ETV Bharat / sports

খেতাব ধরে রাখল জার্মানি, মেসির দেশকে হারিয়ে যুব বিশ্বকাপে ব্রোঞ্জ ভারতের

ন'মিনিটে চার গোল তুলে নিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচে আর্জেন্তিনাকে পিছনে ফেলল দু'বারের চ্যাম্পিয়ন ভারত ৷

JUNIOR HOCKEY WORLD CUP
খেতাবজয়ী জার্মান দল (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : December 11, 2025 at 1:41 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 11 ডিসেম্বর: রুদ্ধশ্বাস ফাইনাল দিয়ে তামিলনাড়ুর মাটিতে শেষ হল জুনিয়র হকি বিশ্বকাপ ৷ যদিও 13দিন ব্যাপী এই টুর্নামেন্ট নয়া চ্যাম্পিয়ন পেতে ব্যর্থ ৷ উল্টে স্পেনকে হারিয়ে খেতাব ধরে রাখল জার্মানি ৷ সেইসঙ্গে অষ্টমবার জুনিয়র হকি বিশ্বকাপ জিতে রেকর্ড বাড়িয়ে নিল তাঁরা ৷ যার ধারেকাছে নেই কেউ ৷ চেন্নাইয়ের রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে জার্মানি বনাম স্পেন হাইভোল্টেজ ফাইনালে বুধবার নির্ধারিত সময়ে খেলার ফল ছিল 1-1 ৷ শুটআউটে জিতে বাজিমাত জার্মানির ৷

ফাইনালের আগে ব্রোঞ্জপদক ম্য়াচে স্মরণীয় প্রত্যাবর্তনে ঘরের মাঠে পোডিয়াম ফিনিশ করল ভারতীয় দল ৷ আর্জেন্তিনাকে তাঁরা হারাল 4-2 গোলে ৷ দু'গোলে পিছিয়ে পড়ে শেষ কোয়ার্টারে ন'মিনিটে চার গোল তুলে নিয়ে ব্রোঞ্জ জিতল দেশের যুব দল ৷ 'মেন ইন ব্লু'র হয়ে গোলগুলি করলেন অঙ্কিত পাল, মনমীত সিং, সারদানন্দ তিওয়ারি এবং আনমোল এক্কা ৷

JUNIOR HOCKEY WORLD CUP
ব্রোঞ্জ জিতল ভারত (ETV Bharat)

ফাইনালে এদিন তুল্যমূল্য লড়াই চলে দু'দলের ৷ পয়লা খেতাবের লক্ষ্যে প্রথমার্ধে পাঁচ-পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করলেও গোল তুলে নিতে ব্যর্থ হয় স্পেন ৷ অন্যদিকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দ্বিতীয় কোয়ার্টারে গোল তুলে নেয় জার্মানি ৷ 26 মিনিটে ফিল্ড গোলে সাতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন জাস্টাস ওয়ারওয়েগ ৷ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফেভারিটরা ৷ তবে সমতায় ফিরতে সময় নেয়নি স্প্যানিশ আর্মাডা ৷ 33 মিনিটে তাঁদের সমতায় ফেরান নিকোলাস মুস্তারস ৷ সমতাসূচক গোলের পর ম্যাচে ছন্দ ফিরে পায় স্পেন ৷ জার্মান রক্ষণে নিরন্তর হানা দেওয়া সত্ত্বেও অবশ্য দ্বিতীয় গোল পেতে ব্যর্থ হয় তাঁরা ৷

অন্তিম কোয়ার্টারে রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণের রাস্তায় হাঁটে দু'দলই ৷ শেষদিকে দ্বিতীয় গোল তুলে নিয়ে নির্ধারিত সময়েই জার্মানিকে খেতাব এনে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন ওয়ারওয়েগ ৷ কিন্তু প্রয়াস গোলে কনভার্ট করতে না-পারায় খেলা গড়ায় শুটআউটে ৷ সেখানে নায়ক হয়ে ওঠেন জার্মান দুর্গের শেষ প্রহরী জ্যাসপার ডিটজার ৷ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও শুটআউটে নায়ক হয়েছিলেন তিনি ৷

এদিন অবশ্য শুটআউটে প্রথম দু'টি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল জার্মানি ৷ 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্পেন ৷ পরিবর্ত গোলরক্ষক দিয়েগো পালোমেরোর জোড়া সেভ সত্ত্বেও স্ট্রাইকারদের ব্যর্থতায় খেতাব অধরা রয়ে গেল স্পেনের ৷ নার্ভ শিথিল রেখে শুটআউটে 3-2 গোলে বাজিমাত জার্মানির ৷

আরও পড়ুন: