জিতেই চলেছে ই-চ্য়াম্পিয়ন্স, বৈষ্ণবের ব্যাটে ডায়মন্ডস'কে হারাল লিগ-টপাররা
TG20'তে টানা ষষ্ঠ ম্য়াচ জিতে নিল রামোজি গ্রুপ মালিকানাধীন হায়দরাবাদ ফ্র্য়াঞ্চাইজি ৷ ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে তারা ৷

Published : July 5, 2026 at 1:31 PM IST
হায়দরাবাদ, 5 জুলাই: ওয়ারাঙ্গল ওয়ারিয়র্সকে গত ম্য়াচে হারানোর সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছিল প্লে-অফ ৷ কিন্তু তাতে যে জয়ের খিদে এতটুকু কমেনি বুঝিয়ে দিল হায়দরাবাদ ই-চ্য়াম্পিয়ন্স ৷ শনিবার করিমনগর ডায়মন্ডস'কে সাত উইকেটে হারিয়ে TG20'তে টানা ষষ্ঠ ম্য়াচে জয় তুলে নিল রামোজি গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷ অপরাজিত 65 রান করে ম্য়াচের সেরা ই-চ্যাম্পিয়ন্সের বৈষ্ণব রেড্ডি ৷
হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথম ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় করিমনগর ডায়মন্ডস ৷ ম্য়াচটি জিতলে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলত তারা ৷ কিন্তু তাদের অপেক্ষা বাড়ল ৷ 55 রানে এদিন টপ-অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় ডায়মন্ডস ৷ একসময় ন'রানে তিন উইকেট চলে গিয়েছিল তাদের ৷ পঞ্চম উইকেটে চন্দন সাহানি ও নারায়ণ তেজা'র 91 রানের জুটিতে লড়াইয়ে ফেরে লিগ টেবলে চারে থাকা দলটি ৷
শতরান হাতছাড়া হলেও 55 বলে 90 রানের বিস্ফোরক ইনিংস খেলেন সাহানি ৷ মারেন সাতটি চার ও পাঁচটি ছয় ৷ 29 বলে ঝোড়ো 45 রান করে ইনিংসের শেষ বলে রান-আউট হন তেজা ৷ হরিশ ঠাকুরের ন'বলে অপরাজিত 20 রান ছয় উইকেট হারিয়ে ডায়মন্ডস'কে পৌঁছে দেয় 186 রানে ৷ ই-চ্য়াম্পিয়ন্সের হয়ে জোড়া উইকেট অখিল রাঠোরের ৷ যদিও 50 রান খরচ করেন তিনি ৷ দেব মেহতা এবং তারকা বোলার অজয় দেব গৌড় নেন একটি করে উইকেট ৷

জবাবে গত ম্য়াচের শতরানকারী অধিনায়ক অভিরথ রেড্ডি'র (26 রান) উইকেট শুরুতে হারালেও জয় খুব একটা কঠিন হয়নি ই-চ্যাম্পিয়ন্সের ৷ 17 বলে 36 রান ফেরেন আরেক ওপেনার বিকাশ রেড্ডি ৷ তবে অপরাজিত হাফসেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বৈষ্ণব রেড্ডি ৷ চতুর্থ উইকেটে প্রণব বর্মার সঙ্গে তাঁর অবিভক্ত জুটিতে ওঠে 67 রান ৷
Player of the Match 🏅
— tg20official (@tg20official) July 4, 2026
In need of a hero, A Vaishnav Reddy raised his hand and rose to the occasion and shepherded his team's chase with a magnificent 6️⃣5️⃣* that guided his side to six in a row! 🔥#KDvHEC #SreenidhiUniversityTG20 #ManaCricketShuru pic.twitter.com/Oqe3eIyEFc
তিনটি চার ও চারটি ছক্কায় 42 বলে 65* রান করে ম্য়াচের সেরা বৈষ্ণব ৷ 21 বলে 38 রানে অপরাজিত থাকেন প্রণব ৷ 11 বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে 187 রান তুলে ম্য়াচ জিতে নেয় ই-চ্য়াম্পিয়ন্স ৷ এই জয়ের ফলে ছ'ম্য়াচে 12 পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে হায়দরাবাদ ফ্র্য়াঞ্চাইজি ৷ সোমবার শেষ ম্য়াচে অনুরাগ নালগোন্ডা নাইটসের মুখোমুখি তারা ৷

