ETV Bharat / sports

কিউয়িদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে বিশ্রামে পান্ডিয়া ! খেলবেন বিজয় হাজারে

আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে বরোদা অলরাউন্ডারের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

HARDIK PANDYA
হার্দিক পান্ডিয়া (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 30, 2025 at 4:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: চোট সারিয়ে দু'মাসেরও বেশি সময় পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তাঁর ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে মূল্যবান অবদান রেখেছেন তিনি ৷ কিন্তু নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে সম্ভবত দলে থাকছেন না হার্দিক পান্ডিয়া ৷ আসলে আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে বরোদা অলরাউন্ডারের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সে কথা মাথায় রেখেই পান্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে রাখা হচ্ছে না বলে রিপোর্ট সংবাদসংস্থা আইএএনএস-এর ৷ যা শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে ৷

পরিবর্তে চলতি বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে জাতীয় দলের অলরাউন্ডার অংশ নেবেন বলেও প্রকাশিত হয়েছে রিপোর্টে ৷ সংবাদসংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী আগামী 3 জানুয়ারি বিদর্ভ ও 8 জানুয়ারি চণ্ডীগড়ের বিরুদ্ধে ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টের জোড়া ম্য়াচে অংশগ্রহণ করবেন বরোদা ক্রিকেটার ৷ এ প্রসঙ্গে সংবাদসংস্থার রিপোর্টে জানানো হয়েছে, ব্ল্যাক-ক্য়াপসের বিরুদ্ধে পান্ডিয়া ওয়ান-ডে সিরিজে অংশগ্রহণের ইচ্ছেপ্রকাশ করলেও দলের থিঙ্ক-ট্য়াঙ্ক তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে ৷

বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা আইএএনএস'কে বলেছে, "এটা নিশ্চিত যে, বরোদার হয়ে হার্দিক পান্ডিয়া জোড়া ম্য়াচে নামতে চলেছেন ৷ 3 জানুয়ারি ও 8 জানুয়ারি বিদর্ভ ও চণ্ডীগড়ের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি ৷ তবে টি-20 বিশ্বকাপের আগে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে 6 জানুয়ারি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বিশ্রামে থাকবেন তিনি ৷" বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে কিউয়িদের বিরুদ্ধে টি-20 সিরিজে পান্ডিয়াকে পেতেই মূলত ওয়ান-ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে ৷

চলতি বছরের প্রথমদিকে ভারতের চ্য়াম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া ৷ এরপর আর নীল জার্সিতে আর ওয়ান-ডে খেলেননি বরোদা অলরাউন্ডার ৷ পরবর্তীতে অস্ট্রেলিয়া সফর ও সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ওয়ান-ডে খেললেও চোটের কারণে সংশ্লিষ্ট দুই সিরিজে ছিলেন না গতবছর ভারতের টি-20 বিশ্বকাপজয়ী দলের অন্য়তম সদস্য ৷ সেপ্টেম্বরে এশিয়া কাপ চলাকালীন চোট পেয়ে কয়েকমাস মাঠের বাইরে ছিলেন পান্ডিয়া ৷

এরপর অবশ্য সৈয়দ মুস্তাক আলিতে প্রস্তুতি সেরে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন করেছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হাফসেঞ্চুরি-সহ তিনটি ইনিংস পান্ডিয়ার ব্য়াট থেকে এসেছে 142 রান ৷ বল হাতে প্রত্যাবর্তন সিরিজে তিনটি উইকেটও নিয়েছেন এই ইউটিলিটি অলরাউন্ডার ৷

আরও পড়ুন: