প্রোটিয়াদের বিরুদ্ধে আজ ঐতিহাসিক মাইলস্টোনের সন্ধিক্ষণে পান্ডিয়া
আরেকটি উইকেট পেলেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য কীর্তি ছুঁয়ে ফেলবেন বরোদা অলরাউন্ডার ৷

Published : December 11, 2025 at 4:14 PM IST
হায়দরাবাদ, 11 ডিসেম্বর: শুরুটা ভালো করেও হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক ইনিংসে প্রথম ম্য়াচে খেই হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ টপ-অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও বরোদা অলরাউন্ডারের ঝোড়ো হাফসেঞ্চুরিতে গত ম্যাচে স্কোরবোর্ডে চ্য়ালেঞ্জিং রান তুলেছিল টিম ইন্ডিয়া ৷ পরবর্তীতে প্রত্য়াবর্তন ম্যাচে একটি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পান্ডিয়া ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20'তে ম্য়াচের সেরা হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে অলরাউন্ডার ৷
প্রথম ম্যাচে ডেভিড মিলারের উইকেট নেওয়ার পর আন্তর্জাতিক টি-20'তে আপাতত 99টি উইকেট হার্দিক পান্ডিয়ার নামের পাশে ৷ অর্থাৎ আরেকটি উইকেট নিলেই সংক্ষিপ্ত ফরম্য়াটে শততম উইকেটের মালিক হবেন তিনি ৷ সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টি-20'তে একশো উইকেটের মাইলস্টোন ছুঁলেও, একটি নজিরে তিনি পিছনে ফেলবেন সতীর্থদের ৷
সেক্ষেত্রে টি-20'তে হাজার রান এবং একশো উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করে যাবেন বরোদা অলরাউন্ডার ৷ যে নজির অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই ৷ মুল্লানপুরে বৃহস্পতিবারই এই নজিরে নাম লেখাতে পারেন পান্ডিয়া ৷ আর মুল্লানপুরে না-হলেও সিরিজের বাকি তিন ম্য়াচের কোনও একটিতে ভারতীয় অলরাউন্ডারের এই কীর্তি গড়ার সম্ভাবনা প্রবল ৷
5⃣9⃣* with the bat 😎
— BCCI (@BCCI) December 9, 2025
1⃣/1⃣6⃣ with the ball 🙌
For his impactful all-round show, Hardik Pandya is the Player of the Match 🏆
Scorecard ▶️ https://t.co/tiemfwcNPh #TeamIndia | #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBank pic.twitter.com/4h9qRD2T3L
এর আগে কোনও ভারতীয় ক্রিকেটারের নামে এই নজির না-থাকলেও বিশ্বের চার অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে এই ঈর্ষনীয় রেকর্ড ৷ বাংলাদেশ কিংবদন্তি শাকিব আল-হাসান, আফগান তারকা মহম্মদ নবি, জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা এবং মালয়েশিয়া অলরাউন্ডার বিরানদীপ সিং'য়ের রয়েছে এই নজির ৷ বৃহস্পতিবারের ম্যাচে নামার আগে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে 99টি উইকেটের পাশাপাশি রয়েছে 1919 আন্তর্জাতিক টি-20 রান ৷ উল্লেখ্য, প্রথম টি-20 ম্যাচে 28 বলে 59 রানের অপরাজিত ইনিংস এসেছিল পান্ডিয়ার ব্য়াটে ৷
এদিকে প্রথম ম্য়াচে 101 রানে বিরাট জয়ের পর মুল্লানপুরে সিরিজ 2-0 করে নিতে মরিয়া সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি ৷ হার্দিক পান্ডিয়ার ইনিংসে প্রথমে ব্য়াট করে কটকে ছয় উইকেটে 175 রান তুলেছিল টিম ইন্ডিয়া ৷ জবাবে 12.3 ওভারে 74 রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ যা টি-20'তে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর ৷ দু'টি করে উইকেট নেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আর্শদীপ সিং'য়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে গত ম্যাচেই শততম আন্তর্জাতিক টি-20 উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন বুমরা ৷ বৃহস্পতিবার কি সেই তালিকায় পান্ডিয়াও ? জানা যাবে কয়েকঘণ্টা বাদেই ৷

