মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার আইপিএল জয়ী অধিনায়ক
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় অজি তারকা ক্রিকেটারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ আগামী মাসে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে হাজিরা দেওয়ার ৷

Published : April 7, 2026 at 5:22 PM IST
সিডনি, 7 এপ্রিল: আগামী বৃহস্পতিবার পেশোয়ার জালমি'র বিরুদ্ধে পরবর্তী ম্য়াচে নামার আগে হাতে ছিল এক সপ্তাহ মতো সময় ৷ ফলত পিএসএলের মাঝেই ঝটিকা সফরে দেশে ফিরেছিলেন তিনি ৷ আর দেশে ফিরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার ৷ আপাতত জেলবন্দি না-থাকলেও কিংবদন্তি অজি ওপেনারকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অভিযুক্ত করে মামলা রুজু করেছে মারৌব্রা থানার পুলিশ ৷ আগামী 7 মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 2016 হায়দরাবাদকে আইপিএল জেতানো অধিনায়ককে ৷
রবিবার রাতে সিডনির মারৌব্রা এলাকায় তল্লাশির সময় পুলিশ ওয়ার্নারের গাড়ি থামায় ৷ তিনি মদ্যপ অবস্থায় ড্রাইভিং করছেন কি না জানতে ঘটনাস্থলেই প্রয়োজনীয় পরীক্ষা করা হয় ৷ সেখানে পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে বলে জানিয়েছে নিউ সাউথওয়েলস প্রদেশের পুলিশ ৷ এরপর মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর পুনরায় ব্রিথলাইজার পরীক্ষা হয় করাচি কিংস অধিনায়কের ৷ সেখানেও পুলিশ সন্তোষজন ফলাফল না-পাওয়ায় মামলা রুজু করা হয়েছে ৷ যে মামলার শুনানি রয়েছে আগামী মাসে ৷
অস্ট্রেলিয়ার প্রথমসারির এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গত 5 এপ্রিল নিউ সাউথওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওইদিন মারৌব্রার মালাবার রোডে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ডেভিড ওয়ার্নারের গাড়ি থামিয়ে শ্বাস পরীক্ষা করা হয় ৷ সেখানে ফলাফল ইতিবাচক আসায় থানায় নিয়ে গিয়ে ওয়ার্নারের ব্রিথলাইজার পরীক্ষা করে পুলিশ ৷ যেখানে ফলাফল আসে 0.104 ৷ যা আইনবিরুদ্ধ ৷ পরবর্তীতে আগামী 7 মে ডাউনিং সেন্ট্রাল আদালতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তার আগে ঘটনার তদন্ত চললেও ওয়ার্নারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিউ সাউথওয়েলস পুলিশের তরফে ৷
🚨 David Warner has been charged with drink driving in Sydney (9 News).
— Sheri. (@CallMeSheri1_) April 7, 2026
- He will appear in local court, next month. pic.twitter.com/LM0Wd9Qmqt
2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন দেশে-বিদেশে ৷ যদিও বর্তমানে আইপিএলে আর নেই তিনি ৷ গতবছর আইপিএল নিলামে অবিক্রিত রয়ে গিয়েছিলেন প্রতিযোগিতার চতুর্থ সর্বাধিক রানস্কোরার (6,565 রান) ৷ পরিবর্তে গত মরশুম থেকে একই উইন্ডোয় পিএসএল খেলছেন তিনি ৷ পাশাপাশি বিগ ব্যাশ লিগে (BBL) সিডনি থান্ডার্সের হয়ে 2025-26 মরশুমে 433 রান করে নজর কেড়েছেন ব্যাগি গ্রিন মাথায় 112 টেস্ট খেলা ক্রিকেটার ৷ আগামী 9 এপ্রিল পিএসএলের পরবর্তী ম্য়াচের আগে ফের পাকিস্তানে পৌঁছে যাওয়ার কথা ওয়ার্নারের ৷

