ETV Bharat / sports

ইডেনে নামার আগে কালীঘাটে যাচ্ছেন গম্ভীর, ভালো ম্যাচের আশা সৌরভের

ভূমিকম্পের কারণে শহরে পৌঁছতে দেরি, তাই গতকালের বদলে আজ কালীঘাটে যাচ্ছেন গৌতম গম্ভীর ৷ এদিকে রবিতে ইডেনে নামার আগে দুই দলই রণকৌশল তৈরিতে ব্যস্ত ৷

INDIAN TEAM IN KOLKATA
ফাইল ছবি (IANS)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 10:41 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি: নির্ধারিত সময়ের 50 মিনিট পরে ভারতীয় দলের বিমান অবতরণ করে শহর কলকাতায় ৷ শুক্রবার কলকাতায় ভূমিকম্পের কারণে রানওয়েতে কিছু সমস্যা হওয়াতেই এই বিপত্তি। রবিতে ইডেনে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৷ তার আগে মা কালীর দর্শনের জন্য 'গুরু' গম্ভীর পৌঁছবেন কালীঘাটে ৷

বিমান অবতরণের বিলম্বের ফলে কোচ গৌতম গম্ভীরের পূর্বনির্ধারিত কালীঘাট মন্দিরে যাওয়ার বিষয়টি শুক্রবার বাতিল হয়। আজ (শনিবার) 11টার সময় গম্ভীর কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা ৷ প্রসঙ্গত, কলকাতায় খেলতে আসলে গম্ভীর কালীঘাটে পুজো দিতে যান। শুক্রবার বিকেলে দুই দল শহরে পৌঁছলেও ইডেনমুখো হয়নি। আজ বিকেলে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ইডেনে প্র্যাকটিস করবে।

টিম ইন্ডিয়া কলকাতা বিমানবন্দরে (ইটিভি ভারত)

রিঙ্কু সিংয়ের পিতৃবিয়োগ হয়েছে। সেই কারণে তিনি ভারতীয় দলের সঙ্গে আসেননি। কবে যোগ দেবেন সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। পুরো বিষয়টি ব্যাটারের উপর ছেড়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। তবে, শোনা যাচ্ছে রবিবার সকালে সম্ভবত দলের সঙ্গে যোগ দিতে পারেন রিঙ্কু এদিকে রবিবারের ইডেন ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। টিকিট চাহিদা আকাশচুম্বী। 3-4 গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে, ময়দান চত্বরে। রবিবার ইডেনে যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য বিশেষ আয়োজন করেছে সিএবি। আড়াই মিনিটের লেজার শো দেখতে পাবেন তাঁরা।

INDIAN TEAM IN KOLKATA
ক্যাপ্টেন সূর্য কুমার যাদব (ইটিভি ভারত)

এদিকে, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার ইডেনের পিচ পরীক্ষা করেন। রবিবারের ম্যাচ আয়োজনে সিএবি যে তৈরি তা জানিয়েছেন। পিচ নিয়ে সৌরভ বলেছেন, "ভালো উইকেট হবে। ক্রিকেটের পরিভাষায় স্পোর্টিং উইকেট। রবিবার ভালো ম্যাচ হবে আশা করছি। দু'দলের কাছেই 50-50 ম্যাচ। এই ম্যাচে ভারত ফেভারিট নয় ৷ ওয়েস্ট ইন্ডিজ দলে 7-8 নম্বর পর্যন্ত পাওয়ার হিটার রয়েছে, যারা যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।"

ভারতীয় দলের বোলিং নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন তিনি। বলছেন, "ভারতের বোলিং অবশ্যই চিন্তার। বরুণ চক্রবর্তীকে সহজেই খেলে দিচ্ছে বিপক্ষের ব্যাটাররা। যা সত্যিই চিন্তার। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আহামরি নয়। এই ম্যাচের রং বদলে দিতে পারেন বুমরা।"

প্রসঙ্গত, বৃহস্পতিবারের দু'টো ম্যাচের পর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে নতুন করে যেন ট্র্যাকে নেমেছে ভারত। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ম্যাচটা একপ্রকার কোয়ার্টার ফাইনাল। তাই দলের হেড কোচ গৌতম গম্ভীর মা কালীর আশীর্বাদ নিয়েই রণকৌশল সাজাতে চান ৷ এমনিতে দলের সঙ্গে ভারতের যে শহরেই যান না কেন, সেখানে পরিচিত মন্দিরে ঢুঁ মেরে আসেন তিনি। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতা এসেও তিনি পুজো দিয়েছেন সেখানে।