ETV Bharat / sports

অল্পের জন্য রক্ষা, বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় প্রাণে বাঁচলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

দুই আততায়ীর নির্বিচার গুলিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 16 ৷

MICHAEL VAUGHAN
বন্ডি বিচ হামলায় অল্পের জন্য বাঁচলেন ভন (AP/ GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 15, 2025 at 1:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 ডিসেম্বর: ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকবাজের নির্বিচারে গুলি ৷ রবিবার সন্ধেয় সিডনির বন্ডি বিচ হামলায় নিহতের সংখ্য়া বেড়ে 16 ৷ সেই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মাইকেল ভন ৷ হামলার সময় বন্ডি সমুদ্রসৈকতের নিকটবর্তী একটি রেস্তোরাঁতেই ছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক ৷ প্রাণে বাঁচলেও সিডনির ভয়ানক অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ভন ৷

আগামী বুধবার থেকে অ্য়াডিলেডে শুরু অ্য়াশেজ টেস্ট ৷ আর অ্যাশেজ সিরিজের ধারাভাষ্যকার হিসেবে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই রয়েছেন ভন ৷ সম্প্রতি পরিবার নিয়ে বন্ডি সৈকতে গিয়েছিলেন ছুটি কাটাতে ৷ 'সানডে মর্নিং হেরাল্ড'কে প্রাক্তন ইংরেজ অধিনায়ক জানান, হামলার সময় দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরেই পরিবারের সঙ্গে ছিলেন তিনি ৷ প্রাণে বাঁচতে একটি রেস্তোরাঁর ভিতর নিজেদের বন্দি করে নিয়েছিলেন তাঁরা ৷ সাঙ্ঘাতিক ঘটনার অভিজ্ঞতা বর্ণনায় ভন বলেন, "অদূরে ভয়ঙ্কর কিছু ঘটছে সেটা কানে শোনার অভিজ্ঞতাও বীভৎস ৷"

82 টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটার এক্সে লেখেন, "দুর্ঘটনার সময় বন্ডির রেস্তোরাঁয় বন্দি থাকার অভিজ্ঞতা ভয়ঙ্কর ৷ আপাতত নিরাপদে ঘরে ফিরেছি ৷ ধন্যবাদ জরুরি পরিষেবার জন্য এবং সেই ব্যক্তিকে যিনি আততায়ীর মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছেন ৷ ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা রইল ৷" ভন জানিয়েছেন বন্ডি সৈকতের পাশেই কুগি বলে একটি জায়গায় পরিবারের সঙ্গে থাকছিলেন তিনি ৷

হানুকা উৎসবের প্রারম্ভে রবিবার বন্ডি বিচে ধর্মীয় উৎসবে সামিল হয়েছিলেন শ'য়ে শ'য়ে ইহুদি সম্প্রদায়ের মানুষ ৷ রবিবার সন্ধেয় উদযাপনের সময় দুই বন্দুকবাজ নির্বিচারে গুলি চালায় ওই অনুষ্ঠানে ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু-সহ 16 জনের প্রাণ গিয়েছে ৷ ঘটনাটিকে ইহুদি-বিদ্বেষী নাশকতা বলে অভিহিত করে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস জানিয়েছেন সমগ্র রাষ্ট্রের হৃদয়ে আঘাত করেছে এই হামলা ৷

অজি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলা চালানো দুই বন্দুকধারী আততায়ীর নাম সাজিদ আক্রাম ও তার ছেলে নাভিদ আক্রাম ৷ আততায়ীরা পাকিস্তানের বলেই বিভিন্ন রিপোর্ট দাবি করেছে ৷ যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয় ৷ আততায়ীদের মধ্যে একজনের পুলিশের মৃত্যুতে প্রাণ গিয়েছে ৷ আরেক আততায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মাল লানিয়ন ৷

নিউ সাউথওয়েলস পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধে পৌনে সাতটার কিছু পরে তাদের কাছে গুলিচালনার খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে এমন বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে যা থেকে ঘটনার কারণ সম্পর্কে অনুমান করতে পারছে পুলিশ ৷ তবে আপাতত সে তথ্য প্রকাশ্যে আনা হয়নি ৷

আরও পড়ুন: