সুপার-এইটের মাঝে পরবর্তী বিশ্বকাপের সূচি জানাল আইসিসি, একই গ্রুপে ভারত-পাক
12টি দলকে দু'টি গ্রুপে ভাগ করে মহিলা বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসি'র ৷ 14 জুন ভারত-পাক ৷

Published : February 24, 2026 at 4:37 PM IST
দুবাই, 24 ফেব্রুয়ারি: মধ্যগগনে টি-20 বিশ্বকাপ ৷ শেষ চারের লক্ষ্যে আটটি দল ৷ সুপার-এইটের প্রথম ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন করেছে ভারত ৷ এমন সময় আরও এক বিশ্বকাপের সূচি এল সামনে ৷ সেখানেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখল আইসিসি ৷ আগামী 12 জুন থেকে শুরু হতে চলা মহিলা টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি মঙ্গলবার প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷
পাকিস্তান ছাড়া আসন্ন টি-20 বিশ্বকাপে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের সঙ্গে গ্রুপ-এ'তে থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ গ্রুপ-বি'তে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ৷ অর্থাৎ, 12টি দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে ৷ যেখানে রয়েছে ছ'টি করে দল ৷
আইসিসি'র ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের তৃতীয়দিন অর্থাৎ, 14 জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷ চলতি পুরুষদের টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাক ম্য়াচ নিয়ে কম জলঘোলা হয়নি ৷ তারপরেও দুই যুযুধান প্রতিপক্ষকে একই গ্রুপে রেখে সূচি ঘোষণার বিষয়টি বেশ উল্লেখযোগ্য ৷ 16 জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নিউজিল্যান্ড ৷
Save the dates 🗓️
— ICC (@ICC) February 24, 2026
With all 12 teams locked in, presenting the full fixture list for ICC Women’s #T20WorldCup 2026 🏆
Details ➡️ https://t.co/ZijM7mQU38 pic.twitter.com/rH9LyzEo6B
14 জুন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরুর ম্য়াচ খেলার পর টুর্নামেন্টে 'উইমেন ইন ব্লু'র পরবর্তী ম্যাচগুলি যথাক্রমে 17, 21, 25 এবং 28 জুন ৷ 12 জুন শুরু হতে চলা বিশ্বকাপের ফাইনাল আগামী 5 জুলাই ৷ যা অনুষ্ঠিত হবে ক্রিকেটের মক্কা লর্ডসে ৷ তার আগে 30 জুন এবং 2 জুলাই জোড়া সেমিফাইনাল খেলা হবে দ্য ওভালে ৷ দু'টি গ্রুপ থেকে সেরা দু'টি দল পৌঁছবে শেষ চারে ৷ গত সংস্করণে অর্থাৎ, 2024 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপ এসেছিল 'ব্ল্যাকক্যাপস' শিবিরে ৷
- গ্রুপ পর্বে ভারতের সূচি একনজরে:
- ভারত বনাম পাকিস্তান- 14 জুন
- ভারত বনাম নেদারল্য়ান্ডস- 17 জুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- 21 জুন
- ভারত বনাম বাংলাদেশ- 25 জুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া- 28 জুন

