান দিয়ে জোড়া উইকেট তাঁর ঝুলিতে ৷ কিন্তু দেদার রান খরচ করেন দুই পেসার আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা ৷

ব্যাট হাতে নায়ক যদি ডি'কক হন, তাহলে বল হাতে এদিন দক্ষিণ আফ্রিকার হিরো অটনেইল বার্টম্যান। 24 রানে চার উইকেট তাঁর ঝুলিতে। দু'টি করে উইকেট-সহ নিয়ন্ত্রিত বোলিং আরও দুই পেসার লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেনের।

তবে এদিনও ব্যাটিং-অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা ডোবাল ভারতকে। প্রথম ওভারে শুভমন গিল গোল্ডেন ডাক হয়ে ফিরতে নামিয়ে দেওয়া হয় অক্ষর প্যাটেলকে । দিনের শেষে তাঁর নামের পাশে 21 বলে 21 রান। বড় লক্ষ্যমাত্রা তাড়া করার দিনে এমন ইনিংস অপরাধের সমান। 34 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলে একা কুম্ভে লড়লেন তিলক বর্মা। কিন্তু বাকিদের ব্যর্থতায় দাম পেল না তাঁর লড়াই।

খারাপ ফর্ম জারি রেখে অধিনায়ক সূর্য কট-বিহাইন্ড হয়ে ফেরেন পাঁচ রানে। গত ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া করেন 23 বলে 20। যা বিপক্ষের পরিকল্পিত বোলিংয়ের পরিচায়ক। শেষপর্যন্ত পাঁচ বল বাকি থাকতে 162 রানে শেষ হয় ভারতের ইনিংস। ম্যাচের সেরা ডি'কক।

আরও পড়ুন:

Last Updated : December 12, 2025 at 6:36 AM IST