ETV Bharat / sports

ঐতিহাসিক সেঞ্চুরিতে পাক 'বধ', ইংল্যান্ডকে শেষ চারে তুললেন ব্রুক

প্রথম ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক ৷

HARRY BROOK
ব্রুকের ঐতিহাসিক শতরান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 25, 2026 at 12:32 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ক্যান্ডি, 24 ফেব্রুয়ারি: পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হ্যারি ব্রুক ৷ প্রথম অধিনায়ক হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে তিন অঙ্কের রান করলেন তিনি ৷ বিস্ফোরক ব্যাটিংয়ে কার্যত একাই ইংল্যান্ডকে এদিন সেমিফাইনালে তুললেন ব্রুক ৷ পাঁচ বল বাকি থাকতেই পাকিস্তানের 165 রানের টার্গেট তাড়া করে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করল ইংল্য়ান্ড ৷

পাল্লেকেলের মন্থর পিচে দেড়শো রানের পুঁজিও যে জয়ের জন্য যথেষ্ট তা গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বুঝিয়ে দিয়েছিল ইংল্যান্ড ৷ প্রথম ব্যাট করে 146 রানে তুলে সহ-আয়োজকদের একশোর মধ্য গুটিয়ে দিয়েছিলেন উইল জ্যাকসরা ৷ সেখানে এদিন প্রথম ব্যাট করে পাকিস্তানের দেওয়া 165 রানের লক্ষ্যমাত্রা নেহাত কম ছিল না ৷ কিন্তু ব্যবধান গড়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক ৷

50 বলে কেরিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি করে অনন্য কীর্তির অধিকারী হলেন তিনি ৷ যদিও পরের বলে শাহিন আফ্রিদির ডেলিভারিতে পরাস্ত হতে হয় তাঁকে ৷ তবে ততক্ষণে ইংল্যান্ড সেমিফাইনালের গন্ধ পেয়ে গিয়েছে ৷ 58 রানে ইংল্যান্ড চতুর্থ উইকেট হারানোর পর প্রথমে স্যাম কারেনের সঙ্গে পঞ্চম উইকেটে 45 এবং পরবর্তী উইকেটে উইল জ্যাকসের সঙ্গে 52 রানের জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুক ৷

ব্রুক যখন ফেরেন তখন 18 বলে ইংল্যান্ডের জয়ের জন্য বাকি 10 রান ৷ পরের ওভারে আরও দুই ইংরেজ ব্যাটারকে ফিরিয়ে আশা জাগিয়েছিলেন মহম্মদ নওয়াজ ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ দুই উইকেটে জিতে শেষ চারে চলে যায় টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ড ৷ 30 রানে শাহিনের চার উইকেট মূল্যহীন হয়ে যায় ৷

প্রথমে ব্যাট করে এদিন ওপেনার শাহিবজাদা ফারহানের 45 বলে ঝোড়ো 63 রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করে পাকিস্তান ৷ নয় উইকেটে 164 রান তোলে 2009-এর চ্যাম্পিয়নরা ৷ পাক ওপেনার মারেন সাতটি চার ও দু'টি ছক্কা ৷ এছাড়া 25 রান আসে বাবর আজম ও ফকহর জামানের ব্যাটে ৷ 11 বলে 23 রানের ক্যামিয়ো খেলেন অলরাউন্ডার শাদাব খান ৷

চার ওভারে 24 রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্পিনার লিয়াম ডসন ৷ সুপার-এইটের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে সেমিফাইনালে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিল পাকিস্তান ৷ শেষ ম্যাচ জিতলেও অন্যান্য ম্যাচের ফলাফলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে তাদের ৷

  • অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বাধিক রানের ইনিংস (প্রথম তিন):
  1. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)- 51 বলে 100
  2. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- 66 বলে 96
  3. লরকান টাকার (আয়ারল্যান্ড)- 51 বলে 94*

আরও পড়ুন: